মন্ত্রীত্ব ছাড়ার পর এখন গুলিস্তানে তেলাপোকা মারার বিষ বেচার পরিকল্পনা ধর্মেন্দ্র প্রধানের 

৩২ পঠিত ... ১৬ ঘন্টা ১১ মিনিট আগে

ভারতে প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীদের ককরোচ জনতা পার্টির অনড় অবস্থানের কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধাণ। ককরোচ জনতা পার্টির এই আন্দোলন নানাভাবে ঠেকানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় ধর্মেন্দ্র বেশ অভিমান করেছেন।

আমাদের সাথে একটি ফেক ফোনকলে তিনি জানিয়েছেন, কয়টা তেলাপোকার জন্য আজ আমার পদত্যাগ করতে হলো এটা আমি ভাবতেই পারছি না! আগে জানলে এই তেলাপোকার দলকে আগেই বিষ খাওয়াইয়া মাইরা ফেলতাম।

মন্ত্রীত্ব ছাড়ার পর নতুন করে জীবন শুরু করবেন বলেও জানিয়েছেন ধর্মেন্দ্র। জানা গেছে গুলিস্তানে তেলাপোকার বিষ বিক্রি করার ব্যবসা শুরু করবেন তিনি। আমাদেরকে একটি ফেক আইডি থেকে ধর্মেন্দ্র বলেন, তেলাপোকারা আমার জীবনটা তছনছ করে দিছে। জীবনে যেখানেই যাব এই তেলাপোকাদের আমি ভুলব না! এই পৃথিবীকে একদিন তেলাপোকা মুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ!

মোদির প্রতি কিছুটা ক্ষোভ দেখিয়ে ধর্মেন্দ্র বলেন, এই মোদিরে আমি ভাই ভাবছিলাম! ওয় এখন তেলাপোকাদের ফ্রেন্ড কইয়া ইনস্টাগ্রাম ভিডিও দেয়। আমারে পদত্যাগ করতে বলে। ও নিজেও একটা তেলাপোকা। গুপ্ত তেলাপোকা। ওকেও আমি ছাড়ছি না।

বিশ্বের মানুষদের তেলাপোকা থেকে সাবধান থাকার আহবান জানিয়ে ধর্মেন্দ্র বলেন, খুবই খতরনাক জিনিস এই তেলাপোকা। কাউকে একবার ধরলে একদম শেষ কইরা ছাড়ে। মেয়েরা তো এমনি এমনি তেলাপোকাকে ভয় না! কারণ আছে।

ধর্মেন্দ্র জানান, তার কাছ থেকে তেলাপোকার ঔষধ কিনলে ৫০% ডিসকাউন্ট দেওয়া হবে। কারও কাছে টাকা না থাকলে এই ঔষধ ফ্রিতে দেয়া হবে। তবুও তেলাপোকার বংশকে নির্বংশ করে ছাড়বেন তিনি।

৩২ পঠিত ... ১৬ ঘন্টা ১১ মিনিট আগে

Top