সামনে বড় বড় পরীক্ষা দিতে হবে। তবে টেস্ট পেপারে চোখ বুলালে কিছু প্রশ্ন অন্তত কমন পড়ার কথা। ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের জন্য টেস্ট পেপার থেকে কিছু সাজেশন তুলে দিচ্ছি:
১. রমজান শুরু হচ্ছে। ২–১ সপ্তাহের মধ্যেই ঢাকা কলেজ আর নিউ মার্কেটের মধ্যে মহা সমারোহে একটা তুমুল মারামারি হওয়ার কথা। এই ‘প্রশ্ন’ বিগত কয়েক বছরেই বেশ আলোচিত ছিল।
২. রোজায় যে কোনো একটা পণ্য সুপারস্টার খেতাব পাবে। মরিচ থেকে শুরু করে মুরগি, যেকোনো কিছু হতে পারে।
৩. ঈদের এক সপ্তাহ আগে আমরা আচমকা জানতে পারব, আমাদের দেশের গার্মেন্টস মালিকেরা অত্যন্ত দরিদ্র। টাকার অভাবে তাঁরা কর্মচারীদের বেতন দিতে পারছেন না।
৪. ‘ঈদ’ চ্যাপ্টার থেকে আরও একটা প্রশ্ন সবসময় আসে। বাসের ভাড়া হঠাৎ বেড়ে যায়। ভ্রাম্যমান আদালত–পুলিশ ধরপাকড় শুরু করলে তখন আবার বাস মালিকেরা আন্দোলন শুরু করে। ঈদের আগে কোনো এক ব্যস্ততম দিনে দেখা যাবে মহাখালির রাস্তা বন্ধ করে কোনো একটা বাস আড়াআড়ি দাঁড়িয়ে আছে।
৫. যেহেতু অনেকদিন বৃষ্টি হয় না, অবধারিতভাবেই সুয়ারেজ লাইনগুলোর ভেতর কঠিন গিট্টু লেগে গেছে। একদিন ঝুম বৃষ্টি নামবে। ঢাকা–চট্টগ্রাম ডুবে যাবে।
সরকারের জন্য দুঃসংবাদ হলো, পরীক্ষায় এই প্রশ্নগুলোই তুলনামূলক সবচেয়ে সহজ। পদে পদে অসংখ্য পপ কুইজ ওঁত পেতে আছে। প্রায়ই দেখা যাবে ‘সাধারণ শিক্ষার্থীরা’ অমুক তমুক দাবিতে পথে নেমে আসছে। পপ কুইজ কীভাবে সামাল দেবেন জানি না। অন্তত সহজ–কমন প্রশ্নগুলোর উত্তর একটু ঠিকঠাকভাবে দিয়েন প্লিজ।

