যেই স্কিলগুলা হয়ত আপনার দাদার ছিল, আপনার নাই আর আপনার পোলাপান জানবেই না!

২৩ পঠিত ০ ... ১২ ঘন্টা ২৩ মিনিট আগে

দুনিয়া ডিজিটাল হচ্ছে। হচ্ছি আমরাও। আর এর সাথে সাথে বাড়ছে আমাদের ডিজিটাল ডিভাইসের ওপর নির্ভরশীলতা। এখন যুক্ত হয়েছে জাদুর AI! সেকেন্ডেই দিয়ে দিচ্ছে সব সমাধান। অথচ এইসব নিমিষে হয়ে যাওয়া কাজের ফাঁকে ফাঁকে আমরা হারিয়ে ফেলছি বিভিন্ন কাজের দক্ষতা। এগুলোর ফলে আমাদের ব্রেনের কাজের ক্ষমতাও কমে যাচ্ছে। আমরা একটা সিস্টেমের ওপরে নির্ভরশীল হয়ে যাচ্ছি যেই সিস্টেমের বেশিরভাগ জিনিসই আমাদের অজানা। এইসব সিস্টেম কীভাবে কাজ করছে, আমাদের এতে ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে এসব না ভেবেই আমরা দিনরাত এসবে কাজ করে যাচ্ছি। 

 

কাগজের ম্যাপ দেখে পথ চেনা

গুগল ম্যাপ দেখে উলটাপালটা পথে গিয়ে গুগলকে সেই লেভেলের গালাগালি করেন? একবার ভাবেন আপনার দাদা একটা কাগজের ম্যাপ দেখে ঠিকানা খুঁজে বের করত! হারায় গেলেও রাগ দেখানোর কোনো উপায় ছিল না কাগজটা ছিঁড়ে ফেলানো ছাড়া। আবার চাইলে জুমও করতে পারতো না!

ডিজিটাল এই যুগে ফোনের স্ক্রিনে জিপিএস দেখেই অনেকে পথ চিনতে হিমশিম খায়! সেখানে কাগজে প্রিন্টেড ম্যাপ দেখে ঠিকানা খুঁজে বের করা; অনন্ত জলিলও ফেল হবেন মেবি! অথচ জিপিএস ব্যবহারের আগে মানুষ নেভিগেশন ও আশপাশের পরিচিত জায়গা দেখে পথ চিনতে পারত। প্রিন্টেড ম্যাপ রিড করতে পারত! এখন বেশিরভাগ মানুষ কাগজের ম্যাপ দেখলে সেটাকে তিনবার ঘুরিয়ে দেখে! ফোনের চার্জ শেষ হয়ে গেলে যেন তাদের পথ চেনার ক্ষমতাও শেষ হয়ে যায়। এভাবে পুরো একটা জেনারেশন ইন্টারনেট বা স্ক্রিনের নির্দেশনা ছাড়া পথ খুঁজে পাওয়ার অভ্যাস ছাড়াই বড় হচ্ছে। অথচ এটা একটা বেসিক সার্ভাইবাল স্কিল।

 

ফোন নম্বর মনে রাখা

অই জলিল্লার নাম্বার জানোস? আরে 0171… আর মনে নাই ভাই! ফোনটাও বন্ধ, জলিল্লার নাম্বার পাই কই?

ফোন নম্বর মুখস্থ করার এখন আর দরকারই পড়ে না 

একসময় পরিবারের সদস্য, বন্ধু কিংবা জরুরি যোগাযোগের নম্বরগুলো মানুষের মুখস্থ থাকত।  বিপদে পড়লে, ফোন চুরি হলে, কোনো কারণে ফোন নষ্ট হলে এই স্কিলটা হতে পারে জীবন বাঁচানোর জন্য বড় একটা সাহায্য। এখন স্মার্টফোনের কন্ট্যাক্ট লিস্টেই সেভ থাকে প্রয়োজনীয় সব নম্বর। এখন বেশির ভাগ মানুষই প্রয়োজনীয় নম্বরগুলো মনে রাখতে পারে না। ফলে ধীরে ধীরে তথ্য মনে রাখার ক্ষমতার চর্চা কমে যাচ্ছে, আর আমরা ভুলতে বসেছি মানুষের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী হতে পারে। গবেষণায় এই ধরনের নির্ভরতাকে বলা হয় ‘কগনিটিভ অফলোডিং’। অর্থাৎ নিজের মস্তিষ্কের ওপর চাপ কমাতে বাইরের কোনো মাধ্যমের কাছে তথ্য সংরক্ষণ করে রাখা।

 

নিজে হাতে লিখতে পারা

ধরেন একদিন আপনার দাদা আপনারে বলল, জানিস, আমি হাতের লেখার জন্য পুরা জেলার মধ্যে পুরস্কার পাইছিলাম! এদিকে আপনি ভাবতেছেন, হাতের লেখার জন্য আবার জেলার মধ্যেও পুরস্কার দেয়? এডিডা আব্র কী কাহিনি? হাতের লেখা আর এমন কী?

