মাটি খাওয়া

১৩ পঠিত ০ ... ৪ ঘন্টা ২৩ মিনিট আগে

 

মান্নান তরফদারের বয়স পঁয়ষট্টি। একসময় মন্ত্রণালয়ের সাধারণ কেরানি ছিলেন। অবসরের পর ধর্মকর্মে মন দিয়েছেন। দিন কাটে নামাজ, কোরআন তেলাওয়াত, ধর্মীয় বইপত্র পড়া আর মানুষের সমস্যা শুনে।

এলাকার মানুষ তাকে সম্মান করে। কেউ কেউ আড়ালে আল্লাহর ওলি বলেন। তিনি এসব পছন্দ করেন না। বলেন, ওলি হওয়ার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না।

তার পড়াশোনার পরিধি ভালো। সৌদি আরব, মিশর, মালয়েশিয়া, পাকিস্তানের কয়েকজন ইসলামি স্কলারের সঙ্গে ইমেইল আর হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ আছে। কোনো বিষয়ে সন্দেহ হলে তাঁদের কাছে জানতে চান।

তিনবার হজ করেছেন, চারবার ওমরাহ। খরচের বড় অংশ দিয়েছেন ভক্ত আর শুভাকাঙ্ক্ষীরা।

মান্নান সাহেব রুকইয়া করেন। কোরআনের আয়াত পড়ে পানি দেন, দোয়া করেন। অনেকে উপকার পেয়েছেন বলে জানান। তবে তিনি সব সময় একটা কথা বলেন, অসুস্থ হলে চিকিৎসকের কাছে যেতে হবে। দোয়া চিকিৎসার বিকল্প নয়।

মন্ত্রণালয়ের একজন সচিবও মাঝেমধ্যে তার কাছে আসেন। গত মাসে এসেছিলেন বড় মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে বলে। মান্নান সাহেব তাঁকে বলেছিলেন, আগে মেয়ের সঙ্গে কথা বলুন। সংসারের অনেক সমস্যা আছে, যা দোয়ার আগে কথাবার্তা দিয়ে মেটাতে হয়।

তার নিজের সংসার এখন নিরিবিলি। স্ত্রী মারা গেছেন সাত বছর আগে। এক ছেলে কানাডায়, মেয়ে ঢাকায়। গ্রামের গঞ্জের বাড়িতে তিনি একাই থাকেন। ভিটেমাটি একটা গ্রাম পরেই।

তার অতীত নিয়ে কেউ খুব বেশি কথা বলে না। বয়স বাড়লে মানুষের অতীত ছোট হয়ে আসে। বিশেষ করে যদি তার বর্তমানটা সম্মানজনক হয়।

সেদিন বৃহস্পতিবার। আসরের নামাজের পর বারান্দায় বসে একটি আরবি বই পড়ছিলেন। চা ঠান্ডা হয়ে গেছে। এমন সময় দুজন লোক এল।

একজনের বয়স পঞ্চাশের কাছাকাছি। পরনে সাদা পাঞ্জাবি। অন্যজনের বয়স চল্লিশ। নীল শার্ট, কালো প্যান্ট।

দ্বিতীয় লোকটির চোখে অদ্ভুত এক ধরনের স্থিরতা। তাকিয়ে থাকলে মনে হয়, সে সামনের মানুষটির মুখ দেখছে না। তার মাথার ভেতর কোথাও তাকিয়ে আছে। চোখের মণি নড়ে না। পলক পড়ে খুব কম।

পাঞ্জাবি পরা লোকটি নিজের পরিচয় দিল। নাম আবদুস সালাম। সঙ্গে তার ছোট ভাই আবদুল কাদের।

কাদেরের গঞ্জে স্টিলের থালাবাসনের দোকান আছে। স্ত্রী, দুই সন্তান। বড় ছেলে স্কুলে পড়ে, মেয়েটি ছোট। দোকান ভালোই চলে। নামাজ পড়ে, নেশা করে না, কারও সঙ্গে ঝগড়াঝাঁটি নেই। মোটের ওপর স্বাভাবিক মানুষ।

