জামাইয়ের থেইকা আমার ইনকাম বেশি, এই খুঁত আমি রাখমু কই?

০ পঠিত ০ ... ১৮ মিনিট আগে

১.

পাশের বাসায় ভয়ানক ঝগড়া চলছে! রাত বাজে আড়াইটা! ঝগড়ার শব্দে আমার চার বছরের পুত্র কড়াইয়ে দেয়া পপকর্নের মতো ফুটছে! ঘুমের বালাই নেই চোখে। বাধ্য হয়ে আমি জানালা বন্ধ করতে গেলাম। কিন্তু গিয়ে তাদের ঝগড়ার বিষয়বস্তু শুনে ফেললাম! স্বামী স্ত্রীকে বলছেন,

আমার চেয়ে কয়ডা টাকা বেশি ইনকাম করে সাপের পাঁচ পা দেখছস তুই! সংসার আর তোর ভাল্লাগে না! তোর এখন খালি টাকা ভাল্লাগে! আমার পোলাপান গোল্লায় যাক এই বা*লের চাকরি তোর করাই লাগব!

স্ত্রীও পালটা চেঁচাচ্ছেন,

তুমিও বেশি ইনকাম কর! তোমারে ঠেকাইছে কে? আমি বেশি ইনকাম করি এই জ্বালাতেই তুমি পুইড়া কয়লা! সংসার আমার- তোমার না? পোলাপান আমার- তোমার না? সেই জায়গায় তো একচুল হেল্প তুমি করো না! সংসার-পোলাপান সামলায়েই আমি চাকরি করি! তাও কথা ফুরায় না!

এর মধ্যেই মহিলার শাশুড়ির গলা শুনতে পেলাম,

মুখে মুখে তর্ক কইরো না, বউমা! তোমারে আগেই বলছিলাম এই চাকরি নিয়ো না! যেই সংসারে জামাইয়ের থেইকা বউয়ের ইনকাম বেশি সেই সংসারে বরকত থাকে না! এখন ফলছে আমার কথা?

মহিলার গলা আর পেলাম না। সম্ভবত, শক্তিশালী অপোনেন্টের বিরুদ্ধে কুলাতে পারবেন না বলেই চুপ করে গেলেন! অথবা হয়ত ভাবলেন, এই ঝগড়ার কোনো সলিউশন নেই!

এই ফ্যামিলিটাকে আমি চিনি। বেশ কিছু বছর পাশাপাশি আছি আমরা। লোকটি ব্যাংক জব করেন, আর তার স্ত্রী কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন। তাদের অর্থনৈতিক অবস্থা ভালো! কিন্তু ঝগড়া হতেই থাকে! এর মেইন কারন, স্ত্রী স্বামীর চেয়ে বেশি আয় করেন!

২.

আমাদের সমাজে এই ছবিটা খুবই কমন। আজকের যুগে মেয়েরাও উচ্চশিক্ষায় শিক্ষিত, তাই তাদের টার্গেট থাকে নিজের আলাদা একটা পরিচয় তৈরি করার।  স্বপ্ন থাকে নিজের ক্যারিয়ার গঠনের। বিবিএসের ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, বাংলাদেশে কর্মজীবি নারীর সংখ্যা প্রায় ১৮ লাখ থেকে ২৩ লাখের কাছাকাছি!

এই ওয়ার্কিং লেডিদের মধ্যে ৭০-৭৫% বিবাহিত। তারমানে কর্মজীবী নারীদের প্রায় সবাই সংসার-সন্তান সামলেই কাজের ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করেন। এদের মধ্যে কেউ ফ্যামিলির হেল্প পান, কেউ পান না।

এখন এসব ব্যাপার সাইডে রেখে দেই। কথা বলি অন্য টপিকে। নিজ কর্মক্ষেত্রে একজন পুরুষ যেমন এমপ্লয়ি ঠিক তেমনি নারীও এমপ্লয়ি। নারী তার বায়োলজিকাল নানা কারনে হয়ত পুরুষের তুলনায় অনেক ছাড় পেয়ে থাকেন কিন্তু দিনশেষে তাকেও নিজের পুরো দায়িত্বটুকু পালন করতে হয়। তার সক্ষমতার ওপর ভিত্তি করে তার আপগ্রেডেশন হয়, প্রমোশন হয়, স্যালারি বাড়ে- ঠিক তার পুরুষ সহকর্মীর মতই।

এখন, একটা সংসারে হাজব্যান্ড-ওয়াইফ দুজনই জব করেন। নিজ নিজ যোগ্যতার ভিত্তিতেই তারা জব পেয়েছেন, করছেন, স্যালারি নিচ্ছেন। তাহলে, স্বামীর চেয়ে স্ত্রীর স্যালারি যদি বেশি হয়, তাতে সংসারে সমস্যা হচ্ছে কেন? শুধু সংসারই নয়, সমাজও নারীর বেশি আয় মেনে নিতে রাজি নয়!

