তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর পরই ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন জনগনের হাতে। এরপর এক এক করে কৃষক কার্ড, ফুয়েল কার্ডও এসেছে। বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবালও এই পথ অনুসরন করে এনেছেন ক্যাপ্টেন্স কার্ড। ভবিষ্যতে আরও নানারকম কার্ড আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে।
এতগুলো কার্ড পেয়ে সাধারণ জনগন এখন দাবী তুলেছেন, সরকার থেকে এসব কার্ড রাখার জন্য ভালোমানের কার্ড হোল্ডারও বিনামূল্যে দেওয়া হোক। এই দাবীতে রাজুতে একটি ফেক সমাবেশ ডেকেছে কার্ডপ্রিয় জনতা সমিতি- কাজস। তাদের সভাপতি জনাব রিকার্ড ইসলাম তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী নানা সুবিধার জন্য কার্ড দিচ্ছেন, কিন্তু এই কার্ড রাখতে আমাদের বেশ অসুবিধা হচ্ছে। আমরা বিশ্বাস করি কার্ড দিয়েছেন যিনি, কার্ড হোল্ডারও দেবেন তিনি। তাই সরকারের কাছে আমাদেরকে কার্ড হোল্ডার দেওয়ার দাবী রেখে গেলাম।
এই সমাবেশে আরেকজন নেতা তার জ্বালাময়ী ভাষণে গরম কণ্ঠে বলেন, আমাদের আগে থেকেই আছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লাইনের গ্যাসের কার্ড, মেট্রোর কার্ড, ভোটার কার্ড, আইডি কার্ড। তার ওপর এখন আরও ৫-৭টা কার্ড যোগ হচ্ছে। এত কার্ড আমরা কোথায় রাখব? আমাদেরকে কার্ড হোল্ডার কে দেবে? সরকারের কার্ড আনার আগেই এ কথা ভাবা উচিত ছিল! আমাদের কেন কার্ড হোল্ডারের জন্য রাস্তায় নামতে হবে?
এই সভার একজন সাধারণ নাগরিক আমাদেরকে জানান, সরকার কার্ড হোল্ডার দিলে যেন একটু ভালো মানের দেন। এক্ষেত্রে ভোটাভুটিরও আয়োজন করা যেতে পারে এটা জানার জন্য যে, কোন ব্রান্ডের কার্ড হোল্ডার জনগন বেশি পছন্দ করে। আমরা তার পছন্দের কার্ড হোল্ডারের ব্র্যান্ড জানতে চাইলে তিনি জানান, এক্ষেত্রে তিনি গুচি ব্র্যান্ডেরটাকেই এগিয়ে রাখবেন।