শুধু একটি সমস্যা।

সে মাটি খায়।

সব সময় নয়। বছরে একবার। মহররম মাসে টানা তিন দিন।

মাটিও এক ধরনের নয়। আমন ধানের জমির মাটি, নদীর পলিমাটি, ইটভাটার মাটি, বেলে মাটি, কবরের মাটি। কোথা থেকে কোন মাটি সংগ্রহ করবে, সেটাও আগে থেকে ঠিক করে রাখে।

মাটি খাওয়ার সময় শরীর খারাপ হয় না। ডাক্তার দেখানো হয়েছে। রক্ত পরীক্ষা, পেটের পরীক্ষা, কিছুতেই উল্লেখযোগ্য সমস্যা পাওয়া যায়নি। চিকিৎসক মাটি খেতে নিষেধ করেছেন।

কিন্তু কাদেরের বড় সমস্যা মাটি খাওয়া নয়। ওই তিন দিন সে মানুষের মনের কথা বুঝতে পারে।

মান্নান সাহেব প্রথমে বিষয়টিকে মানসিক সমস্যা বলে ধরে নিলেন। চিকিৎসকের পরামর্শ নিতে বললেন। জিন-পরির গল্পে উৎসাহ দেখালেন না। তাঁর অভ্যাস, যেকোনো অদ্ভুত ঘটনার আগে স্বাভাবিক ব্যাখ্যা খোঁজা।

কাদের এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। হঠাৎ মুখ তুলে বলল,

হজুর, আপনি ভাবছেন আমি মিথ্যা বলছি।

মান্নান সাহেব চুপ করে রইলেন।

কাদের বলল, আপনি আরও ভাবছেন, আমার ভাই আমাকে এখানে না আনলেই ভালো করত।

কথা দুটি অনুমান করা অসম্ভব নয়। কিন্তু কাদেরের চোখের চাহনিতে এমন কিছু ছিল, যা মান্নান সাহেবকে অস্বস্তিতে ফেলল। লোকটি যেন তার মুখ দেখছে না। তার ভেতরের কোনো দৃশ্য দেখছে।

বিদায়ের আগে কাদের জানাল, মহররমের সাত তারিখ থেকে তার তিন দিন শুরু হবে। ওই সময় যেন মান্নান সাহেব তাকে একটু দেখেন।

পরের কয়েক সপ্তাহে কাদেরের কথা মান্নান সাহেব প্রায় ভুলেই গেলেন। কিন্তু মহররমের সাত তারিখে আবদুস সালাম আবার এল।

তার মুখ শুকনো। চোখের নিচে কালি।

কাদের আবার মাটি খাওয়া শুরু করেছে। প্রথম দিন আমন ধানের জমির মাটি, দুপুরে নদীর পলিমাটি। বিকেলে কবরস্থান থেকে মাটি এনেছে।

সালাম জানাল, আগের রাতেই কাদের তাকে একটি বিপদ থেকে বাঁচিয়েছে।

সালাম ব্যবসার কাজে নগদ টাকা নিয়ে পাশের উপজেলায় যাচ্ছিল। কাউকে বলেনি। যাওয়ার পথে এক জায়গায় তার মনে হয়েছিল, পেছনের মোটরসাইকেলটি তাকে অনুসরণ করছে।

সে বিষয়টি গুরুত্ব দেয়নি। কিন্তু কাদের সকালে তাকে বলেছে, ওই রাস্তা দিয়ে যেন না যায়। তার ব্যাগে টাকা আছে, দুজন লোক তাকে ছিনতাই করার পরিকল্পনা করছে।

সালাম অন্য রাস্তা নেয়। পরে জানতে পারে, আগের রাস্তার একটি নির্জন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মান্নান সাহেব মনোযোগ দিয়ে শুনলেন।

