ঘটনাটা ২০২৬ সালের ১৩ জুলাইয়ের কাছাকাছি সময়ের।
সেদিন মগবাজারের একটি বাসায় অভিযান চালিয়ে গোপন কক্ষে এক প্রভাবশালী রাজনীতিবিদকে এক তরুণীর সঙ্গে পাওয়া যায়। পুরো ঘটনাটি সিসি ক্যামেরা ও হ্যান্ডহেল্ড ক্যামেরায় ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায়, জিজ্ঞাসাবাদের সময় তিনি প্রথমে তরুণীকে নিজের আত্মীয় বলে পরিচয় দেন। পরে সমালোচনা বাড়তে থাকলে দাবি করেন, তিনি নাকি তার দ্বিতীয় স্ত্রী। এই দুই ভিন্ন বক্তব্যই মুহূর্তেই প্রশ্ন তুলে দেয় তার সততা আর এতদিনের নৈতিকতার বক্তৃতার ওপর।
ভিডিওতে আরও দেখা যায়, তিনি নিজেকে বাঁচাতে একের পর এক ব্যাখ্যা আর অজুহাত দিচ্ছেন। অন্যদিকে, চাকরির সুপারিশের আশায় সেখানে যাওয়া সেই তরুণী প্রায় নির্বাক। ক্ষমতার এই জটিল হিসাব-নিকাশ বোঝার মতো অবস্থায় তো তিনি ছিলেন না।
কিন্তু যখন সেই ভিডিও মানুষের হাতে হাতে, ফোনে ফোনে ছড়িয়ে পড়ল, তখন সবচেয়ে বেশি ক্ষতি হলো কার?
ক্ষমতাধর রাজনীতিবিদ হয়তো নিজের প্রভাব, পরিচয় আর গল্প বানানোর ক্ষমতা দিয়ে পরিস্থিতি সামলে নেবেন। কিন্তু মেয়েটির কপালে জুটল সামাজিক বিচার, অপমান আর ট্রোলের ঝড়। যে বয়সে তার পড়াশোনা করার কথা, নিজের ক্যারিয়ার গড়ার কথা, সেই বয়সেই সে এমন একটি ঘটনার মুখ হয়ে গেল, যার ছাপ হয়তো তাকে সারা জীবন বহন করতে হবে। ক্ষমতা আর অন্ধবিশ্বাসের ফাঁদে আটকে পড়া একটি তরুণীর এই অসহায়ত্ব সত্যিই কষ্ট দেয়।
আরেকবার ভাবুন সাতক্ষীরার সেই প্রথম স্ত্রীর কথাও।
শ্যামনগরের এক সাধারণ গৃহবধূ। সারা জীবন সংসার করেছেন, স্বামীকে বিশ্বাস করেছেন। হঠাৎ একদিন দেশের লাখো মানুষের মতো তিনিও জানতে পারলেন, ধর্মের কথা বলা সেই স্বামী মগবাজারের একটি ফ্ল্যাটে অন্য এক তরুণীকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তখন তার মনের অবস্থাটা কেমন ছিল, সেটা কি আমরা সত্যিই কল্পনা করতে পারি?
কিন্তু আমাদের সমাজটা এমনই।
স্বামীর প্রতারণা জেনেও কি তিনি নিজের মতো করে প্রতিবাদ করতে পেরেছিলেন? কান্না করতে পেরেছিলেন? নিজের ক্ষোভ প্রকাশ করতে পেরেছিলেন?
না।
বরং সামাজিক চাপ, লোকলজ্জা আর সংসার টিকিয়ে রাখার দায়ে তাকেই সামনে এসে বলতে হলো, "হ্যাঁ, দ্বিতীয় বিয়ে হয়েছে, আমার অনুমতিতেই হয়েছে।"
ভাবুন তো, একজন সাধারণ গ্রামীণ নারীকে এমন একটি অবস্থায় দাঁড় করানো হলো, যেখানে তাকে নিজের অনুভূতির বিরুদ্ধেই এমন একটি কথা বলতে হলো, যা হয়তো তিনি কখনোই বলতে চাইতেন না। যাকে সারা জীবন বিশ্বাস করেছিলেন, শেষ পর্যন্ত তাকেই বাঁচাতে গিয়ে নিজের আত্মসম্মানকেই বিসর্জন দিতে হলো।
এমন ঘটনা অবশ্য নতুন নয়।
এর আগেও আমেনা তৈয়বের ঘটনাতেও আমরা প্রায় একই দৃশ্য দেখেছি। রিসোর্টে স্বামীকে হাতেনাতে ধরার পরও তাকেই শুনতে হয়েছিল, বাসায় গিয়ে বুঝিয়ে বলছি।
ধর্মের মুখোশ পরে থাকা কিংবা ক্ষমতার আড়ালে থাকা সুবিধাবাদী পুরুষেরা কেন বারবার নারীদের আর্থিকভাবে নির্ভরশীল, অশিক্ষিত কিংবা চার দেয়ালের ভেতর আটকে রাখতে চায়—কারণটা খুব কঠিন নয়।
কারণ একজন নারী যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, নিজের আইনি অধিকার সম্পর্কে সচেতন হন, তাহলে কি তিনি এমন অপমানের পরও কারও হয়ে মিথ্যা বলতে বাধ্য হতেন?
খুব সম্ভবত না।
মগবাজারের সেই তরুণী আর সাতক্ষীরার প্রথম স্ত্রী—দুজনের গল্প আলাদা, কিন্তু শেষ পর্যন্ত তারা দুজনই একই ব্যবস্থার শিকার। একজন জড়িয়ে পড়েছেন ক্ষমতার প্রভাব আর জীবিকার অনিশ্চয়তায়, আরেকজন আটকে গেছেন দীর্ঘদিনের সংসার, সামাজিক চাপ আর লোকলজ্জার বেড়াজালে।
শেষ পর্যন্ত সবচেয়ে বড় মূল্যটা কিন্তু ওই দুই নারীই দিচ্ছেন।
আর ক্ষমতাবান মানুষটি? নতুন নতুন ব্যাখ্যা দেবেন, ধর্মের কথা বলবেন, প্রভাব খাটাবেন, তারপর হয়তো আবারও স্বাভাবিক জীবনেই ফিরে যাবেন।



পাঠকের মন্তব্য