বৃদ্ধাশ্রমের মতো মেয়েদের জন্যও আশ্রম চাই যাতে নির্যাতন থেকে বাঁচতে বাপের বাড়ি যেতে না পারলে অন্তত আশ্রমে আসতে পারে

৮ পঠিত ০ ... ১ ঘন্টা ৩৩ মিনিট আগে

 

 

20 (34)

 

সকালে ঘুম থেকে উঠে নানা নিউজ পোর্টাল ঘোরাঘুরি করা পুরোনো অভ্যাস। নাস্তা খেতে খেতে নানান নিউজ দেখছিলাম। হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেল। ঢাকার উত্তরখানে একজন মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে তার ওপর নির্যাতন শুরু করে তার স্বামী। সে বাসায় চলে যায়। তারপর আবার ‘পারিবারিক সমঝোতা’ করে তাকে তার বাসায় ফেরত পাঠানো হয়। তার মৃত্যুর দুই দিন আগে তিনি তার বাবাকে বলেছিলেন তাকে নিয়ে যেতে। আর দুই দিন পর তার স্বামী তার পরিবারকে ফোন করে জানায়, সে আত্মহত্যা করেছে। (প্রথম আলো, ৯ নভেম্বর)

এমন কোনো অসাধারণ ঘটনা নয়। এমন নিউজ প্রতিদিনই দেখছি। সারাদেশের কোথাও না কোথাও এমন হচ্ছেই! যৌতুকের জন্য বা স্বামী পরকীয়া করে, অথবা স্বামী অযথা সন্দেহ করে এটা-সেটা নানান বাহানায় স্ত্রীর গায়ে হাত তোলে। স্ত্রী বাবা-মায়ের কাছে যায়। তারপর নাকি কীসের সমঝোতা হয়, বাবা-মা বোঝায়, পাঠায় মেয়েকে সংসার করতে। এরপর সেই মেয়ে ফেরে লাশ হয়ে। বেশিরভাগই বলে মেয়ে সুইসাইড করেছে। মেয়ের সারা গায়ে কালশিটে দাগ থাকলেও সুইসাইড, মেয়েকে নির্যাতনের ভিডিও থাকলেও সুইসাইড!

এই তো কয়েক দিন আগে এক অন্তঃসত্ত্বা মেয়ে মারা গেল। তার মা নাকি নাস্তা কম এনেছিল তার শ্বশুরবাড়ি, এই নিয়ে ঝামেলা! সে-ও নাকি সুইসাইডই করেছিল। একজন মা, যে নিজের মাঝে আরেক প্রাণ নিয়ে আছে, নিজের জীবনের চেয়েও বেশি যে সেই প্রাণের জন্য কেয়ার করে, সে-ও সুইসাইড করেছে!

এবার আপনাদেরকে একটু পরিসংখ্যানের দিকে নিয়ে যাই, যদিও এসব আপনার-আমার কাছে সংখ্যামাত্র হয়তো। গত দুই মাসে, মানে সেপ্টেম্বর আর অক্টোবরে, এইচআরএসএসের হিসাবে পারিবারিক সহিংসতায় অন্তত ৯০ জন নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন। যৌতুকজনিত সহিংসতায় নিহতের সংখ্যা ১৫। বাংলাদেশ মহিলা পরিষদের হিসাবে সেপ্টেম্বরে ২৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার এবং ৫২ জন নিহত হয়েছেন। (ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন ও এইচআরএসএসের প্রতিবেদন থেকে)

এগুলো বিভিন্ন নিউজ পোর্টাল থেকে নেওয়া সংবাদ। এছাড়াও দেশের আনাচে-কানাচে এমন আরও কত কিছু হয়ে যাচ্ছে, তার খোঁজ তো পাওয়াও সম্ভব না। যেসব মেয়েরা একদম নিম্নবিত্ত, বস্তি এলাকায় থাকে, তাদের হিসাব নেই-ই কোথাও। কত কত ক্ষেত্রে যে কেসও হয় না, টাকা দিয়ে, ব্ল্যাকমেইল করে মুখ বন্ধ করে। বাবা-মা ভাবে, মেয়ে তো গেছেই, কেস করে কী লাভ আর! তাদেরটাও এসব হিসাবের বাইরেই। তার ওপর যতগুলো কেস হয়েছে, কারও তেমন শাস্তিও চোখে পড়ে না। কেউ জানে না এসব অপরাধীর কী হয়, তাদের আদৌ শাস্তি হয় কি না! দৃষ্টান্তমূলক শাস্তি নেই দেখেই মেয়েদের ওপর নির্যাতনে কারও আর বুক কাঁপে না!