হাতে আবার ক্যামনে লিখে? এটাও কি সম্ভব! 

বিশ্বাস করুন আর না করুন, মানুষ আস্তে আস্তে নিজের হাতে লেখার স্কিল হারিয়ে ফেলছে। সুন্দর হাতে লেখার দক্ষতা, কার্সিভ রাইটিংসহ স্টাইলিশ সই করা পর্যন্ত মানুষ ভুলে যাচ্ছে। খাতা কলমের জায়গায় এসেছে স্ক্রিন আর টাইপিং। ডিজিটাল যোগাযোগের যুগে হাতে লেখার প্রয়োজন আগের তুলনায় অনেক কমেছে। চিঠি, ডায়েরি কিংবা হাতে নোট নেওয়ার জায়গা দখল করেছে কিবোর্ড। অথচ ২০২১ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, হাতে লেখার অনুশীলন নতুন অক্ষর শেখা এবং পড়া ও বানানসংক্রান্ত কিছু মস্তিষ্ক সচল রাখতে, বিভিন্ন স্কিল আপগ্রেড করতে, মনোযোগ ধরে রাখতে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

 

কোনো কিছু দীর্ঘ সময় ধরে পড়ার অভ্যাস

সকালে উঠে বাবাকে দেখেন একটা নিউজপেপার নিয়ে বসে আছে তো আছেই! এমনভাবে পড়তেছে যেন কালকে এটার ওপর পরীক্ষা হবে! দেখেই আপনার বিরক্ত লাগে! এতক্ষণ ধরে এসব পড়ার কী আছে? মোবাইলে সার্চ দিলেই তো হয়!

এতক্ষণ ধরে পেপার পড়ার কী আছে? মোবাইলে সার্চ দিলেই তো হয়!

ছোটো ভিডিও, ডুমস্ক্রলিং এবং সারাক্ষণ নোটিফিকেশনের ভিড়ে দীর্ঘ লেখা পড়ার অভ্যাস ধরে রাখা কঠিন হয়ে উঠছে অনেকের জন্য। কোনো বই কিংবা দীর্ঘ প্রতিবেদন মনোযোগ দিয়ে পড়ার পরিবর্তে আমরা দ্রুত তথ্য পেতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তবে এর অর্থ এই নয় যে ডিজিটাল মাধ্যমে পড়লেই মনোযোগ কমে যায়। বরং পড়ার ধরন ও অভ্যাস এখানে গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় পড়ার অভ্যাস চিন্তাভাবনা করার স্কিল বাড়ায়। এছাড়া এগুলো আপনার ব্রেনকে স্থির হতে সাহায্যও করে।

 

জিনিসপত্র রিপেয়ার করা স্কিল

মোবাইল নষ্ট হলে কেনা লাগে কেন? ঠিক করে নিলেই হয়!- বাবার এমন কথা শুনে কখনও রাগ হয়েছে?

এই স্কিল সামনে আর দেখা যাবে না!

একসময় মানুষ নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র নিজেরাই রিপেয়ার করত। জুতা, রেডিও কিংবা গাড়ির যন্ত্রাংশ কীভাবে কাজ করে, তা মানুষ বুঝত। কিন্তু এখন বেশিরভাগ জিনিস এমনভাবে তৈরি করা হয়, যেগুলো খোলা বা রিপেয়ার করা কঠিন বা সম্ভবই না। বরং নষ্ট হলে সেগুলো ফেলে দিয়ে নতুন জিনিস কেনার জন্যই যেন তৈরি করা হয়। এভাবে ধীরে ধীরে হাতে-কলমে কাজ করার স্কিল হারিয়ে যাচ্ছে।

 

সামনাসামনি কথা বলার দক্ষতা

মেসেজ, ভিডিও কল ও সামাজিক যোগাযোগমাধ্যম যোগাযোগকে সহজ করেছে। কিন্তু সামনাসামনি কথোপকথনের ক্ষেত্রে চোখের ভাষা, কণ্ঠস্বর, অভিব্যক্তি এবং শরীরী ভাষা বোঝার প্রয়োজন হয়। ২০১৩ সালে অ্যান্ড্রু প্রজিবিলস্কি ও নেটা ওয়েইনস্টাইনের একটি গবেষণায় দেখা যায়, কথোপকথনের সময় মোবাইল ফোনের উপস্থিতি মানুষের পারস্পরিক ঘনিষ্ঠতা ও কথোপকথনের মানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত স্ক্রিন টাইমিং-এর কারণে বর্তমানের শিশুরাও কথা শিখছে বেশি বয়সে, বা স্পষ্ট কথা বলতে পারছে না। এগুলো পরবর্তী জেনারেশনকে সাইকোলজিক্যালি বড় ক্ষতির মুখে ফেলে দিচ্ছে।