এ ধরনের ঘটনা কাকতালীয় হতে পারে। তবে কাদেরের কাছে তথ্য পৌঁছানোর কোনো স্বাভাবিক পথ ছিল না।

এরপর সালাম আরও একটি ঘটনার কথা বলল।

তার প্রতিবেশী এক ব্যক্তি রাতে সন্দেহের বশে রাগের মাথায় নিজের স্ত্রীকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল।

কাদের বিকেলে তার বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছিল, আজ রাতে যেন সে ঘরে না ফেরে। তার হাতে যে জিনিসটি আছে, সেটি ফেলে দিতে।

লোকটি ভয় পেয়ে যায়। তার কাছে সত্যিই একটি ধারালো ছুরি ছিল। পরে সে নিজেই স্বীকার করে, রাগের মাথায় ভয়ংকর কিছু করে বসতে পারত।

মান্নান সাহেব এবার একটু চিন্তিত হলেন।

মানুষের মনের কথা বুঝতে পারা যদি সত্যি হয়, তাহলে বিষয়টি শুধু অদ্ভুত নয়, বিপজ্জনকও। কারণ মানুষের মাথার ভেতরে সব সময় ভালো চিন্তা থাকে না।

মহররমের আট তারিখ সন্ধ্যায় মান্নান সাহেব নিজেই কাদেরের দোকানে গেলেন।

দোকানটা ছোট। সামনে স্টিলের থালা, বাটি, গ্লাস, জগ সাজানো। ভেতরে কাদের বসে আছে। সামনে কাচের প্লেটে কালচে ভেজা মাটি।

দোকানের ভেতর স্যাঁতসেঁতে গন্ধ। নদীর পাড়ে বৃষ্টির পর যেমন গন্ধ ওঠে, অনেকটা তেমন। তার সঙ্গে পুরোনো কাপড় আর বন্ধ ঘরের গন্ধ।

কাদের জানাল, মাটি এনেছে একটি পুরোনো কবর থেকে।

মান্নান সাহেব জিজ্ঞেস করলেন, কেন আনলে এই মাটি?

কাদের বলল, আজ একজনের আসার কথা।

কে?

আপনার বাবা।

মান্নান সাহেবের শরীরের ভেতর শীতল অনুভূতি ছড়িয়ে গেল।

তার বাবা মারা গেছেন প্রায় ত্রিশ বছর আগে। গ্রামের বাড়িতে কবর দিয়েছেন। বাবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। মৃত্যুর সময়ও তিনি পাশে ছিলেন না।

কাদের বলল, তার বাবা একটি চিঠির কথা বলছেন। মায়ের নামে লেখা। ঘরের পেছনে পুরোনো কাঠের বাক্সে আছে।

বলতে বলতে তার গলা বদলে গেল। সরু, ভাঙা, প্রতিটা শব্দের আগে শ্বাস টানার ঘড়ঘড়ে আওয়াজ। মরার আগের কয়েক বছর তাঁর বাবা ঠিক এভাবে কথা বলতেন।

মান্নান সাহেব দোকান থেকে বেরিয়ে এলেন। তাঁর পা কাঁপছিল। তিনি নিজেকে বোঝাতে চাইলেন, এসব বানানো কথা। গ্রামের পুরোনো বাড়িতে কাঠের বাক্স থাকা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বাবার চিঠির কথা, মায়ের নামে লেখা, এগুলো সে কীভাবে জানল?