আজকের সমাজে পুরুষের চেয়ে নারীর বেশি আয় তাদেরকে সমাজ-সংসারের চক্ষুশূল করেছে। কিন্তু পৃথিবীর শুরু থেকেই কি ব্যাপারটা এমন ছিলো? 

প্রাচীন পশুশিকার সময়ের ব্যাপারে নৃতাত্ত্বিকগন বলছেন, শিকারি-সংগ্রাহক সমাজে নারীরা কেবল সহায়ক ছিলেন না, বরং গোষ্ঠীর টিকে থাকার মূল অর্থনৈতিক স্তম্ভ ছিলেন। ডেইলি ক্যালরির ৬০% থেকে ৮০% আসত নারীদের কালেক্ট করা ফলমূল, শিকড়, বাদাম ও ছোট প্রাণী থেকে। পুরুষদের বড় পশু শিকার তো আর সবসময় হতো না। বহুদিন খালি হাতেও ফিরতে হতো। কিন্তু নারীদের সংগ্রহ করা খাবার ছিল প্রতিদিনের নিশ্চিত আয়। তাছাড়াও নারীরা বড় পশুশিকারেও অংশ নিতেন। (Richard B. Lee- Man the Hunter সিম্পোজিয়াম, Randall Haas et al., 2020, Science Advances- Female hunters of the early Americas)

এরপর মানুষ একজায়গায় থিতু হলো। কৃষিকাজ শুরু হলো।  সেসময়ও বীজ বোনা, নিড়ানি দেওয়া, ফসল তোলা, শস্য মাড়াই, রান্না আর সন্তান সামলানো- এসব সব কাজই  নারীরা করতেন। কিন্তু যখন প্রশ্ন এলো জমির মালিকানার, তখন থেকেই সম্পদ আর কর্তৃত্ব দুটোই পুরুষের হাতে চলে যেতে শুরু করল। ধীরে ধীরে নারীর অর্থনৈতিক স্বাধীনতাও কমতে শুরু করলো।

এরপরের পারিবারিক ব্যবসা ও কারুশিল্পের যুগে মেয়েদের প্রচন্ড পরিশ্রমও পরিবারের কাজ হিসেবেই দেখা হতে লাগলো। এরপরের ভাগ শিল্পায়ন। সেসময় একদিকে মেয়েরা অল্প মজুরিতে কল-কারখানায় কাজ করতে শুরু করল, আবার অন্যদিকে যেসব ফ্যামিলি একটু সচ্ছল হয়ে উঠল তারাই সোশ্যাল স্ট্যাটাসের নাম করে মেয়েদের আটকে দিলো ঘরে!

পুরুষ বাইরে গিয়ে টাকা আনবে, আর নারী ঘর সামলাবে- এই সিস্টেম চালু হয়ে গেলো। নারীর আবার আলাদা কী? সবকিছুর মত সেও তো পুরুষের সম্পত্তি!

ঘরের ভেতরে রান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা আর বাচ্চা পালন-এগুলো কোনো কাজ হিসেবেই ধরা হলো না। বাইরে টাকা আনাটাই হয়ে উঠল 'কাজ'। কিন্তু সেটাও মেয়েদের জন্য না।

এরপর আবার আধুনিক সমাজের পেশাগুলোতে নারীরা নিজেদের যোগ্যতায় ঢুকতে শুরু করল। কিন্তু পুরুষ তথা সমাজের মেন্টালিটি রয়েই গেলো যে নারী থাকবে পুরুষের আন্ডারে। তাই তার সবকিছু হতে হবে পুরুষের চেয়ে কম!

৩.

কাজটা নারী সবসময়ই করছে, বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষের চেয়ে বেশিই করেছে এবং করছে। সমস্যাটা বেধেছে মজুরি হিসেবে টাকা আসার ব্যাপারে। নারীর ইনকাম পুরুষের চেয়ে কম হবে- এই মেন্টালিটিও আকাশ থেকে পড়েনি; এর পেছনে শতাব্দীর পর শতাব্দী ধরে জমে ওঠা সম্পত্তির হিসাব, কাজের ভাগ, সামাজিক মর্যাদার ছক এবং অভ্যাসের গল্প আছে।

প্রাচীন সমাজে কিছু জমা করার উপায় ছিলো না, তাই কে বেশি কে কম এই ধারনাটাই ছিলো না। কৃষিসমাজে আস্তে আস্তে সম্পত্তির মালিকানা ও উত্তরাধিকারের নিয়মগুলো এমনভাবে তৈরি হলো, যাতে সম্পদ এক পুরুষ থেকে আরেক পুরুষের হাতে যায়।

যার হাতে সম্পদ ও অর্থের নিয়ন্ত্রণ, সমাজে তার কথার ওজন ও ডিসিশন টেকিংয়ের ক্ষমতাও বেশি হয়ে দাঁড়াল। এখান থেকেই ইনকামের সাথে এক সুতোয় গাথা হলো পাওয়ার! 

