সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ফোনকলের খবর। বলা হচ্ছে, ব্রিকস সম্মেলন চলাকালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হাসিনার সঙ্গে প্রায় ২০ মিনিট কথা বলেছেন। যদিও এই ফোনকলের কোনো প্রমাণ নেই। তবে এই ফোনালাপের আলোচনায় বেশ খুশি হয়েছে আপার ফ্যানরা।
এই ফ্যানক্লাবের এক সদস্য গোপন এক ফেক ফোনালাপে আমাদের জানান, ফেক হোক আর রিয়েল, আপার সঙ্গে পুতিন ভাইয়ের কথা হয়েছে, এটাই তো পরম সৌভাগ্য আমাদের। শুনলেই শান্তি লাগে!
আরেক একনিষ্ঠ সদস্য একটি অতি-গোপন এবং শতভাগ ফেক অডিও মারফত জানান, ভাইরে ভাই, পুতিন ভাইয়ের সঙ্গে আপার কথা হইছে কি হয় নাই, হ্যাকাররা ফাঁস করছে, না অলৌকিক কোনো সূত্রে পাওয়া গেছে, ওসব দিয়া আমরা কী করব? কথা যে শুনতে পাইতেছি, এতেই তো শান্তি! এবার শুধু একটাই চাওয়া, ট্রাম্প সাহেবের সঙ্গেও যাতে দ্রুত একটা ফেক ফোনালাপ ভাইরাল করে দেওয়া হয়। খবর সত্যি হওয়া জরুরি না, খবর শুনে কলিজা ঠান্ডা হওয়াটাই জরুরি!
এদিকে আপা ফ্যানক্লাবের নাম প্রকাশে অনিচ্ছুক এক এডিটর জানান, ট্রাম্প ভাইয়ের সঙ্গে ফোনালাপের স্ক্রিপ্ট অলরেডি রেডি। ট্রাম্প ভাই বলবেন, হ্যালো আপা, হাউ ইজ ঢাকা? আর ওপাশ থেকে উত্তর আসবে, আই এম ফাইন, বাট অপজিশন ইজ ভেরি ব্যাড! এই অডিও রিলিজ হলে অডিয়েন্সের কানে যে লেভেলের তৃপ্তি নামবে, তা ভাষায় প্রকাশ করার মতো না।
ফ্যানক্লাবের সাধারণ সম্পাদক দীর্ঘশ্বাস ফেলে বলেন, সত্য খবর শুনে মন খারাপ করার চেয়ে, নিজের মতো বানিয়ে নেওয়া ফেক খবর শুনে শান্তিতে ঘুমানো অনেক ভালো। পরবর্তী ফেক কল না আসা পর্যন্ত আমরা রিফ্রেশ বাটন চেপে অপেক্ষা করছি!


