পাকিস্তানি নাটক দার-ই-নিজাতের জনপ্রিয় চরিত্র আবু বকর গতকাল রাজধানীর নিউ মার্কেটের পাশে একটি ফুচকার দোকান খুলেছেন। খবর ছড়িয়ে পড়ার পর থেকে দোকানের সামনে মেয়েদের লাইন এত লম্বা হয়েছে যে পুলিশকে অতিরিক্ত তিনটি ব্যারিকেড, দুজন ট্রাফিক সার্জেন্ট এবং আস্ত একটি পানির ট্যাংকার বসাতে হয়েছে। ফেসবুকে যারা তাকে নিয়ে মেতে ছিলেন, সবাই তাকে এক নজর দেখতে জড়ো হচ্ছেন তার দোকানের সামনে।
আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। তাকে অবশ্য আবু বকর সাজেই আসতে হয়েছে। আর বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের কাছে তো তিনি ইতিমধ্যে জাতীয় ক্রাশ, আদর্শ স্বামী থেকে শুরু করে আরও কত কিছু। দোকান খুলতেই তাই পেয়েছেন অগণিত নারী ক্রেতা। প্রচারের প্রসারের জন্য দিতে হয়নি এক টাকাও। যা দেখে রীতিমতো মাথায় হাত স্থানীয় ব্যবসায়ীদের।
দোকানটির নাম দেওয়া হয়েছে আবু বকর ফুচকা কর্নার। নিচে ট্যাগলাইন: যেখানে ধৈর্য, সেখানেই আবু বকর। যদিও ফুচকার সঙ্গে ধৈর্যের কী সম্পর্ক, তা বোঝা যায়নি। আর দোকানে রীতিমতো হুলস্থুল অবস্থা। ভেতরে ঢুকতেই লাইনের সামনের দিকে দাঁড়িয়ে একজন তরুণী হেসে হেসে বলেন, আমি আসলে ফুচকা খেতে আসিনি। আমি আবু বকরকে শুধু এক নজর দেখতে এসেছি। এমন মানুষও পাওয়া যায়! আরেকজন বলেন, আমি ফ্রিতে তিন প্লেট ফুচকা খেয়ে দেখতে চাই, লোকটা সত্যিই রাগ করে কি না। তার পাশের বন্ধু বলেন, রাগ কীভাবে করবে? নাটকে তো সে রাগই করে না। তুমি তার ফোন চেক করলে সে বলবে, তুমি চিন্তা করো না, আমি বুঝি। এ সময় হঠাৎ করে লাইনের পেছনের এক নারী চিৎকার করে বলে উঠলেন, আবু বকর, উইল ইউ ম্যারি মি? আবু বকর ফুচকার তদারকি করতে করতে তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিতেই লাইনে দাঁড়ানো অন্য নারীরাও আনন্দে চিৎকার করতে শুরু করে দেন।
দোকানের ব্যবস্থাপকের সঙ্গে কথা হলে তিনি জানান, আবু বকরের নামে দোকান খোলার পর বিক্রি কয়েক গুণ বেড়েছে। তবে সমস্যা হচ্ছে, অনেক ক্রেতা ফুচকা খাওয়ার আগেই জিজ্ঞেস করছেন, আবু বকরের সঙ্গে সেলফি তোলা যাবে কি না বা তাকে বিয়ের জন্য বায়োডাটা কোথায় পাঠাতে হবে, এসব। তবে ব্যবস্থাপক হিমশিম খেলেও বেশ ভালোভাবেই সামলাচ্ছেন এখন পর্যন্ত। ফুচকার লাইনে দাঁড়িয়ে রিলস বানিয়ে রাতারাতি মিলিয়ন ভিউও কামিয়ে নিচ্ছেন অনেকে।
এদিকে আবু বকর দোকান দেওয়ার পর নতুন করে ফেসবুকের হট টপিকে পরিণত হয়েছেন। দোকানের ছবি ভাইরাল হওয়ার পর ফেসবুকে বিতর্ক শুরু হয়েছে। এক দল বলছেন, আবু বকরের নামে ব্যবসা করা উচিত নয়। আরেক দল বলছেন, যে দেশে রাজনীতিবিদদের নামে ব্রিজ, রাস্তা আর ফ্লাইওভার হয়, সেখানে একটা ফুচকার দোকান তো নিরীহ। ফুড গ্রুপগুলোতে ফুচকার দাম নিয়ে বিস্তর আলাপ চলছে। অনেকেই বলছেন, তারা আবু বকরের হাতে ফুচকা খেতে চান, তবে দাম অনেক বেশি। ১৫০ টাকা নয়, বরং ১০০ টাকার মধ্যেই এক প্লেট ফুচকার দাবি করছেন তারা।
আবার কেউ কেউ অভিযোগ করছেন, দোকানের আবু বকরের নাটকের আবু বকরের মতো ধৈর্য নেই। একজন গ্রাহক বলেন, আমি বললাম, আলু কম দিন আর টক বেশি দিন। আবু বকর বিরক্ত হয়ে বলল, স্যার, এর থেকে আলু কম দিলে ফুচকা হবে না। এত দ্রুত বিরক্ত হওয়া তো আবু বকরকে মানায় না।
নিউ মার্কেট থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ভিড় নিয়ন্ত্রণে তাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে। তিনি বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম কোনো সেলিব্রিটি এসেছেন। পরে জানতে পারি, মানুষ একজন নাটকের চরিত্রের নামে ফুচকা খেতে এসেছে! তিনি আরও বলেন, আমরা লাইন সামলাচ্ছি। তবে একজন মেয়ে বলছিলেন, আবু বকরের হাত দিয়ে ফুচকা না এলে সে ফুচকা খাবে না। আমরা তাকে বলেছি, আবু বকর আসলে একজন অভিনেতার চরিত্র। তিনি কাঁদো কাঁদো হয়ে বললেন, তাহলে অভিনেতার হাত দিয়েই পাঠান।
আবু বকরের জনপ্রিয়তার কারণ স্পষ্ট। নাটকে তাকে ধৈর্যশীল, দায়িত্বশীল ও সংযত পুরুষ হিসেবে দেখানো হয়েছে, যা অনেক দর্শকের কাছে গ্রিন ফ্ল্যাগ পার্টনারের প্রতীক হয়ে উঠেছে। কিন্তু নিউ মার্কেটের ফুচকার লাইন প্রমাণ করছে, বাংলাদেশের মানুষ চাইলে আবু বকরের ধৈর্যেরও চরম পরীক্ষা নিতে পারে। আসলে সমস্যাটা হলো, এমন মানুষ এখন শুধু নাটকে, রিলসে আর ফুচকার দোকানেই পাওয়া যায়।


