আসিফ নজরুলের ছোট বাচ্চার পালিত ছাগল চুরি করা নিয়ে নানান বিতর্ক হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। নাসীর পাটওয়ারী নিজেও এক টকশোতে ছাগল চুরির ঘটনা স্বীকার করেছেন। খালেদ মহিউদ্দিনের টকশোতে আসিফ নজরুলও এই ছাগল চুরির ঘটনাকে হৃদয়বিদারক দাবি করেছেন। তিনি জানান, এই ছাগলটা তাঁর ছোট কন্যাসন্তানের পোষা ছাগল ছিল। ছাগলটা চুরি হওয়ার পর বাচ্চাটি বেশ ট্রমাটাইজড হয়ে যায়। পোষা প্রাণী হারিয়ে গেলে যা হওয়াই স্বাভাবিক।
কিন্তু এই ঘটনার জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী কালবেলাকে বলেন, যারা ছাগল চুরি করেছে, তাদের উচিত আরও ছাগল চুরি করা। সুযোগ পেলে আরও ছাগল চুরি করা হবে বলেও জানান তিনি।
জানা গেছে, পাটওয়ারীর এই নির্দেশ বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন এনসিপির সব নেতাকর্মী। জানা গেছে, ইতোমধ্যে তারা দড়ি নিয়ে ছাগলের সন্ধানে বের হয়ে গেছেন। দড়ি হাতে ছাগলের সন্ধান করা এক এনসিপি কর্মী বলেন, ভাইয়ের নির্দেশ শিরোধার্য। ছাগল চুরিই এখন আমাদের নতুন বন্দোবস্ত। ছাগল চুরি করব, রান্না করে খাব। এভাবেই একদিন বাংলাদেশকে আমরা ছাগলমুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সকল ছাগলের মালিককে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। তারা জানান, ছাগল থাকলে সেটাকে ঘরে রাখুন। আশপাশে এনসিপির ছাগলচোরেরা ঘোরাঘুরি করছে। আপনার ছাগল চুরি হলে আমরা দায়ী থাকব না। এনসিপিকে নজরে রাখুন, নিজেদের ছাগল রক্ষা করুন।


