একবার দেখে ডিলিট করে দেবো - এই কথা শুনে যারা ছবি পাঠিয়ে তারপর ডিলিট করে শান্তিতে ঘুমাতে যান, তাদের জন্য এক বালতি সমবেদনা। আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এর একজন মেম্বার, এডওয়ার্ড স্নোডেন বলেছিলেন,
ডিলিট বলতে কিছু নেই। এটি একটি মিথ্যা যা ডিভাইস আপনাকে আশ্বস্ত করার জন্য বলে।
এটা অনেকটা ছোটোবেলায় মায়ের বকা খেয়ে খাটের নিচে লুকিয়ে থাকার মতো। আপনি ভাবছেন আপনাকে দেখা যাচ্ছে না, কিন্তু আপনার মা ঠিকই জানে আপনি কোথায়! ধরুন, মাঝরাতে আবেগের বশে এক্সকে বিশাল এক মেসেজ পাঠিয়ে দিলেন। সকালে উঠে মনে হলো, হায় হায়, একি করলাম! জলদি করে ‘Unsend’ বা ‘Delete for everyone’ চেপে দিলেন। বুকের ভেতর থেকে বিশাল পাথর নেমে গেল, তাই না? কিন্তু মামা, ডিজিটাল দুনিয়া এত সোজা না। আপনি যা ডিলিট করেছেন বলে ভাবছেন, সেটা ইন্টারনেট নামক বিশাল ব্ল্যাকহোলে ঘাপটি মেরে বসে আছে। মানে, এই ডিজিটাল দুনিয়া হলো ওয়ান ওয়ে রোড, যেখানে আপলোড হয়, স্টোর হয়, ইনফরমেশন জমা হয় কিন্তু সেটা কখনও মুছে যায় না!
তাহলে ডিলিট করা ডাটাগুলা যায় কই?
অবশ্যই ডাটাগুলা আপনার আমার চোখের সামনে থাকে না। যখন ফোন বা কম্পিউটার থেকে ছবি বা ফাইল ডিলিট করেন, সিস্টেম আসলে তা মুছে ফেলে না। সে শুধু ফাইলের ইনডেক্স মুছে দেয়। পুরাই শুভঙ্করের ফাঁকি! ফাইলটা আপনার হার্ডডিস্কেই থাকে, শুধু সিস্টেম জায়গাটাকে ‘ফাঁকা’ দেখায়। ডেটা রিকভারি সফটওয়্যার দিয়ে সহজেই সেই ডেটা ফিরিয়ে আনা যায়।
এটা গেল প্রাথমিক কাজ। এরপর কী হয়?
এরপর আপনার ডেটা যায় এক বিশাল ডিজিটাল ইনফরমেশনের মেঘের দেশে মানে ক্লাউডে। একদিকে আপনি ফোন থেকে ডিলিট করে ভাবছেন বেঁচে গেছেন কিন্তু ততক্ষণে আপনার ডেটা ‘ক্লাউড’ বা গুগল, মেটা, অ্যামাজনের বিশাল সার্ভারে চলে গেছে। কোম্পানিগুলো আপনার ডেটা শুধু একটা সার্ভারে রাখে না। ক্যালিফোর্নিয়ার সার্ভারে আগুন লাগলেও সিঙ্গাপুরের সার্ভারে আপনার ডিলিট করা ‘ক্রিঞ্জ’ ভিডিও ঠিকই ইন্ট্যাক্ট অবস্থায় থাকবে! মানে কোনোভাবেই আপনার আপলোডেড ডাটা হারানোর সুযোগ নাই!
ভাবছেন এখানেই শেষ? নো ম্যান! পিকচার আভি ভি বাকি হ্যায়!
বিতর্কিত স্ট্যাটাস দিয়ে চারদিকের গালিগালাজ খেয়ে ৫ মিনিট পর সেটা ডিলিট করলেও লাভ নেই। ইন্টারনেট আর্কাইভিং বা ‘ওয়েব্যাক মেশিন’ (Archive.org) নামক এক ডিজিটাল যমদূত আছে, যারা নিয়মিত ওয়েবসাইটের স্ক্রিনশট জমিয়ে রাখে। আপনি ডিলিট করার আগেই তারা স্ন্যাপশট নিয়ে নিলে, ২০ বছর পরও সেটা খুঁজে পাওয়া যাবে। আর বন্ধুদের নেওয়া স্ক্রিনশটের ভয় তো আছেই! চিন্তা করেন এক মেশিন তার কামই যত উলটাপালটা স্ক্রিনশট নেওয়া! আপনার যেসব বন্ধুরা বিনা বেতনে এসব কাজ করছে তাদেরকে একবার জানায় দিতে পারেন!
এরপর আসে আমার বন্ধু, সবার বন্ধু ফেসবুক! এই সোশ্যাল মিডিয়ার মায়া ও মেটাডেটা ফেসবুক থেকে অ্যাকাউন্ট ডিলিট করলেও ৩০ দিন সময় নেয়। আর ডিলিট হওয়ার পরও আপনার সব ইনফো মোছে না। আপনার ‘মেটাডেটা’ (কখন, কোথা থেকে, কাকে মেসেজ দিয়েছেন) তাদের ডেটাবেসে লগ হিসেবে থেকে যায়। জাকারবার্গ হয়তো আপনার মেসেজ পড়ে হাসেন না, কিন্তু তার অ্যালগরিদম ঠিকই জানে আপনার সব গোপন খবর। এছাড়া মেসেঞ্জারে 'Unsend' করলেও অনেক থার্ড-পার্টি অ্যাপ নোটিফিকেশন থেকে তা আগেই সেভ করে রাখে। কাজেই একবার দেখে ডিলিট করে দেব- এটাতে কতটা বিশ্বাস করবেন, সেটা এখন ভাবার বিষয়!
তাহলে উপায় কী? পাকাপাকিভাবে কিছু ডিলিট করার উপায় একটাই। আপনার ফোন বা হার্ডডিস্ক হাতুড়ি দিয়ে গুড়ো করুন। এরপর আগুনে পুড়িয়ে ছাইগুলো বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে সোজা মঙ্গলগ্রহে চলে যান! তবে এরপরও আপলোডেড ডাটা সার্ভার থেকে ডিলিট হবে না…।
তাই ইন্টারনেটে কিছু আপলোড বা সেন্ড করার আগে অন্তত ১০ বার ভাবুন। এমন কিছু দেবেন না যা পরে দেখলে লজ্জায় পড়তে হয়। তারচেয়েও বড় ব্যাপার যে কেউ আপনাকে পরে ব্ল্যাকমেইল করতে পারে। আর যদি অলরেডি অনেককিছু এভাবে দিয়ে থাকেন, তাইলে ওস্তাদ আপনার আকাশ ভরা তারা!
তথ্যসূত্র:
1. Kaspersky: Logical Deletion vs. Overwriting and Data Retention Policy.
- Internet Archive (archive.org): Web Page Snapshot Archiving Methodology of the Wayback Machine.
- Google Cloud/AWS Storage: Server Redundancy and Multiple Data Backup Policies.
- Meta Privacy Policy: Metadata Retention Policy After Account Deletion.



পাঠকের মন্তব্য