সেই রাতেই গ্রামের বাড়িতে ফোন করলেন। ছোট ভাইকে বললেন, পুরোনো বাক্সটি খুঁজতে।

বাক্সটি পাওয়া গেল। ভেতরে কিছু দলিল, ছবি, কয়েকটি চিঠি। একটি খামে মায়ের নাম লেখা। হাতের লেখা বাবার।

পরদিন চিঠিটি তাঁর হাতে এল।

শেষের দিকে লেখা:

মান্নানকে নিয়ে আমার চিন্তা হয়। ছেলেটা ছোটবেলা থেকেই বখে গেছে। তার জন্য অনেক কষ্ট পেয়েছি। আল্লাহ যেন তাকে হেদায়েত দেন।

আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট, আমি তাকে ক্ষমা করতে পারিনি।

মান্নান সাহেব চিঠি নামিয়ে রাখলেন।

তার অতীতের কিছু অধ্যায় কেউ জানে না।

কৈশোর থেকেই নেশা, জুয়া, মারামারিতে সিদ্ধহস্ত ছিলেন। গ্রামের মানুষ তাঁকে এড়িয়ে চলত। বাবা ছিলেন ধর্মভীরু। ছেলেকে নিয়ে অনেক চেষ্টা করেছেন। মসজিদে নিয়ে গেছেন, মাদ্রাসার শিক্ষকের কাছে পাঠিয়েছেন, শহরে চাকরির ব্যবস্থা করেছেন। কোনো কিছুতেই কাজ হয়নি।

তাদের বাড়িতে রহিমা নামে একটি বোবা মেয়ে কাজ করত। ছোটবেলা থেকে বাড়িতে ছিল। মান্নানের বাবা তাকে নিজের মেয়ের মতো দেখতেন। ঈদে নতুন কাপড় দিতেন, অসুখ হলে ডাক্তার ডাকতেন।

মান্নান রাতে নেশা করে বাড়ি ফিরলে রহিমা রান্নাঘর থেকে বের হতো না। একদিন রাতে বাবা উঠোনে রহিমাকে কাঁদতে দেখেছিলেন। সে কিছু বলতে পারেনি। কথা বলতে পারত না বলেই হয়তো বাঁচতে চেয়েছিল।

এরপরই বাবা তাড়াহুড়ো করে কাশেমের সঙ্গে তার বিয়ে দিয়েছিলেন। ওদের বাড়িতেই এক কামলা শ্রমিক ছিল কাশেম। গরিব মানুষ, কিন্তু পরিশ্রমী। বাড়ির পাশেই তাদের থাকার ব্যবস্থা হয়েছিল।

বিয়ের কিছুদিন পর রহিমা অন্তঃসত্ত্বা হয়। সন্তান জন্ম দেওয়ার সময় তার প্রসববেদনা শুরু হয়। ব্যথা চলেছিল টানা তিন দিন। মহররম মাসের এক সকালে রহিমা মারা যায়।

শিশুটির কী হয়েছিল, তা নিয়ে নানা কথা ছিল। কেউ বলেছিল, জন্মের পর বেঁচেছিল। কেউ বলেছিল, মৃত জন্ম হয়েছিল। কাশেম দাবি করেছিল, সে সন্তানকে দেখেছে। কিন্তু পরে শিশুটিকে আর কেউ দেখেনি।

মান্নানের বাবা রহিমার মৃত্যুর পর একেবারে চুপ হয়ে যান। ছেলের সঙ্গে সম্পর্ক আগেই খারাপ ছিল। এরপর আর মান্নানের মুখ দেখতে চাইতেন না। ক্ষমা না করার মতো কী করেছিল মান্নান, সেটা তিনি কাউকে বলেননি।

মান্নান তখন চাকরির অজুহাতে শহরে চলে গিয়েছিলেন। নেশা ছেড়েছেন, জুয়া ছেড়েছেন, মারামারি ছেড়েছেন, এসব অনেক পরে। ধর্মের দিকে ফিরেছেন আরও পরে।

বাবার মৃত্যুর আগে একবার দেখা করতে গিয়েছিলেন। বাবা মুখ ফিরিয়ে নিয়েছিলেন।

মহররমের আট তারিখ রাতেই কাদেরের দোকানে আবার গেলেন মান্নান সাহেব।

এবার দোকানটা আরও অন্ধকার লাগল। একটা বাল্ব জ্বলছে। তার আলোয় কাদেরের মুখটা অর্ধেক অন্ধকারে।

কাদের মেঝেতে বসে। সামনে সেই কাচের প্লেট। এবার মাটি লালচে। মাটির ওপর আঙুলের দাগ। যেন কেউ খুব যত্ন করে মাটি ছুঁয়ে ছুঁয়ে দেখেছে।

কাদের বলল, একটা মেয়ে ছিল। কথা বলতে পারত না। সে অনেক কষ্ট পেয়েছিল।

মান্নান সাহেবের গলা শুকিয়ে গেল।

তার নাম কী?

