শীতকাল আসি আসি করেও শেষ পর্যন্ত এসে পৌঁছাতে পারছে না। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে তার কোনো অভিমান হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঢাকার মতো ব্যস্ত নগরীতে হুট করে ঢুকে পড়ার সাহসও হয়তো পাচ্ছে না। তিন কোটি মানুষের এই শহরে ঢোকার আগে পরিস্থিতি একটু বুঝে নিতে চাইছে সে। কারণ, এখানে ঢুকেই যদি দেখে অফিসে অফিসে এসি চলছে, দুপুরে মানুষ ঘামে ভিজে রাস্তায় ছোটাছুটি করছে, আর শীতের কাপড়গুলো এখনো বাক্সবন্দি, তাহলে তার মানসম্মান বলে আর কিছু থাকবে না। এমন পরিস্থিতিতে শীতকে দেশে ফিরিয়ে আনতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ। দুই বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক বিশেষ বিয়ের। প্রাণিবিদ্যা বিভাগের পোলার বিয়ার কনের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে পরিবেশ বিজ্ঞান বিভাগের পোলার বিয়ার পাত্রকে। আয়োজকদের বিশ্বাস, এই শুভবিবাহের মধ্য দিয়েই দেশে শীতের আনুষ্ঠানিক আগমন ঘটবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে আমাদের প্রতিনিধি পুরো আয়োজনের খোঁজখবর নিয়েছেন। সাত দিনের দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে শীতের আগমনের পেছনে পোলার বিয়ারের এক রোমাঞ্চকর ইতিহাস। জানা গেছে, বহু বছর আগে শীতকালে সাইবেরিয়া থেকে পোলার বিয়ারেরা বাংলাদেশে ঘুরতে আসত। তাদের সঙ্গে আসত ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি। শীতের দেশ থেকে আসা এসব অতিথির উপস্থিতিকেই এ দেশের মানুষ শীতের আগমনী বার্তা হিসেবে বিবেচনা করত। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সাইবেরিয়ায় শীতের পরিস্থিতি বদলে যাওয়ায় পোলার বিয়ারদের বাংলাদেশে আসার আগ্রহ কমে গেছে। ফলে একদিকে পরিযায়ী পাখির সংখ্যা কমছে, অন্যদিকে শীতও যেন বাংলাদেশকে পর্যটন গন্তব্য হিসেবে বাদ দেওয়ার কথা ভাবছে। এমন পরিস্থিতিতে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন, শুধু অতিথির অপেক্ষায় বসে থাকলে হবে না, এবার শীতকে দেশে আনার জন্য নিজেদেরই কিছু একটা করতে হবে।
সেই চিন্তা থেকেই কয়েক বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শীতকে বরণ করে নেওয়ার প্রতীকী আয়োজন হিসেবে পোলার বিয়ারের বিয়ের প্রচলন শুরু হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পোলার বিয়ারের বিয়ে হলে শীতের আগমন ত্বরান্বিত হয়। প্রথমে ক্যাম্পাসে, তারপর ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে শীতের আমেজ। তবে গত কয়েক বছর ধরে এই বিয়ের আয়োজন করেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। ক্যাম্পাসে পরিযায়ী পাখির আনাগোনা কমেছে, ঢাকায় ফ্যান বন্ধ হওয়ার নাম নেই, এমনকি সকালে লেপের ভেতর থেকে বের হতে না পারার মতো মধুর সমস্যাতেও পড়তে হচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় এবার তাই আগের চেয়ে অনেক বেশি জাঁকজমকপূর্ণ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকেরা মনে করছেন, ছোটখাটো বিয়েতে কাজ না হওয়ায় এবার বড় আয়োজনের মাধ্যমে শীতকে একটা শক্ত বার্তা দেওয়া প্রয়োজন।
বিয়ে উপলক্ষে পুরো ক্যাম্পাসে এখন শীতের আমেজ তৈরির প্রস্তুতি চলছে। বিয়ের ড্রেস কোড হিসেবে নির্ধারণ করা হয়েছে হুডি। হুডি ছাড়া কেউ বিয়েতে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে। পাশাপাশি অতিথিদের জন্য থাকছে বিশেষ শীতকালীন অভিজ্ঞতা। বন্ধুদের সঙ্গে দল বেঁধে শুকনো পাতা ও ডালপালা সংগ্রহ করে আগুন জ্বালিয়ে বসতে হবে। কেউ চাইলে আগুনের পাশে বসে চা খেতে পারবেন, তবে আয়োজকদের বিশেষ অনুরোধ, কেউ যেন ভুলেও ফ্যান চালিয়ে না বসেন। বিয়ের খাবারের তালিকায় পিঠা, খেজুরের রস ও শীতকালীন অন্যান্য খাবার রাখার প্রস্তাবও এসেছে।
বিয়ে পরিচালনাকারী বিভাগের কয়েকজন প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, শীতের এমন লুকোচুরি আর মেনে নেওয়া যাচ্ছে না। শীত এভাবে আসি আসি করে পিছিয়ে গেলে এ বছর পিঠা খাওয়ার মৌসুম ছোট হয়ে আসবে। এ ছাড়া শীতের দিনে গোসল না করার যে বহু প্রতীক্ষিত সুযোগ, তা থেকেও বঞ্চিত হতে হবে। এমন হলে এখনকার নতুন প্রজন্মের অনেকেই হয়তো একসময় শীতকাল কেমন ছিল, সেটাই ভুলে যাবে। একজন আয়োজক আমাদের জানিয়েছেন, শীতকে দেশে ফেরানোর জন্য কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের কথাও ভাবা হয়েছিল। কিন্তু শীতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত বিয়ের আয়োজনকেই সবচেয়ে কার্যকর কৌশল হিসেবে বেছে নিয়েছেন তারা। তাঁর ভাষায়, শীতকে শুধু দাওয়াত দিলে হবে না, এবার আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে হবে।
আগামী ১১/১১ তারিখে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। এ নিয়ে জুনিয়র ব্যাচগুলোর মধ্যে তুমুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ক্যাম্পাসের বটতলা থেকে ট্রান্সপোর্ট, এমএইচ গেট থেকে বিশমাইল, সবখানেই এখন বিয়ের সাজ সাজ রব। আয়োজকদের প্রত্যাশা, এবারের আয়োজনের পর শীত আর কোনো অজুহাত দেখাতে পারবে না। তবে এই আয়োজন ঘিরে নতুন সম্ভাবনাও দেখছেন ক্যাম্পাসের ব্যবসায়ীরা। তাঁদের ধারণা, জাহাঙ্গীরনগরে শীত নামানো সম্ভব হলে সেটিকে পরবর্তী সময়ে দেশের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা যেতে পারে। প্রয়োজনে শীত আমদানি-রপ্তানির জন্য আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলার কথাও ভাবছেন কেউ কেউ। এতে একদিকে যেমন শীতের সংকট দূর হবে, অন্যদিকে দেশের অর্থনীতিতেও নতুন সম্ভাবনা তৈরি হবে। তবে সবকিছুর আগে ১১/১১ তারিখের বিয়েটা সফল হওয়া জরুরি। কারণ, এবারও যদি পোলার বিয়ারের বিয়ের পর শীত না নামে, তাহলে পরের বছর হয়তো শীতকে দেশে আনতে বিয়ের বদলে সরাসরি অপহরণের পরিকল্পনা করতে হবে।

