ট্রাভেল পাস

৬৩ পঠিত ০ ... ১৭:২৪, নভেম্বর ১০, ২০২৬

10 (34)

কালের কণ্ঠে খবরটা দেখে হৃদস্পন্দন বেড়ে যায় সহমত ভাইয়ের। পাঁচ মিনিট পরপর একই খবর আপলোড করছে কালের কণ্ঠ। সহমত ভাই ডিপ্লোম্যাটিক বিটের স্পেশাল করেসপন্ডেন্ট মহীরুহ ভাইকে ফোন করে, ও মহী ভাই; খবরটা সঠিক নাকি!

-- ক্যান, আপনে রয়টার্স ইন্ডিয়া দেখেন নাই! লোকাল যে সাতাশটা মিডিয়া আছে, তারা কপি-পেস্ট করতেছে। কিন্তু রয়টার্স ইন্ডিয়ার কাছে খবরটা ব্রেক করছিলাম আমি। আমারে ধারাপাত ভাই ফোন কইরা জানাইছিলেন।

উত্তেজনায় কাঁপতে কাঁপতে সহমত ভাই শিবব্রতদাদাকে ফোন করে। ফোনটা ধরেই শিবব্রতদাদা বলে, আমি প্রথমা কলকাতায় খবরটা দেখেছি। ওখানে ল'ফার্মের চিঠিটা দিয়েছে।

ল'ফার্ম শব্দটুকু পুঁজি করে সহমত ভাই ললিতাদিকে ফোন করে। ললিতাদি ল'ফার্ম শুনেই বলে, এবার তাহলে শিওর।

ললিতাদি আনারকলিকে ফোন করে বলে, ল'ফার্ম জানিয়েছে; আপা আসছে।

আনন্দে জ্ঞান হারায় আনারকলি। আনারকলির কোনো সাড়াশব্দ না পেয়ে ললিতাদি আনারকলির ছোট বোন আকলিমা নদীকে ফোন করে বলে, আনারকলির ঘরে গিয়ে ওর মুখে পানির ঝাপটা দাও। ও খুশির খবর শুনে অজ্ঞান হয়ে গেছে।

ঢাকা ক্লাবে আজ চাপা উত্তেজনা। একটা টেবিলে কিছুক্ষণ পরপর টুইসডে ক্লাবের নাম শোনা যায়। কে একজন বলে, তাই তো বলি, কেন হাবিল-কাবিল ভাই এত ঘন ঘন দোহা যাচ্ছে ইইউ-এর দূতদের সঙ্গে বৈঠক করতে।

একজন ফিসফিস করে বলল, কয়েকদিন মাতারবাড়ি মাতারবাড়ি শুনেই আমি ধারণা করেছিলাম, মাদার বাড়ি ফিরবেন।

অগ্রবর্তী সাংবাদিকদল চট্টগ্রামে গিয়ে রিজিওনাল ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক কো-অপারেশন নিয়ে সেমিনারে গোল হয়ে বসে পড়ে। ঢাকায় আজকাল সেমিনারের মর্যাদা কেউ বোঝে না। গঠনমূলক কিছু দেখলেই দঙ্গলবাজেরা এসে পড়ে।

সাতাশটা মিডিয়ার সাংবাদিক প্রতিমন্ত্রীকে ঘিরে ধরে ল'ফার্মের চিঠির জবাব পেতে। প্রতিমন্ত্রী হেসে ফেলেন। সেই হাসি একেবারে বুকে গিয়ে লাগে ডিপ্লোম্যাটিক বিটের মহীরুহ ভাইয়ের।

কিছুক্ষণ পর সহমত ভাইয়ের আবার ফোন আসে, ও মহীরুহ ভাই, মন্ত্রী যে পাত্তাই দিলেন না। কী যে কুফা লাগল, ককটেল ফুটাইলেও শব্দ হয় না; বিহঙ্গ বাস পুড়াইলেও শোডাউন হয় না। কিছুতেই কিছু হয় না।

সমমনা ভাই রেগে গিয়ে ফেসবুকে মিডিয়ার সমালোচনা করে, কোথাকার কোন ল'ফার্ম একটা চিঠি দিয়েছে; সেইটারে ব্রেকিং নিউজ বানাইয়া সারাদিন বাজাইলো। খাইয়া-দাইয়া কাজ নাই এই মিডিয়াগুলির।

সমমনা ভাই রেগে আছে দেখে শিবব্রতদাদা তাকে ফোন করে বলে, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধেও শত্রুপক্ষের প্রতি কিছু করুণা, কিছু সহানুভূতি চোখে পড়ে। কী হয় একটা ট্রাভেল পারমিট দিয়ে দিলে!

-- আর বলবেন না দাদা, একের পর এক ব্রেকিং নিউজ দেখে মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল।

-- এখন যারা বিরোধী দল, তাদেরকে তো বিরোধী হিসেবে মানায় না সমমনাদা। আপনাদের যোগ্য একটি বিরোধী দলও প্রয়োজন। যে আশাটুকু করেছিলাম তরুণদের নিয়ে; সে আশা তো তারা ভেঙে দিয়েছে।

আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া গাছ ভেবেছিলাম,
যার উদ্দেশ্যে ধ্রুপদি বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম,
গতকাল বলাইবাবু বললেন, ওইটি বাঁদরলাঠি গাছ।

হোয়াটসঅ্যাপে শতবর্ষের নীরবতা গ্রুপ আজ আবার মুখরিত হয়ে ওঠে। জুলাই বিপ্লবীর ঢংটুকু ধরে রেখে জেনি ফেসবুক স্ট্যাটাস দেয়, আসতে দিতে কি ভয় পাচ্ছি আমরা! কোথায় দুর্বলতা আমাদের!

