রাতেরবেলা যেখানে সেখানে ল্যান্ডিং করা কেন উচিত নয়
এরিয়া ৫১-এর গোপন বিমানঘাঁটিতে একদিন রাডার টেকনিশিয়ান লক্ষ্য করলেন যে, একটি সাধারণ এক ইঞ্জিনের প্লেন রানওয়েতে নামার প্রস্তুতি নিচ্ছে। প্লেনটি ল্যান্ড করার সাথে সাথেই সশস্ত্র প্রহরীরা সেটিকে ঘিরে ফেলল। প্লেনটি জব্দ করা হলো এবং পাইলটকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলো।
পাইলট দাবি করলেন যে, তিনি লাস ভেগাস থেকে উড়াল দিয়েছিলেন, কিন্তু পথ হারিয়ে ফেলেন। জ্বালানি প্রায় শেষ হয়ে আসায় সামনে যে রানওয়ে পেয়েছেন সেখানেই তিনি ল্যান্ড করেছেন। দীর্ঘ সময় ধরে ব্যাকগ্রাউন্ড চেক করার পর প্রমাণিত হলো যে সেই লোক কোনো স্পাই বা গোয়েন্দা নন। সিদ্ধান্ত হলো, পরদিন সকালেই তাকে ছেড়ে দেওয়া হবে।
তবে ছাড়ার আগে তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হলো, "আপনি এখানে কিছুই দেখেননি।" তাকে সাফ জানিয়ে দেওয়া হলো যে, কোনো অবস্থাতেই তিনি কাউকে বলতে পারবেন না তিনি কোথায় ছিলেন বা কী দেখেছেন। এরপর বিমান বাহিনী তার প্লেনে তেল ভরে দিল এবং লাস ভেগাসে ফেরার সঠিক ম্যাপ বুঝিয়ে দিয়ে তাকে বিদায় করল।
কিন্তু সেদিন বিকেলেই দেখা গেল, সেই একই প্লেন আবারও এরিয়া ৫১-এ নামার প্রস্তুতি নিচ্ছে! এবার প্লেনে দুইজন মানুষ বসা। ল্যান্ড করার সাথে সাথেই প্রহরীরা আবারও অস্ত্র নিয়ে প্লেনটিকে ঘিরে ধরল। প্লেন থামামাত্রই লোকটি লাফ দিয়ে নামলেন এবং চিৎকার করে বললেন:
"আপনারা আমার সাথে যা খুশি তা-ই করেন, কিন্তু দয়া করে আপনাদের মধ্যে কেউ অন্তত আমার স্ত্রীকে বলেন যে আমি গতরাতটা ঠিক কোথায় ছিলাম!"


পাঠকের মন্তব্য