১.
বড় আপা বিয়ের তিনমাস পর বাড়ি এসেছে। তার বিয়ে হয়েছে কাছেই। কিন্তু তার বর তাকে খুব একটা কাছছাড়া করে না। আজ বড় আপা খুব খুশি। বরের সাথে তার একটা ডিল হয়েছে। প্রতি তিনমাস পরপর সে বাপের বাড়ি আসতে পারবে- কিন্তু সময়টা হবে তার মান্থলি সাইকেলের টাইমটা! ও খুশি কারন ওর সাইকেলটা সাতদিনের! একটু লম্বা সময়! আমাকে ফিসফিস করে বলল,
কয়েকটা দিন তো তোদের সাথে থাকা যাবে!
শুনলে বা দেখলে মনে হতে পারে দুলাভাই আপাকে খুব ভালোবাসে। কিন্তু এই যে শর্ত- এটাতেই আমার মাথা গুলিয়ে উঠলো!
মাসে ত্রিশ দিন! তাতে মেন্সট্রুয়াল সাইকেল ম্যাক্সিমাম সাতদিন। ভালো দিন হাতে থাকে ২৩ দিন! ফিজিক্যাল ইন্টিমেসির জন্য অনেক সময় সেটা! তাহলে, যখন শুধু আপা ইন্টিমেট হতে পারবে না তখনই শুধু সে বাপের বাড়ি যেতে পারবে এটা কেমন কথা? ভালোবাসাটা কি তাহলে শরীরে এসেই আটকে গেলো না?
মানুষের বিয়ের প্রধান কারণ হচ্ছে জৈবিক চাহিদা পূরণ ও লিগ্যালি সন্তান উৎপাদন- সেই ছোটোবেলার পড়া! কিন্তু বিয়ের মিনিং তো এই একটাই না, তাই না? একজন স্ত্রী তার স্বামীর জন্য অনেক কিছু- বন্ধু, সাথী, মেন্টর, লাভার, সাপোর্টার আরও কত কি। তার চেয়েও বড় কথা স্ত্রীটি একজন মানুষ। একজন পূর্ণাঙ্গ মানুষ! অথচ এই একটা শর্ত যেন তাকে শুধুমাত্র একটা বিশেষণেই আটকে ফেললো- নারীমাংস!
বড় আপার বিয়ের পর আমার এক মামি তাকে উপদেশ দিয়েছিলেন- ফিজিক্যাল ইন্টিমেসি ব্যাপারটা সবসময় ঠিক রাখবা, তাহলে দেখবা কোথাও কোন সমস্যা হবে না!
শুনে আমি অবাক হয়ে ভেবেছিলাম মেয়েদের কাজ বোধহয় ঐ একটাই! নারীমাংস হিসেবে দায়িত্ব পালন করা! তার মানে মেয়েটা স্ত্রীর চেয়েও অনেক বেশি একটা সে*ক্স ডল!
২.
কয়েকদিন আগে ফেসবুকে এক আপুর একটা পোস্ট দেখলাম। ওয়ার্কিং লেডিদের জন্য বৃহস্পতিবার পিরিয়ড হওয়ার চেয়ে খুশির কিছু নেই- এরকম কিছু। স্বাভাবিক একটা পোস্ট। কিন্তু কমেন্ট সেকশন দেখে গায়ে কাঁপ উঠে গেলো! ভয়ংকর এক অবস্থা! এমন কোনো বাজে কথা নাই যেটা সেখানে নাই!
বৃহস্পতিবার পিরিয়ড হলে স্বামী বেচারার কী হবে, স্বামী অন্যদিকে গেলে মন খারাপ কইরেন না, এসব পোস্ট করে অ্যাটেনশন নিতে হয়-অ্যাটেনশন দেয় না নাকি কেউ, ওয়ার্কিং ডে গুলোতে পিরিয়ড থাকলে বস রাগ করবে তো- ব্লা ব্লা হচ্ছে সেইসব ভয়ংকর কমেন্টের শ্রুতিমধুর ভার্সন!
এটুকুতেই থেমে নেই। এরপর জলঘোলা হয়েছে আরও! কমেন্ট- রিপ্লাই, রিপ্লাইয়ের রিপ্লাই; বিশাল ব্যাপার!
সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ অলমোস্ট যেকোনো কিছুই শেয়ার করতে পারে। তার পজিটিভ-নেগাটিভ রিপ্লাই আসাটাও তাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার কথাটা হচ্ছে কমেন্টারদের মানসিকতা নিয়ে। নারীর প্রতি এ কেমন মানসিকতা? তাও আবার সভ্য টাইটেলওয়ালা পুরুষের?