 

ক্রিটিক্যাল থিংকিং বা সেকেন্ড থট দেওয়ার স্কিল

সার্চ ইঞ্জিন ও AI এর কল্যাণে এখন মুহূর্তেই যেকোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়। আমরা স্ক্রল করি, রিয়্যাক্ট করি, এমনকি যাচাই না করেই অনেক ইনফরমেশন শেয়ার করি। কিন্তু কোনো তথ্যের সত্যতা যাচাই করতে একটু থেমে চিন্তা করা, বিশ্লেষণ করা কিংবা সেটিকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা ক্রমেই কমে আসছে। তথ্য পাওয়ার সুযোগ আগের চেয়ে অনেক বেড়েছে, কিন্তু সেই তথ্য গভীরভাবে যাচাই ও মূল্যায়ন করার অভ্যাস ক্রমেই বিরল হয়ে উঠছে।

চিন্তা? সে আবার কী! 

 

বেসিক সার্ভাইবাল স্কিল

একসময় প্রাথমিকভাবে বেঁচে থাকার প্রয়োজনীয় স্কিলগুলো মানুষের দৈনন্দিন জীবনেরই অংশ ছিল। কিন্তু এখন অনেকেই গুগলের সাহায্য ছাড়া জরুরি পরিস্থিতিতে কী করতে হবে, সেই সাধারণ বিষয়গুলোও জানেন না। পানি ফিলটার করা, আগুন জ্বালানো কিংবা বিপদের সময় আশ্রয় তৈরি করার মতো দক্ষতাও অনেকের অজানা। আমরা এমন সব ব্যবস্থার ওপর ক্রমাগত নির্ভরশীল হয়ে পড়ছি, যেগুলো কীভাবে কাজ করে, সে সম্পর্কেই আমাদের পরিষ্কার ধারণা নেই। এই ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে!

 

মেন্টাল ম্যাথ

ক্যালকুলেটর সহজলভ্য হওয়ার আগে মানুষ নিজেরাই দ্রুত শতকরা হিসাব কিংবা কেনাকাটার পর বাকি টাকা কত হবে, তা মনে মনে বের করতে পারত। কিন্তু এখন সাধারণ হিসাবের ক্ষেত্রেও আমরা প্রায়ই বিভিন্ন যন্ত্রের সাহায্য নিই। মানসিকভাবে হিসাব করার অভ্যাস মানুষের চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক স্কিল বাড়াতে সাহায্য করে। অথচ সেই চর্চাই ধীরে ধীরে কমে আসছে। আমরা যত বেশি প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছি, নিজেদের মস্তিষ্ককে কাজে লাগানোর সুযোগ ততই কমিয়ে ফেলছি।

 

নীরবতায় নিজের সঙ্গে সময় কাটানোর অভ্যাস

কোনো গান নেই, স্ক্রল করার মতো কিছু নেই, ফোনে কোনো নোটিফিকেশনও আসছে না। চারপাশে শুধু নীরবতা আর নিজের চিন্তাভাবনা। অনেকের কাছেই এখন এমন পরিস্থিতি খুব অস্বস্তিকর মনে হতে পারে। সারাক্ষণ নানা ধরনের উদ্দীপনা ও বিনোদনের মধ্যে থাকার অভ্যাস আমাদের কাছে নীরবে বসে নিজের কথা ভাবার বিষয়টিকে অস্বাভাবিক করে তুলেছে। অথচ নিজের সঙ্গে একান্তে সময় কাটানো সৃজনশীলতা, নিজের আবেগ কন্ট্রোল এবং নিজেকে বোঝার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দুঃখজনকভাবে, এই অভ্যাসটিও আমাদের অজান্তেই দ্রুত হারিয়ে যাচ্ছে।

 

তথ্যসূত্র:

  1. Dahmani & Bohbot (2020), Habitual Use of GPS Negatively Impacts Spatial Memory During Self-Guided Navigation.
  2. Hu, Luo & Fleming (2019), A Role for Metamemory in Cognitive Offloading.
  3. Wiley & Rapp (2021), The Effects of Handwriting Experience on Literacy Learning.
  4. OECD (2021), 21st-Century Readers: Developing Literacy Skills in a Digital World.
  5. Przybylski & Weinstein (2013), Can You Connect with Me Now?
  6. Breakstone et al. (2021), Lateral Reading: College Students Learn to Critically Evaluate Internet Sources in an Online Course.

 

২৩ পঠিত ০ ... ১২ ঘন্টা ২৩ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top ​