গরুর মাংস খাওয়ার তালিকায় দেশ হিসেবে প্রথমদিকে থাকার জন্য জিন্নাহকে ধন্যবাদ দিলো আর্জেন্টাইনরা

৩৮ পঠিত ... ২২ ঘন্টা ১৯ মিনিট আগে

 

 

গরুর মাংস খাওয়ার জন্য বিশ্বজুড়ে বেশ সুখ্যাতি রয়েছে আর্জেন্টাইনদের। গরুর মাংস খাওয়ার তালিকায় দেশ হিসেবে তাদের অবস্থানও বেশ ওপরের দিকে। তবে এবার গরুর মাংস খাওয়ার কারণে নয়, বরং এর কৃতিত্ব কাকে দেওয়া উচিত, তা নিয়েই আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি আর্জেন্টিনার বিভিন্ন শহরে দেখা গেছে, দলবেঁধে মানুষ পাকিস্তানের সাবেক নেতা মুহাম্মদ আলী জিন্নাহকে ধন্যবাদ জানাচ্ছেন। কেন ধন্যবাদ জানাচ্ছেন, এমন প্রশ্ন করলে অবশ্য অধিকাংশ আর্জেন্টাইনই কোনো সুস্পষ্ট উত্তর দিতে পারেননি।

ভাঙা বাংলায় এক আর্জেন্টাইন বলেন, হামাদের ব্রাদার কান্ট্রি ব্যাংলাদেশ। ব্যাংলাদেশের সবাই গরুর মাংস খাওয়ার জন্য ঝিন্নাহ স্যারকে থ্যাংকস জানায়। তাহলে নিশ্চয়ই ঝিন্নাহ স্যার গরুর মাংসের মানউন্নয়নে কিছু একটা করেছিল। নাহলে এত মানুষ উনাকে থ্যাংকস দেবে কেন? ব্যাংলাদেশ আমাদের ব্রো কান্ট্রি, তাই ব্রোদের ফলো করে আমরাও থ্যাংকস দিচ্ছি। আরেক আর্জেন্টাইন জানান, তিনি জিন্নাহর কোনো কাজ সম্পর্কে বিস্তারিত জানেন না। তবে, বাংলাদেশের মানুষ যখন জানে, তখন নিশ্চয়ই কিছু একটা আছে। এই যুক্তিতেই তিনি জিন্নাহকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে আর্জেন্টিনা থেকে হঠাৎ করে হাজার হাজার ধন্যবাদ পেয়ে রীতিমতো বিভ্রান্ত জিন্নাহ সাহেবও। বিষয়টি পরিষ্কার করতে বিশেষ ব্যবস্থায় তাকে প্ল্যানচেটের মাধ্যমে নামিয়ে আনা হয়। কী কারণে এত ধন্যবাদ পাচ্ছেন, জানতে চাইলে কিছুক্ষণ চুপ থেকে মতি মিয়া স্টাইলে জিন্নাহ বলেন, কী জন্য থ্যাংকিউ দিলো, কিছুই তো বুঝলাম না। প্ল্যানচেট পরিচালনাকারীরা বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করলে জিন্নাহ আরও বিভ্রান্ত হয়ে বলেন, গরুর মাংসের সঙ্গে আমার কী সম্পর্ক ভাই, আমি তো গরুর খামারি না? ইতিহাসে আমার নামে অনেক কিছুই শুনেছি, কিন্তু আর্জেন্টিনার গরুর মাংসের বিলও যে একদিন আমার ঘাড়ে আসবে, এটা জানা ছিল না।

এদিকে ঘটনাটিকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। তাদের মতে, ইতিহাস সম্পর্কে কিছু না জেনেও কাউকে ধন্যবাদ দেওয়ার এই অভ্যাস দুই দেশের বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে ইতিহাসবিদদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আর্জেন্টিনার গরুর সংখ্যা কমে গেলেও তার দায় জিন্নাহর ওপর দেওয়া হতে পারে।

৩৮ পঠিত ... ২২ ঘন্টা ১৯ মিনিট আগে

Top