ছেলে হই আর মেয়েই হই- জন্ম আমাদের এক নারীর পেটে। জন্মের পরই যাদের হাতে পড়ি তাদের বেশিরভাগটাই বেশিরভাগ সময়ে নারী- হতে পারেন তিনি নার্স বা দাদি, নানি, খালা, ফুপু, বোন! বেড়ে ওঠার ৯৮% দায়িত্বও কোন না কোন নারীই বহন করে থাকেন। নিজ পরিবারে তো আমরা কম নারী দেখে বড় হই না- তবুও এই মানসিকতা আমরা কিভাবে ক্যারি করি? কেন ক্যারি করি?
বাইরের কোনো মেয়েদের প্রতি আমাদের সমাজের ছেলেদের মানসিকতা কী কুৎসিত! আমরা আমাদের চারপাশে প্রচুর পুরুষ দেখি যারা মেয়েদের টিজ করছে, হ্যারাস করছে, মোলেস্ট করছে- রেইপ করতেও দ্বিধা করছে না! যারা এসব না করতে পারছে তারাই যেন ফেসবুকে এসে কিছু না করতে পারার ফ্রাস্ট্রেশনটা ঝেড়ে যাচ্ছে কোন মেয়ের পোস্টে মন উজাড় করে ন্যাস্টি কমেন্ট করে! মেয়েটাকে গালি দিতে পারলেই তাদের পৌরুষ উঁচু হচ্ছে! একদম সুযোগের অভাবে ভদ্দরনোক সব! মেয়ে মাত্রই তাদের কাছে নারীমাংস!
এদের চিন্তাভাবনায় মনে হয় ছেলেদের মনুষ্যত্ব আর পৌরুষ এসে ঠেকেছে তাদের পে*নিসে! তাই চিন্তাভাবনার অবস্থানও সেখানে। স্ত্রী তো লিগ্যাল বেডমেট! হোক না সারাজীবনের সঙ্গী, তাতে কি? তাই স্ত্রীর পিরিয়ড হলে এসব স্বামী অভুক্ত থাকে, তারপর অন্য নারীমাংসের দিকে ছুটে যায় পেট ভরাতে। স্ত্রী কনসিভ করলে এরা কি করে আল্লাহ মালুম!
ওয়ার্কিং নারীমাত্রই তাদের কাছে বসের বেডমেট! তার পিরিয়ড হলে তো কথাই নেই- হয় অফিসের প্রভুর কষ্ট নয়তো ঘরের প্রভুর! একজন মেয়ে সে যা-ই হোক না কেন আসলে তো শুধু পুরুষের এন্টারটেইনমেন্ট প্রোডাক্ট! তাদের কোন ট্যাবু কানেক্টেড পোস্ট মানেই তারা অ্যাটেনশন সিকার! ঠিকাছে, এই মেয়েটা নাহয় অ্যাটেনশন সিকার- কিন্তু আপনি তো মহান ডান্ডিওয়ালা, আপনি এখানে কি করছেন?
ফিয়োডর দস্তয়োভস্কির ‘ক্রাইম এন্ড পানিশমেন্ট’ এর বিখ্যাত একটা লাইন আছে-
অপরাধটা কি কেবল হাতের নাকি চিন্তারও?
এই টোটাল অবস্থাটাকে কি শুধু এই একটা লাইনেই কনক্লুড করে দেয়া যায় না? একদল কাজগুলো করে দেখাচ্ছে তারা মহান পুরুষ মানুষ, আরেকদল চিন্তা করে, কমেন্ট করে সেইসব মহান পুরুষ মানুষদের সাথে সাথে নিজেদের জাস্টিফিকেশনও করে নিচ্ছে!
মজার ব্যাপার কী জানেন? প্রাচীন শিকারি সমাজে এই মানসিকতা কিন্তু ছিলো না। এই মানসিকতার উদ্ভব পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার সাথে সাথে।
ফ্রেডরিখ এঙ্গেলস তার ‘The Origin of the Family, Private Property and the State’-গ্রন্থে দেখিয়েছেন কীভাবে পিতৃতান্ত্রিক সমাজে পরিবার একটি অর্থনৈতিক ও উৎপাদন একক হিসেবে গড়ে উঠেছে। সেখানেই প্রথম স্ত্রীর শরীর ও শ্রম পুরুষের নিয়ন্ত্রাধীন সম্পত্তিতে পরিণত হয়।
বড় আপার সেই 'শর্তসাপেক্ষ ছুটি' কি সেই আদিম কাঠামোরই এক আধুনিক ও সূক্ষ্ম প্রকাশ না? যেখানে পিরিয়ডের দিনগুলোতে তাকে ধরা হয়েছে 'অযোগ্য’ হিসেবে- যে সময়ে সে বাড়িতে না থাকলেও স্বামীর কোন লস হবে না!
