চলছে মধুমাস। আম, জাম, কাঁঠাল, লিচুর মেলা চারিদিকে। তবে এর মধ্যে অল্প সময় বাজারে পাওয়া যায় আর সবার প্রিয় লিচু কেনাটা যেন এক অ্যাডভেঞ্চারাস বিষয়। শুধু অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা তা-ও না, জাদুকরীও বটে! লিচু-মামা যখন দোকানে গোনে তখন কাঁটায় কাঁটায় ১০০টাই থাকে। কমও না বেশিও না। এদিকে বাসার আনার পর কোনোভাবেই ১০০ লিচুর হিসাব মেলে না। কারোই মেলে না!
এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে নাইন মিনিটস স্কুল। তারা চালু করতে যাচ্ছে একটি ইন্টারেক্টিভ কোর্স যার নাম লিচু গুনি সহজে! নাইন মিনিটস স্কুলের একটি অবিশ্বস্ত সূত্র জানিয়েছে, এই কোর্সে শেখানো হবে কীভাবে লিচু গোনা শুরু করতে হবে, লিচুর কোথায় ধরতে হবে। কীভাবে একদম নির্ভুলভাবে লিচু গোনা যাবে এগুলো অত্যন্ত যত্নের সাথে শেখানো হবে। এছাড়া মামাদের সামনে গোনার পর কম পড়লে, তারা আরও লিচু যোগ করলে সেগুলোও গুনে আগের লিচুর সাথে সমন্বয় করে কীভাবে ১০০টা লিচুই আনবেন তা-ও শেখানো হবে।
আরও জানা গেছে, কোর্সে থাকবে ‘লাইভ লিচু বাজার সিমুলেশন’। যেখানে কৃত্রিমভাবে তৈরি ‘লিচু মামা’রা শিক্ষার্থীদের সামনে দ্রুত গতিতে লিচু গুনবেন এবং শিক্ষার্থীদের নির্ভুলভাবে তা ধরে সার্টিফিকেট অর্জন করতে হবে। কোর্সের প্রোমো কোড হিসেবে ‘LITCHU420’ ব্যবহার করলে মিলতে পারে বিশেষ ছাড়।
এই যুগান্তকারী কোর্সটির ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। বিশেষ করে প্রতিবছর লিচু কিনে প্রতারিত হওয়া ‘১০০ লিচুতে ৮০টা পাওয়া’ ভুক্তভোগী ফোরামের সদস্যরা ১০ মিনিটস স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
আমাদের সাথে কথা হলে একজন ভুক্তভোগী বলেন, লিচু কিনে নিয়ে বাড়ি গেলেই বউ গুনে দেখে কম! এই পর্যন্ত দোকানে ১০০বার গুনে নিয়েও কখনোই ১০০ লিচু পাইনি! আজও জোর গলায় বলতে পারি না যে এখানে ১০০ লিচুই আছে! আশ্চর্যজনকভাবে বাসায় গেলেই লিচু কম পড়ে! আমার এই ঝামেলা বুঝি শেষ হতে যাচ্ছে। এখন থেকে আমিও গলা উঁচু করে বলতে পারব, ১০০ লিচুই আনছি!