রহিমা।

নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে দোকানের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল।

কাদের থামল। তারপর আস্তে বলল, সে যাকে ভয় পেত, সে বাইরের লোক ছিল না। এই বাড়িরই লোক ছিল। সে নামটা বলতে পারেনি। বলার ভাষাই তো তার ছিল না।

মান্নান সাহেবের মনে হলো, কোথাও একটা শিশুর কান্না শোনা যাচ্ছে। খুব ক্ষীণ। যেন মাটির নিচ থেকে। তিনি চারদিকে তাকালেন। দোকানের বাইরে রাস্তা ফাঁকা। কোনো শিশু নেই।

কাদের প্লেট থেকে এক চিমটি মাটি তুলে মুখে দিল। চিবানোর শব্দ হলো না। সে যেন মাটি খাচ্ছে না। মাটিকে মুখের ভেতর রেখে তার স্বাদ নিচ্ছে। তার ঠোঁটের কোণে ভেজা মাটি লেগে আছে।

তারপর বলল, হুজুর, রহিমার ছেলেটা মারা যায়নি।

মান্নান সাহেব স্থির হয়ে গেলেন।

কী বলছেন?

ওকে কেউ মেরে ফেলেনি। ও বেঁচে ছিল।

কোথায়?

কাদের এবার তার দিকে তাকাল। সেই চোখ। পলকহীন, স্থির।

আপনার বাড়িতেই ছিল।

মান্নান সাহেব সেদিন আর কথা বলতে পারেননি। দোকান থেকে বেরিয়ে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। বাতাসে ভেজা মাটির গন্ধ। তাঁর মনে হচ্ছিল, গন্ধটা তাঁর গায়ে লেগে আছে।

পরদিন কাদেরের স্ত্রীকে ফোন করে তার জন্মসাল জানতে চাইলেন। চল্লিশ বছর আগে। মান্নান সাহেবের বয়স তখন পঁচিশ। রহিমার সন্তান জন্মানোর সময়ও প্রায় একই।

কাদেরের জন্মস্থান সম্পর্কে কেউ পরিষ্কার করে বলতে পারে না। তার বাবা-মা অনেক বছর আগে পাশের এলাকা থেকে এসে বসতি গড়েছিলেন।

একই এলাকায় বাড়ি। বয়সের হিসাবও মিলে যায়। কাদেরের চোখের গড়নেও একটা অদ্ভুত সাদৃশ্য আছে।

মান্নান সাহেবের মনে হতে লাগল, কাদের হয়তো রহিমার সন্তান।

হয়তো নয়।

মহররমের দশ তারিখ পেরিয়ে গেলে কাদের সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। পরদিন সকালে তার মাটি খাওয়ার কথা মনে থাকে না। আগের তিন দিনের কথাবার্তা মনে করতে পারে না। মানুষের মনের কথা বুঝতে পারার ক্ষমতাও থাকে না।

আবদুস সালাম জানিয়েছে, গত বছর দশ তারিখের পর কাদেরকে জিজ্ঞেস করেছিল, সে কীভাবে তার মেয়ের মৃত্যুর কথা জানল। কাদের অবাক হয়ে বলেছিল, সে তো এসব কিছুই জানে না।

