পৃথিবীর রেকর্ড করা প্রথম কণ্ঠ: Mary Had a Little Lamb

৫ পঠিত ০ ... ৫০ মিনিট আগে

১৮৭৭ সালের কথা। আমেরিকার মেনলো পার্কে টমাস এডিসন তখন একটা অদ্ভুত জিনিস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। তার মাথায় একটা চিন্তা এসেছে, মানুষের কথাকে কি কোনোভাবে ধরে রাখা যায় না?

তখন তো আর স্মার্টফোন, ভয়েস রেকর্ডার কিছুই ছিল না। একবার কথা মুখ থেকে বের হয়ে গেলে সেটা শেষ। কিন্তু এডিসন ভাবলেন, কথার শব্দ যখন বাতাসে কম্পন তৈরি করে, সেই কম্পনকে কোনো কিছুর গায়ে আটকে রাখা গেলে কেমন হয়!

সেই চিন্তা থেকেই তৈরি করলেন ফোনোগ্রাফ। যন্ত্রটায় ছিল একটা চোঙা, ঘোরানো সিলিন্ডার আর পাতলা টিনের ফয়েল। কথা বললে শব্দের কম্পনে একটা সুচ ফয়েলের গায়ে দাগ কেটে রাখত। পরে সেই দাগ অনুসরণ করে আবার শব্দও শোনা যেত।

যন্ত্রটা তৈরির কাজে সাহায্য করেছিলেন তার কারিগর জন ক্রুসি। যন্ত্র তৈরি হওয়ার পর এডিসন নিজেই প্রথম পরীক্ষা চালালেন।

চোঙার সামনে মুখ রেখে বললেন,

Mary had a little lamb...

 

তারপর রেকর্ড করা শব্দ আবার চালু করতেই যন্ত্রের ভেতর থেকে ভেসে এল তার নিজের গলা!

ভাবতে পারেন, ১৮৭৭ সালে একটা যন্ত্রের ভেতর থেকে মানুষের গলা বের হচ্ছে! তখনকার মানুষের কাছে ব্যাপারটা রীতিমতো জাদুর মতোই ছিল। আর মজার ব্যাপার হলো, এডিসনের সেই পরীক্ষার সঙ্গে জড়িয়ে গেল ছোটদের পরিচিত ছড়া Mary Had a Little Lamb। এটিই হয়ে উঠল ইতিহাসের অন্যতম বিখ্যাত প্রথম দিকের শব্দ রেকর্ডিং।

এরপর থেকে মানুষের কথা, গান, গল্প আর স্মৃতি ধরে রাখার নতুন একটা দরজা খুলে গেল। আজকে আমরা ফোনে ভয়েস মেসেজ পাঠাই, গান শুনি, পডকাস্ট করি। অথচ এর পেছনের ইতিহাসে রয়েছে একটা চোঙা, টিনের ফয়েল আর মানুষের গলার আওয়াজ ধরে রাখার এক অদ্ভুত পাগলামি। আজকের ডিজিটাল দুনিয়ার শব্দ ধরে রাখার গল্পটা শুরু হয়েছিল একটা ছোট্টো ছড়া দিয়ে!

৫ পঠিত ০ ... ৫০ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top ​