বাংলাদেশের ৬৪ জেলার সবগুলোতে এখনো আইসিইউ সুবিধা নাই। ২০২৬ সালের তথ্য অনুযায়ী, সরকারি পর্যায়ে অন্তত ২২টি জেলায় কার্যকর আইসিইউ সুবিধা নেই। আবার বিশেষজ্ঞদের হিসাবে এই সংখ্যা ৩৮টি পর্যন্ত। অর্থাৎ দেশের অনেক জেলার মানুষের অবস্থা এমন, গুরুতর অসুস্থ হলে আগে রোগের সঙ্গে যুদ্ধ করতে হবে, তারপর ঢাকায় যাওয়ার যুদ্ধ শুরু হবে।
ডিজিএইচএসের তথ্য অনুযায়ী, দেশের ৭৪টি সরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩৭২টি আইসিইউ বেড আছে। এই বেডগুলো ছড়িয়ে আছে ৪২টি জেলায়। এর মধ্যে ৭৫৮টি বেডই ঢাকার ২২টি হাসপাতালে। মানে দেশের মোট সরকারি আইসিইউ বেডের প্রায় ৫৫ শতাংশ ঢাকায়। দেশের বাকি জেলাগুলোর মানুষের জন্য যেন চিকিৎসার পাশাপাশি দূরত্বের সঙ্গেও প্রতিযোগিতা করার ব্যবস্থা রাখা হয়েছে।
জুন ২০২৬-এ মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাটের ১০টি জেলা হাসপাতালে আইসিইউ সেবা চালু বা পুনরায় চালু করা হয়েছে। অনেক হাসপাতালে আগে থেকেই আইসিইউর যন্ত্রপাতি ছিল, কিন্তু চালানোর মতো লোক ছিল না। অর্থাৎ মেশিন আছে, হাসপাতাল আছে, শুধু রোগীকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় লোকবলের একটু অভাব।
দেশের জনসংখ্যা ১৭ কোটির বেশি। অথচ প্রতি এক লাখ মানুষের বিপরীতে ক্রিটিক্যাল কেয়ার বেড মাত্র ১.৭টি। বিশেষজ্ঞদের হিসাবে দেশের ৮০ থেকে ৯০ শতাংশ ক্রিটিক্যাল কেয়ার সুবিধা ঢাকা কেন্দ্রিক। ফলে ঢাকার বাইরে কেউ গুরুতর অসুস্থ হলে চিকিৎসার পাশাপাশি একটা আন্তজেলা ভ্রমণের প্রস্তুতিও রাখতে হয়।
এর পেছনে অন্যতম কারণ জনবল সংকট। আইসিইউ চালাতে শুধু দামি মেশিন কিনে ফিতা কাটলেই হয় না। প্রয়োজন প্রশিক্ষিত চিকিৎসক, অ্যানেস্থেসিওলজিস্ট, নার্স এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ। কোভিডের সময় অনেক জায়গায় অস্থায়ীভাবে আইসিইউ চালু হয়েছিল। পরে জনবল ও ব্যবস্থাপনার অভাবে সেগুলোর অনেকগুলোই বন্ধ হয়ে গেছে কিংবা নামমাত্র চালু আছে।
সরকার নতুন জেলায় আইসিইউ স্থাপনের পরিকল্পনা করছে। কিন্তু শুধু মেশিন কিনে হাসপাতালের একটা কক্ষে আইসিইউ লিখে দিলেই তো আর আইসিইউ হয় না। সেটা ২৪ ঘণ্টা চালানোর লোকও লাগে। দেশের চিকিৎসাব্যবস্থায় ঢাকার বাইরে মানুষের জীবন বাঁচানোর সুযোগটাও একটু বাড়ানো দরকার। কারণ ঢাকায় ভালো চিকিৎসা আছে, এই খবরটা দেশের ৬৪ জেলার মানুষ জানেন। সমস্যা হচ্ছে, অসুস্থ অবস্থায় সবাই ঢাকায় পৌঁছানোর সুযোগ পান না।



পাঠকের মন্তব্য