মানে ব্যাপারটা কি এই দাড়ালো না যে, আদিম অসভ্য সমাজেও মেয়েরা যেটুকু পেয়ে এসেছে এখনকার চুড়ান্ত সভ্য সমাজে সেই লিস্টটুকুও নেই তাদের জন্য। মানে আদিম পুরুষ ছিলো সভ্য আর সভ্য পুরুষ হয়েছে চুড়ান্ত জংলী! আবার তারা সভ্যতার বড়াই করে, পৌরুষের বড়াই করে! হোয়াট আ আইরনি!
৩.
মান্থলি সাইকেলটা একটা স্বাভাবিক বায়োলজিকাল প্রসেস। কিন্তু মেয়েদের লাইফের বায়োলজিকাল পার্ট যতখানি আছে টোটালটাই এর সাথে কানেক্টেড। আবার এই বায়োলজিকাল ব্যাপারটার সাথেই মানসিক কিছু ব্যাপার জিলাপির মত পেঁচিয়ে আছে। কিন্তু আমাদের দেশে মেয়েরা এই সাইকেল আর এর সাথে হওয়া শারীরিক-মানসিক কষ্টগুলোকে চাপা দিয়েই তার ডেইলি কাজকামগুলো করে যায়। কিন্তু তার মানে তো এই না যে এই কষ্টগুলো তার হয় না!
অথচ আমরা আমাদের ডেইলি লাইফে কতরকমভাবেই না নারীর সাহায্য নিয়ে থাকি! বেশিরভাগ ক্ষেত্রেই যারা পরিবারের সাথে থাকেন তাদের কাপড় ধুয়ে, শুকিয়ে, ইস্ত্রি করে রাখেন মা, বড় বা ছোট বোন, ভাগ্নি-ভাস্তি এরা। নাশতা, খাবার এসবের পুরো দায়িত্ব তো অবশ্যই মায়েরই। নিজের হাতে নিজের কোন কাজ বেশিরভাগ সময়েই ছেলেদের করতে হয় না। মায়েরা বা বোনেরাই সেটা করতে দেন না। আর যারা ব্যাচেলর থাকেন তাদের প্রয়োজনীয় কাজগুলো করে দেন খালা/বুয়া- আরেকজন নারী! কিন্তু এতকিছুর এগেইনস্টে নারীদের প্রতি স্বাভাবিক রেস্পেক্টটুকু আমাদের তৈরি হয় না। কেন?
ঘরের ভেতরে যারা আমাদের জীবনকে রিল্যাক্সড আর ইজি করেন, ঘরের বাইরে সেই একই নারীকে অবমূল্যায়ন করতে, টিজ করতে আমাদের বাধে না কেন? ঘরের নারীদের প্রতি ছেলেরা যে রেস্পেক্ট দেখায় সেটা কি অথেনটিক আসলে? নাহলে এক নারীকে সম্মান করে আরেক নারীকে অপমান করা যায় কীভাবে?
সিমোন দ্য বোভোয়ার তার গ্রন্থ The Second Sex- এ ক্লিয়ারলি দেখিয়েছেন যে সমাজ নারীকে সবসময় The Other বা পুরুষের পরিপূরক হিসেবে দেখেছে, স্বাধীন সত্তা হিসেবে নয়। আমাদের সমাজেও নারীরা আজও সেই ‘সেকেন্ড সে*ক্স’ হিসেবেই আছে! যাদের প্রাইম প্রায়োরিটি হতে হবে যেভাবেই হোক পুরুষের সব চাহিদা পূরণ করা। যুগটাই শুধু উত্তর-আধুনিক, মানসিকতা তো সেই আদ্যিকালের!
ঘরের ভেতরে ডিপেন্ডেন্সি আর বাইরের এই বুলিং, হ্যারাসমেন্ট প্রমাণ করে যে, আমাদের সমাজ নারীকে সেবা করার যন্ত্র হিসেবে গ্রহণ করেছে, কিন্তু মানুষ হিসেবে সম্মান দিতে শেখেনি! যে সমাজে পুরুষের পৌরুষ তার টুনটুনি-ঝুনঝুনিতে, সেখানে মেয়েদের আর মানুষ হয়ে ওঠার জায়গাই বা কোথায়!



পাঠকের মন্তব্য