এ বছরও একই ঘটনা ঘটেছে।

মহররমের দশ তারিখ সকালে কাদেরের স্ত্রী তাকে জিজ্ঞেস করেছিল, আগের রাতে সে কার সঙ্গে কথা বলছিল। কাদের উত্তর দিয়েছিল, কারও সঙ্গে নয়। সে তো সারারাত ঘুমিয়েছে।

অথচ দোকানের পাশের বাড়ির লোকজন তাকে রাতভর মাটি খেতে দেখেছে।

সেই বছর মহররমের দশ তারিখে মান্নান সাহেবের বাড়িতে একটি খাম এল। ডাকটিকিট নেই, প্রেরকের নাম নেই।

খামের ভেতরে একটি কাগজ।

হাতের লেখা তার বাবার।

মান্নান,

তুমি যখন এই চিঠি পড়বে, আমি থাকব না। তোমার জীবনে অনেক ভুল হয়েছে। মানুষের কাছে সম্মান পেয়েছ, ধর্মের কথা বলেছ, অনেকের উপকার করেছ। এগুলো ভালো কথা।

কিন্তু একটি মেয়ের জীবনের হিসাব তুমি কোনো দিন দিতে পারবে না।

রহিমা আমার মেয়ের মতো ছিল। সে মারা যাওয়ার আগে আমাকে একটি কথা বলেছিল। সে তোমাকে অভিশাপ দেয়নি। শুধু জানতে চেয়েছিল, তার সন্তানকে কেউ কোলে নেবে কি না।

আমি তাকে কথা দিয়েছিলাম, নেব।

আমি আমার কথা রেখেছি।

তুমি তাকে চিনবে না। চেনার দরকারও নেই।

তবে একটা কথা মনে রেখো, সব সন্তান বাবার নাম পায় না। কেউ কেউ মায়ের মাটির নাম পায়।

তোমার বাবা।

মান্নান সাহেব চিঠিটি কয়েকবার পড়লেন।

বাবা কি শিশুটিকে বাঁচিয়েছিলেন? কাশেমের কাছে রেখেছিলেন? কাদের কি সেই সন্তান? নাকি অন্য কেউ?

চিঠিটি ভাঁজ করে টেবিলে রাখলেন। এই চিঠি কেন এল, তার খোঁজ করলেন না। একবারও মনে হলো না, একজন মৃত ব্যক্তি তাঁকে কীভাবে চিঠি লিখলেন।

সন্ধ্যার পর থেকে তাঁর অস্বস্তি শুরু হলো। মনে হচ্ছিল, বাড়ির কোথাও কেউ হাঁটছে। কখনো বারান্দায়, কখনো পেছনের উঠানে। কিন্তু বেরিয়ে কাউকে পাওয়া গেল না।

আর তার মুখ ভরে যাচ্ছে মাটির স্বাদে। বারবার কুলি করেও লাভ হচ্ছে না।

রাত প্রায় একটা। হঠাৎ দরজায় তিনবার শব্দ হলো।

টক। টক। টক।

বাইরে থেকে খুব নিচু স্বরে কেউ বলল,

হুজুর, মাটি খাবেন?

মান্নান সাহেব দরজা খুললেন না।

কণ্ঠস্বরটি কাদেরের।

কিছুক্ষণ পর আবার শব্দ হলো। এবার দরজার নিচ দিয়ে ভেজা মাটির গন্ধ আসতে লাগল। এত তীব্র গন্ধ, যেন দরজার ওপাশে কেউ এক মুঠো সদ্য খোঁড়া মাটি ধরে দাঁড়িয়ে আছে।

তিনি পেছনে সরে গেলেন।

হঠাৎ মনে হলো, কাদের তার সামনে দাঁড়িয়ে আছে। নীল শার্ট, স্থির চোখ। কিন্তু লোকটি দরজার বাইরে নয়। ঘরের ভেতরে। একেবারে তার সামনে।

কাদেরের চোখের দিকে তাকিয়ে মান্নান সাহেবের মনে হলো, সে তার মনের ভেতর থেকে এমন একটি দৃশ্য তুলে আনছে, যা তিনি চল্লিশ বছর ধরে ভুলে থাকতে চেয়েছেন।

