যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হয়েছে। কেনা হবে আরও বোয়িং! কিন্তু এত বোয়িং দিয়ে আমরা কী করব? যাত্রী পরিবহনের কাজে তো লাগাতেই পারি, পাশাপাশি লাগানো যায় আরও নানান কাজে। চলুন জেনে আসা যাক বোয়িংয়ের ১০১টি ব্যবহার (৯৩টি কম আছে)
১. রাস্তা খোঁড়াখুঁড়িতে কিংবা বর্ষার সময় ঢাকার রাস্তা বন্ধ হয়ে গেলে বোয়িং সার্ভিস দিয়ে মানুষজনকে অফিস টু বাসা আনা-নেওয়া সার্ভিস করা হবে।
২. যানজট নিরসনে উড়ালসেতু, মেট্রোরেল তো আছেই। এবার যোগ হতে পারে লোকাল বোয়িং সার্ভিস। যানজট কীভাবে থাকে আমরা দেখব!
৩. অটোরিকশা উঠিয়ে দিয়ে অটো বোয়িং নামানো হবে রাস্তায়। বোয়িংগুলো উপর দিয়ে চলবে, ফলে এক্সিডেন্টের ভয় নাই।
৪. বিভিন্ন ইভেন্ট, বিয়ে, জন্মদিন, অ্যানিভার্সারি ইত্যাদিতে বোয়িং ভাড়া দেওয়া যেতে পারে। এতে সরকারের বাড়তি কিছু আয় হবে।
৫. বোয়িং অ্যাম্বুলেন্স সার্ভিস আনা যেতে পারে। জরুরি প্রয়োজনে বা দুর্ঘটনার সময় বোয়িং দিয়ে হাসপাতালে আনা-নেওয়া করা হবে।
৬. বন্যার সময় বোয়িংগুলোকে নিরাপদ আশ্রয়কেন্দ্র ঘোষণা করে বন্যাকবলিত মানুষদেরকে বোয়িংয়ে রেখে মাঝ আকাশে রেখে দেওয়া হবে।
৭. এদিক-সেদিক ফেলে না রেখে কিছু বোয়িং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ছেলে-মেয়েদের খেলনা হিসেবে ব্যবহারের জন্য দান করে দেওয়া যায়।
৮. ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য ভাড়া দেওয়া যেতে পারে। মানুষ দলবল বেঁধে আকাশে উড়ে যাবে, সেখানে বিবাহ করবে। এরপর আবার মাটিতে ফিরে আসবে।


