তেলের দাম বাড়ায় বিপাকে তেলবাজরা, বললেন ব্যবসায় লালবাত্তি

১০ পঠিত ... ১ ঘন্টা ৩১ মিনিট আগে

 


লিটারে ২০ টাকা করে বেড়েছে গাড়ির জ্বালানি তেলের দাম। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও নতুন এক কাল্পনিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও ভয়াবহ এক তথ্য, তেলের দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দেশের আপামর তেলবাজ সমাজ। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন পর্যায়ের নেতা, বস, বড় ভাই ও ক্ষমতাবান ব্যক্তিদের নিয়মিত তেল দিয়ে আসা এই পেশাজীবীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে তাদের নিজেদের ব্যবসাতেই এখন লালবাতি জ্বলছে।

রাজধানীর একটি পেট্রল পাম্পে দাঁড়িয়ে তেল নিতে থাকা এক তেলবাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার অভাবের এই দিনে আমাদের পেটে এভাবে লাথি না মারলেও পারতেন। এইটা তো আমাদের রুটি-রুজি। এখন তেলের দাম বাড়ায় নেতাকে ঠিকভাবে তেল মারতে পারব কীভাবে? তিনি জানান, আগে এক লিটার তেল কিনে নেতার কাছে গিয়ে ঘণ্টাখানেক প্রশংসা করা গেলেও এখন সেই একই টাকায় তেলের পরিমাণ কমে গেছে। ফলে নেতার প্রশংসায়ও কাটছাঁট করতে হচ্ছে।

এদিকে তেলবাজ সমিতির এক কাল্পনিক মুখপাত্র জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে তারা শিগগিরই মানববন্ধনের পাশাপাশি ‘তেলবন্ধন’ কর্মসূচি পালন করবেন। পাশাপাশি তেলবাজদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তারা বিকল্প জ্বালানি হিসেবে ‘প্রশংসা’, ‘চাটুকারিতা’ ও ‘স্যার স্যার’ ব্যবহারের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হবেন।

তবে অর্থনীতিবিদদের মতে, এতে দেশের সামগ্রিক তেল সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে। কারণ দীর্ঘদিন ধরে দেশে যে পরিমাণ তেল মারা হয়েছে, তার ওপরই অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তির কার্যক্রম নির্ভরশীল। সবশেষে পাম্প থেকে বের হওয়ার সময় ওই তেলবাজকে বেশ চিন্তিত দেখা যায় এবং তাকে অন্য আরেক তেলবাজকে বলতে শোনা যায়, তেলের দাম বাড়লেও নেতার নেতার তেলের চাহিদা তো আর কমে নাই, তাই আগে তেল মারতাম লিটারে, আর এখন মারতে হইবো মিলিলিটারে, এটাই বাস্তব।

১০ পঠিত ... ১ ঘন্টা ৩১ মিনিট আগে

Top