একটি রাত। নেশা করা শরীর। উঠোনের অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে। তার চোখে ভয়। সে মুখে কিছু বলতে পারছে না, শুধু হাত দিয়ে সরিয়ে দিতে চাইছে।

তারপর দৃশ্য বদলে গেল।

একটি ছোট শিশু। সাদা কাপড়ে মোড়ানো। পুরোনো বাড়ির পেছনের ঘরে শুয়ে আছে। পাশে তার বাবা। শিশুটির হাত নড়ছে।

তারপর আবার দৃশ্য বদলে গেল।

মাটির ওপর একটি ছোট হাত। আঙুলগুলো মাটি আঁকড়ে ধরছে।

মান্নান সাহেব চিৎকার করতে চাইলেন। গলা দিয়ে শব্দ বের হলো না। তাঁর মুখ ভরে গেছে মাটি দিয়ে। কিচকিচ করছে।

পরদিন সকালে কাজের লোক তাকে বারান্দায় মৃত অবস্থায় পেল। চোখ খোলা। মুখে আতঙ্কের ছাপ। চিকিৎসক জানালেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

টেবিলের ওপর বাবার চিঠিটি ছিল। শেষের দিকে নতুন একটি বাক্য লেখা:

সে তোমাকে চিনেছে।

কাদেরকে কোথাও খুঁজে পাওয়া গেল না।

তবে দশ তারিখ দুপুরে তাকে গঞ্জের দোকানে দেখা গেল। সে স্বাভাবিকভাবে স্টিলের থালা-বাটি বিক্রি করছিল। মহররমের তিন দিনের কোনো স্মৃতি তার নেই।

মান্নান তরফদারের মৃত্যুর খবর শুনে সে শুধু বলেছিল, সব মানুষ একদিন মাটিতেই ফিরে যায়।

তারপর কাজে মন দিয়েছিল।

রহিমার সন্তান বেঁচে ছিল কি না, কাদের তার সন্তান কি না, কিংবা মান্নান সাহেব মৃত্যুর আগে সত্যিই কাউকে দেখেছিলেন কি না, কোনো প্রশ্নের উত্তর মেলেনি।

শুধু একটি ব্যাপার প্রতি বছর ঘটে।

মহররমের তিন দিন তার ভেতর থেকে অন্য কেউ জেগে ওঠে। সে মানুষের গোপন ভয়, লুকানো অপরাধ, অনুচ্চারিত অনুশোচনা দেখতে পায়। তারপর তিন দিন শেষে আবার সব ভুলে যায়।

তখন সে আবার সেই পরিচিত দোকানদার, স্ত্রী-সন্তান নিয়ে সংসার করা একজন সাধারণ মানুষ। থালা-বাটি বিক্রি করে, ছেলেমেয়ের স্কুলের খরচ দেয়, স্ত্রীর সঙ্গে বাজারের হিসাব করে। আগের তিন দিনের কথা তার মনে থাকে না।

আর মহররমের দশ তারিখ রাতে তার বাড়ির উঠানে এক মুঠো ভেজা মাটি পাওয়া যায়।

কাদেরের স্ত্রী মাটি সরিয়ে ফেলেন। পরদিন আর কিছু থাকে না।

মাটির নিচে কী থাকে, তা মানুষ জানে না। কিন্তু মাটি সবকিছু নিজের মধ্যে রেখে দেয়। মানুষের নাম, অপরাধ, ভালোবাসা, জন্মের কান্না, মৃত্যুর নীরবতা।

কেউ মাটিতে শুয়ে থাকে। কেউ মাটি খায়।

মাটির কাছে অবশ্য এসবের কোনো হিসাব নেই।

সে শুধু অপেক্ষা করে।

১৩ পঠিত ০ ... ৪ ঘন্টা ২৩ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top ​