এই পাওয়ারকে ধরে রাখতেই মেয়েদের কাজগুলোর যেমন- রান্না, বাচ্চাপালন, বয়স্কদের দেখাশোনা কোনো বাজারমুল্য রাখা হলো না। তাই এসব কাজের জন্য নারী কখনো কোনো পারিশ্রমিক পেলো না। আর এই কাজগুলো হলো তার দায়িত্ব। টাকা আনা হয়ে গেলো তার জন্য সেকেন্ডারি কাজ। এটা করতে হলে তোমাকে আগে দায়িত্বগুলো পালন করে নিতে হবে, তারপর যা পারো করো!

এরপর আসলো আরেক কাহিনি। কিছু কিছু ক্ষেত্রে নিজের যোগ্যতায় নারী পুরুষের চেয়ে উঁচু পদ আর বেশি আয়ে পৌঁছে গেলো। ব্যস, পুরুষতান্ত্রিক সমাজ আর তার ধারক-বাহকদের মাথা খারাপ! পুরুষই হবে ব্রেডউইনার, সেখানে নারীর বেশি ইনকাম?এইতো সমাজ ভেঙে পড়ল বলে! ব্যস, শুরু হয়ে গেলো দ্বন্দ্ব!

৪.

কয়েকদিন আগে আমাদের এক পরিচিতমুখ নারী টিভিব্যক্তিত্ব বলেছিলেন,

আমার মনে হয়, ৯০ শতাংশ পুরুষ তার জীবনসঙ্গীকে ভালো অবস্থানে দেখতে পছন্দ করেন না। সবাই চায়, আমার বউ ভালো কিছু করুক, কিন্তু আমার চেয়ে ভালো না।

 

তিনি আমাদের সমাজের এভারেজ নারীদের চেয়ে কিছুটা হলেও প্রিভিলেজড লাইফ লিড করেন। তবুও তিনি এই বিষয়টা জানেন। তাহলে গড়পড়তা সাধারন নারীদের কি অবস্থা সেটা তো সহজেই বলা যায়, তাই না? এই খবরটার কমেন্ট সেকশন দেখলেই পুরুষতান্ত্রিক মানসিকতার চেহারাটা সুন্দরভাবে বোঝা যায়। পুরুষের চেয়ে নারীর ইনকাম বেশি হলে সে সংসার ছেড়ে চলে যায়, স্বামীর চেয়ে বেশি ইনকাম করা ৯০% নারী বেঈমানী করে, স্বামীকে ‘দাম’ দেয় না, স্বামীর থেকে বেশি হয়ে গেলে তালাকের ব্যবসা সহজ হয়, পুরুষ নারীকে নিজের চেয়ে ভালো অবস্থানে দেখতে চায় না কারণ সেটা কোনো বাজে পথেই সে অর্জন করেছে ইত্যাদি ইত্যাদি! 

কী মনে হয়? এখানে আসল কথা কোনটা? মেয়েটা বেশি আয় করলে সে স্বামীকে দাম দেবে না, ভয় পাবে না, মান্য করবে না- এটাই কি মূল কথা না? তার মানে ভয়টা হচ্ছে ক্ষমতা আমার হাত থেকে সরে যাচ্ছে- হয় একেবারেই চলে যাচ্ছে বা ভাগ হয়ে যাচ্ছে! কথাটা আসলে এখানেই!

স্ত্রীর এই অগ্রগতিকে স্বামী ভালো চোখে দেখেননা, সেই সাথে যোগ হয় স্বামীর পরিবারের মানুষের নেগেটিভিটি! শশুর-শাশুড়ি, দেবর-ননদ কেউই পছন্দ করেননা ব্যাপারটা। অনেক সময় মেয়েটার নিজের ফ্যামিলিও পছন্দ করেননা এটা। ভয় পান মেয়েটার সংসারে অশান্তি হবে। হয়ও তাই। মেয়েটাই হয়ত সংসার-সন্তান সবাইকে সামলেই নিজের ক্যারিয়ারের দিকে তাকান। কিন্তু পান থেকে চুন খসলেই দোষ হয়ে যায় তার চাকরির, বেশি ইনকামের। পুরুষের বেসিক ইগোর নিচে চাপা পড়ে যায় মেয়েটার মানসিক শান্তি, সংসারের শান্তি আর রিলাক্সেশন। 

যেহেতু পুরুষ মানুষ তার সামন্ততান্ত্রিক মানসিকতা ছাড়তে পারে না তাই নারীকে বহু সময়েই নিজের যোগ্যতাকে চাপা দিয়ে সংসারের স্বার্থে ক্যারিয়ারকে বাদ দিয়ে যেতে হয়।

আমরা বাস তো করি উত্তর-আধুনিক সমাজে; কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত আধুনিকতার ভিড়েও সংসারের ‘বরকত’ আর পুরুষের ইগো এখনো বউয়ের স্যালারি স্লিপের নিচে চাপা পড়ে কাঁদে! কবে থেকে এই আধুনিক সমাজের মেয়েরাই ‘এক্সট্রা হেল্পিং হ্যান্ড’ এর তকমা গা থেকে সরিয়ে নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাড়াতে পারবে বলতে পারেন কী?



০ পঠিত ০ ... ১৮ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top ​