সম্প্রতি বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সরকারি কর্মকর্তারা অধিকাংশই চোর। এ বক্তব্য নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। আর খবরটি নজর কেড়েছে নিখিল বঙ্গ চোর সমাজ কমিটি (নিবচোসক)-এর। তারা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আমাদের সঙ্গে একটি ফেক ফোনকলে তাদের কমিটির উপপরিচালক তেল নয়ন বলেন, দেখেন, কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা। এই বিদ্যা যার-তার হয় না। এলেম লাগে। সরকারি কর্মকর্তাদের কি এই এলেম আছে? তারা তো মাঝেমধ্যেই ধরা খায়! তাছাড়া তাদের মতো আমরা বসে বসে ইনকাম করি না। আমরা যেটুকু আয়-রোজগার করি, তা গা খাটিয়ে, মাথা খাটিয়েই করি।
ফোন কেড়ে নিয়ে এই কমিটির আরেকজন উত্তেজিত সদস্য বলেন, আমাদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের তুলনা করা একদমই উচিত হয়নি! আমরা হাজার বছর ধরে এই লাইনে আছি। বুদ্ধি খাটিয়ে নিত্যনতুন উপায় বের করি। সরকারি কর্মকর্তারা এত কাজ করে, বলেন? আমরা এই তুলনার প্রতিবাদ জানাই। আমরা খুব তাড়াতাড়ি সংবাদ সম্মেলন করব এ বিষয়ে!
কমিটির পক্ষ থেকে শেষ বার্তা দেওয়া হয়, অনতিবিলম্বে সরকারি কর্মকর্তাদের সঙ্গে চোরদের তুলনা করা এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। তা না হলে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী সব সরকারি কর্মকর্তার বাসভবনে চুরি করা বয়কট করার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে নিখিল বঙ্গ চোর সমাজ কমিটি।