তো এসব দেখার পর আমার মনে হলো, আসলে আমাদের দেশে বিবাহিত, অবিবাহিত, বাচ্চার মা বা যেকোনো নারীর জন্য আসলে এখন দরকার একটা আশ্রম। যেই আশ্রমে অসহায় মেয়েরা থাকতে পারবে নিজেদের মতো করে। যেখান থেকে কেউ তাদেরকে জোর করে নিয়ে যেতে পারবে না। গায়ে হাত তুলতে পারবে না। এই যে ধরেন, যেই মেয়েটা স্বামীর নির্যাতনের জন্য বাপের বাড়ি চলে আসছিল, এই মেয়েটা যাইত সেই আশ্রমে। কিংবা শ্বশুরবাড়িতে নির্যাতিত হওয়া মেয়েটা, সে-ও যাইত। পারিবারিক সমঝোতার মতো ফালতু নাটক দেখতে হইত না। নিজেরা কাজ করে নিজেদের মতো থাকত। বাচ্চা নিয়ে থাকত বা নিজেরাই থাকত। কোনো এক ধর্ষিতা মেয়েও যেতে পারত সেখানে, কেউ জাজ করত না। সমাজ নামের এই নোংরা সিস্টেমের শিকার হয়ে কারও মারা যেতে হতো না। মেয়েগুলো বেঁচে থাকত।

মেয়েদের বাবা-মায়েদেরও উচিত মেয়ের বিয়ের জন্য টাকা না জমিয়ে আসলে মেয়ের জীবন বাঁচানোর জন্য একটা জায়গা করে দেওয়া। বিয়ে তো হবেই। কিন্তু মেয়ের জন্য যদি একটা রুমও বানিয়ে দিতে পারেন, যেখানে মেয়েটা উঠলে কেউ কিছু বলার নাই, মেয়েটাই তার মাথা গোঁজার ঠাঁইয়ের মালিক, তাহলেও মেয়েটার জন্য দুনিয়াটা সহজ হয়। অন্তত মার খেলে নিজের মাথা গোঁজার ঠাঁইটুকুতে আশ্রয় নিতে পারবে। বাপের ঘাড়ে বসে খাস, এই কথা শোনানোর কেউ থাকবে না। অনেক মেয়েরই বিয়ের পর বাপের বাড়িতে ভাই-ভাবির আশ্রয়ে গিয়ে ওঠাটাও সম্ভব হয় না। মেয়ের ওপর নির্যাতন হলে সেখান থেকে মেয়েকে নিরাপদে নিয়ে আসাটাই মেয়েটাকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায়, এটাও কেন মেয়ের বাবা-মায়েরা বোঝেন না, আমি জানি না! তাদের কেন মনে হয় না যে, একবার তাদের মেয়েকে যে মারতে পারে, সে আরও বেশি ব্রুটাল হয়ে আবার মারতে পারে! কোনো মানুষ একদিনে ঠিক হয়ে যায় না। যার বাবা-মা তাকে ৩০-৩২ বছর ধরে মানুষ বানাতে পারেনি, যে তাদের মেয়েকে মানুষ হিসেবে গণ্যই করে না, তার কাছে তাদের মেয়ে কীভাবে নিরাপদ হয়? আর সে একটা পারিবারিক বৈঠকেই বা ঠিক হয়ে যায় কীভাবে?

তাই মেয়েদের বাবা-মায়েরা, সমাজের যত সহৃদয়বান ব্যক্তিবর্গ আছেন, তারা বৃদ্ধাশ্রমের পাশাপাশি এমন কিছু মেয়ে আশ্রমও গড়ে তুলুন। পারিবারিক সমঝোতা, মানিয়ে চলা এসব নাটক বন্ধ করে মেয়েদের ওপর নির্যাতন হলেই তাকে আশ্রমে যেতে দিন! মেয়েদেরকে বাঁচাতে এ ছাড়া আর কোনো রাস্তাই এখন দেখি না!

৮ পঠিত ০ ... ১ ঘন্টা ৩৩ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top ​