রসিকতার ছলে নেলি ফেসবুক স্ট্যাটাস দেয়, মাত্র একদিন রাজপথে ছিলাম। চোখে টিয়ার গ্যাস লাগতেই চোখে টুথপেস্ট দিয়ে আগোরায় ঢুকে গিয়েছিলাম। আমারে নিশ্চয়ই আপা ক্ষমা করবে।

একজন অগ্রবর্তী বুদ্ধিজীবী নিউমিডিয়ায় ফটোকার্ড হওয়ার বাসনায় লিখতে থাকে, জনপ্রিয় ভোটে নির্বাচিত এ সরকারটিকে সবসময় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন নিয়ে আইনানুগ কাজ করতে হবে। কোনো একটি দলকে এ দেশের জনগণ আর চায় কি না; তা জনগণকেই ঠিক করতে হবে। আর ইতিহাসে নেলসন ম্যান্ডেলার মতো মহৎ হওয়ার সুযোগ বারবার আসে না। সুযোগ এসেছে যখন, তখন তা লুফে নেওয়াই যথার্থ। উমবের্তো একো লিখেছেন, Stat rosa pristina nomine, nomina nuda tenemus.

এরকম দিস্তার পর দিস্তা মাটি নরম করা সেচকাজে নেমে পড়েন নগরের প্রাজ্ঞ ও বোদ্ধা লেখকদল। পুনর্মিলনের দলিল লেখকদের টাইপরাইটারের শব্দ গান হয়ে বাজে।

কেউ কেউ বুবু বিরোধিতার ছল করে বলে, একজন দণ্ডিত আসামি কিছুতেই পাসপোর্ট পেতে পারে না। তবে তাকে ট্রাভেল পাস দেওয়া যেতেই পারে।

চারদিকে এসো হে বুবু, এসো এসো শুনে ললিতাদি আনন্দে ঘুমিয়ে পড়ে। দেখে, শ্রীকৃষ্ণের রথে চড়ে অর্জুনের সাজে বুবু রওনা দিয়েছে, তার পাশে বসে জাপানি ছাতাটি ধরে রেখেছে অপু উকিল। ঘোড়ায় চড়ে ক্ষত্রিয়ের বেশে শামীম ওসমান। আরও ষোলোটি ঘোড়ায় পৌরাণিক সাজে নানক, আরাফাত, হারুন, বিপ্লব, পংকজ, সাদ্দাম, বেনজির, মনির, পাঁচ মেজর জেনারেল। সামনে তরবারি উঁচিয়ে বলশালী ঘোড়ার পিঠে তারেক সিদ্দিকি। তার সামনে পথে পথে ডালা থেকে পুষ্প ছড়াচ্ছে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামাল। শুভেন্দু রাজ্যের সীমান্তে সিংহদুয়ার খুলে বীরপূজা করছে। ময়ূখরঞ্জন ঘাড়ে একটি গদা নিয়ে উড়ে উড়ে রিপোর্ট করছে। ঢুলি ঝুমঝুম বাজনদার আজতক লাইভে ঢোল বাজাচ্ছে। গৌতম লাহিড়ি ইউটিউব লাইভে বারবার বলছে, আগেই বলেছিলাম। আকাশবাণীতে গোল্ডেন ভয়েস দেবদুলাল বন্দ্যোপাধ্যায় উদাত্ত কণ্ঠে বলছেন, সীমান্তের ওপারে তাঁর অপেক্ষায় আনন্দাশ্রু নিয়ে হাজির হাজার বছরের শ্রেষ্ঠ বুবুভক্তেরা। রাজসিক প্রত্যাবর্তনের পরাক্রমশীলতায় সীমান্তরক্ষীরা পাথরের মূর্তি হয়ে গেছে।

ললিতার কণ্ঠে জিতবে এবার নৌকা, নৌকা চিৎকার শুনে ললিতার স্বামী কবি সমুদ্র কবির পাশের ঘর থেকে এসে তার চোখে-মুখে পানি দেয়। ঠোঁটের ওপর আঙুল দিয়ে বলে, চুপ। বাস পুড়িয়ে যে ছেলে দুটো এসে ছাদে লুকিয়েছিল; পুলিশ তাদের এইমাত্র ধরে নিয়ে গেল।

ললিতাদিকে ঘুমের ওষুধ খাইয়ে পাশের ঘরে ফিরে যায় কবির, ডুবে যায় কবিতার খাতায়। হেডফোনে বাজছে,

এই কি গো শেষ দান?
বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান
মোর আরও কথা ছিল বাকি,
আরও প্রেম আরও গান।
এই কি গো শেষ দান?
ক্ষণিকের মালাখানি তবে কেন দিয়েছিলে আনি
কেন হয়েছিল শুরু, হবে যদি অবসান।
এই কি গো শেষ দান?
যে পথে গিয়াছ তুমি, আজ সেই পথে হায়
আমার ভুবন হতে বসন্ত চলে যায়
হারানো দিনের লাগি, প্রেম তবু রহে জাগি
নয়নে দুলিয়া ওঠে, হৃদয়ের অভিমান।
এই কি গো শেষ দান?

৬৩ পঠিত ০ ... ১৭:২৪, নভেম্বর ১০, ২০২৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top ​