'কট খেলে সামাল দেওয়ার' কোর্স আনল একটি বিশেষ দল। সিইওদের জন্য বিশেষ ডিসকাউন্ট

০ পঠিত ০ ... ১৯ মিনিট আগে

কট খাওয়ার পর কীভাবে মুখে নির্লিপ্ত ভাব ধরে রাখতে হয়, কীভাবে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যেতে হয়, আর কীভাবে পরকীয়াকে ‘ব্যক্তিগত জীবনের ভুল বোঝাবুঝি’ বলে চালিয়ে দিতে হয়, এসব শেখাতে এবার বাজারে এলো অভিনব কোর্স। ‘কট খেলে সামাল দেওয়ার’ নামের এই কোর্সটি এনেছে বাংলাদেশের একটি বিশেষ দল। কোর্সটিতে সিইও, এমডি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য থাকছে বিশেষ ছাড়। সম্প্রতি Nvidiaর সিইও জেনসেন হুয়াংকে ঘিরে ছড়িয়ে পড়া পরকীয়া ও চীনা গুপ্তচর-সংক্রান্ত বিতর্কের পর থেকেই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে চাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সিইওরা। কারণ, কোটি টাকার বেতন থাকলেও একটা ফাঁস হওয়া স্ক্রিনশট যে পুরো ক্যারিয়ার শেষ করে দিতে পারে, তা এখন আর কারও অজানা নয়।

কোর্সটির অন্যতম আকর্ষণ হচ্ছে ‘কট খাওয়ার পর কীভাবে কট খাওয়া অস্বীকার করবেন’ নামের একটি বিশেষ মডিউল। এছাড়া থাকছে ‘চ্যাট ডিলিট করলেও কীভাবে ডিজিটাল ফরেনসিক সামলাবেন’, ‘সাংবাদিকের প্রশ্নে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার অভিনয়’, ‘পুরোনো ছবিকে এআই জেনারেটেড দাবি করার কৌশল’ এবং ‘পরকীয়াকে ভুল বোঝাবুঝি প্রমাণের ১০১টি উপায়’। এ বিষয়ে এক ফেক ভিডিও কলে দলটির মুখপাত্র আমাদের জানান, একটু চালাক না হইলে এই দুনিয়াতে টেকা খুব কঠিন। এই যে দেখেন, হুয়াং ভাই যদি চাইনিজ আপাকে দ্বিতীয় স্ত্রী বলে চালায় দিতেন, আজ কোটি টাকার চাকরি ছাড়তে হইত না। আসলে সমস্যা পরকীয়া না, সমস্যা হলো সঠিক সময়ে সঠিক ন্যারেটিভ তৈরি করতে না পারা। মানবসেবা হিসেবেই কোর্সটি লঞ্চ করছি আমরা। আর আপনারা তো জানেনই, এই ব্যাপারে আমাদের এক্সপার্টিজ কোন লেভেলের।

জানা গেছে, কোর্সের প্রথম ক্লাসেই শিক্ষার্থীদের শেখানো হবে কীভাবে কোনো ঘটনা প্রকাশ্যে আসার আগেই সেটিকে নিজেদের পক্ষে ব্যাখ্যা করার জন্য কয়েকটি বিকল্প গল্প প্রস্তুত রাখতে হয়। পাশাপাশি থাকবে ‘আমি ষড়যন্ত্রের শিকার’ নামে একটি বিশেষ ব্যবহারিক ক্লাস। এদিকে কোর্সের বিজ্ঞাপন দেখে ইতোমধ্যেই বেশ কয়েকজন আন্তর্জাতিক সিইও আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। আয়োজকদের দাবি, কোর্সে ভর্তি হওয়া সিইওদের পরিচয়, ব্যক্তিগত চ্যাট এবং যাবতীয় গোপন তথ্য শতভাগ গোপন রাখা হবে। যদিও এই নিশ্চয়তা দেওয়ার সময় মুখপাত্রের পেছনে হঠাৎ একটি স্ক্রিনশট ভেসে উঠতে দেখা যায়।

কোর্সটির ফি সম্পর্কে জানতে চাইলে আয়োজকরা জানান, সাধারণ মানুষের জন্য কোর্স ফি বেশ চড়া হলেও সিইওদের জন্য থাকবে বিশেষ ডিসকাউন্ট। কারণ, তাদের ভাষায়, যাদের চাকরি বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করতে হয়, তাদের কাছ থেকে আবার পুরো টাকা নেওয়া মানবিক হবে না।

০ পঠিত ০ ... ১৯ মিনিট আগে

Top ​