আর্জেন্টিনার মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি গরুর মাংস খায়। মাথাপিছু বছরে প্রায় ৪৯-৫৫ কেজি গরুর মাংস সাবাড় করে তারা। এরপর আছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। এই দুই দেশের মানুষও বছরে গড়ে ৩৬-৩৯ কেজি গরুর মাংস খায়। এছাড়া মঙ্গোলিয়া, উজবেকিস্তান, ইসরায়েল, অস্ট্রেলিয়া, কানাডা, উরুগুয়ে ও চিলির মানুষও বেশ ভালোই গরুর মাংস খায়।
আর্জেন্টাইনরা এত গরুর মাংস খায় কেন? এর পেছনে ইতিহাস, ভূগোল আর সংস্কৃতির একটা ব্যাপার আছে। দেশটিতে পাম্পাস নামে বিশাল তৃণভূমি রয়েছে। গরু পালনের জন্য জায়গাটা একেবারে আদর্শ। ষোড়শ শতকে স্প্যানিশরা সেখানে গরু নিয়ে গিয়েছিল। এরপর গরুর বংশবৃদ্ধি হয়েছে ব্যাপকভাবে। বর্তমানে দেশটিতে গরুর সংখ্যা প্রায় পাঁচ কোটির বেশি। অর্থাৎ গরুর সংখ্যা মানুষের সংখ্যার কাছাকাছি!
আর্জেন্টাইনদের কাছে গরুর মাংস শুধু খাবার না, এটা তাদের সংস্কৃতির অংশ। তাদের খুব জনপ্রিয় একটা খাবার হচ্ছে আসাদো। অনেকটা আমাদের বারবিকিউর মতো। পরিবার, বন্ধু কিংবা আত্মীয়স্বজন মিলে কয়লার আগুনে গরুর মাংস পুড়িয়ে খায়। সপ্তাহে এক-দুইবার এমন আয়োজন করাও অনেক পরিবারের কাছে স্বাভাবিক ব্যাপার। গাউচো নামে পরিচিত ঐতিহ্যবাহী রাখালদের সংস্কৃতির সঙ্গেও গরুর মাংসের গভীর সম্পর্ক রয়েছে। একসময় সেখানে গরুর মাংস বেশ সস্তা ও সহজলভ্য ছিল। যদিও এখন অর্থনৈতিক সংকট আর দাম বাড়ার কারণে খাওয়ার পরিমাণ কিছুটা কমেছে, তবুও বিফের প্রতি তাদের ভালোবাসা কমেনি।
এবার আসি বাংলাদেশে। আমাদের অবস্থা একটু আলাদা। বাংলাদেশে একজন মানুষ বছরে গড়ে আনুমানিক ১.৫-২.৫ কেজি গরুর মাংস খায় বলে কিছু হিসাবে ধারণা পাওয়া যায়। অন্যদিকে একজন আর্জেন্টাইন বছরে খায় প্রায় ৪৯-৫৫ কেজি। অর্থাৎ আর্জেন্টিনার একজন মানুষ এক সপ্তাহে যে পরিমাণ গরুর মাংস খায়, একজন বাংলাদেশির সেই পরিমাণ খেতে কয়েক মাস সময় লেগে যায়। হিসাবটা একটু অস্বস্তিকর হলেও বাস্তবতা এমনই!
এর সবচেয়ে বড় কারণ অর্থনীতি। আমাদের দেশে গরুর মাংস এখন অনেকের কাছে নিয়মিত খাবার না, বরং বিশেষ উপলক্ষের খাবার। বাজারে গরুর মাংসের দাম দেখলে অনেকেরই খাওয়ার ইচ্ছার পাশাপাশি বাজেটের কথাও মনে পড়ে যায়। আমাদের প্রাণিজ প্রোটিনের অন্যতম প্রধান উৎস মাছ। মুরগিও বেশ জনপ্রিয়। তার ওপর বাংলাদেশে চারণভূমির পরিমাণ কম। ফলে গরু পালন ও মাংস উৎপাদনের ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে।
এখানে কুরবানি ঈদের একটা বড় ভূমিকা আছে। প্রতিবছর ঈদুল আজহায় বাংলাদেশে লাখ লাখ গরু, ছাগল ও মহিষ কুরবানি দেওয়া হয়। এর মধ্যে গরু ও মহিষের সংখ্যাও কয়েক দশ লাখ। কুরবানির মাংস শুধু যারা কুরবানি দেয় তাদের বাসায় থাকে না, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যেও বিতরণ করা হয়। অনেক পরিবারের কাছে কুরবানি ঈদই সারা বছরে তুলনামূলক বেশি গরুর মাংস খাওয়ার বড় সুযোগ।
একবার চিন্তা করেন, বাংলাদেশে যদি কুরবানি ঈদ না থাকত, তাহলে গরুর মাংসের বাজারের অবস্থা কী হতো? সম্ভবত সাধারণ মানুষের মাংস খাওয়ার সুযোগ আরও কমে যেত। কারণ, অনেক খামারি ঈদুল আজহাকে সামনে রেখেই গরু মোটাতাজা করেন। কুরবানির বাজারকে কেন্দ্র করে দেশে গরু পালন, কেনাবেচা ও পরিবহনের বিশাল একটা অর্থনীতি গড়ে উঠেছে।
সব মিলিয়ে আর্জেন্টাইনদের কাছে গরুর মাংস অনেকটা আমাদের কাছে ভাতের মতোই স্বাভাবিক খাবার। আর বাংলাদেশে গরুর মাংস খাওয়া অনেকের কাছে এখনো উপলক্ষনির্ভর। ওদিকে আর্জেন্টাইনরা সপ্তাহে এক কেজি বিফ খাচ্ছে, আর আমাদের অনেকের কাছে এক কেজি বিফ কেনাটাই মাসের বাজেটের জন্য একটা আলাদা ঘটনা!



পাঠকের মন্তব্য