স্বামী-স্ত্রী দুজন চাকরি করলে সন্তানের উপর প্রভাব পড়ে, তাই মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন শাহে আলম

৪১ পঠিত ০ ... ১ ঘন্টা ৩৪ মিনিট আগে

 

সম্প্রতি ‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক, এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না’ এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। পাশাপাশি তাকে নিয়ে চলছে ব্যাপক ট্রলও। তবে এসব আলোচনা-সমালোচনার মাঝেই এবার চমকপ্রদ এক সিদ্ধান্ত নিয়েছেন শাহে আলম সাহেব। জানা গেছে, নিজের সন্তানের সঠিক দেখভালের স্বার্থে তিনি নিজেই মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন।

দেশের ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো কোনো মন্ত্রী উপলব্ধি করতে পেরেছেন, মন্ত্রিত্ব আসলে শুধু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নয়, এটিও একধরনের চাকরি। আর চাকরি করলেই যেহেতু সন্তানের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে, তাই নিজের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই এবার বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। কাল্পনিক এক সাক্ষাৎকারে শাহে আলম সাহেব জানান, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি মন্ত্রিত্ব ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। কারণ, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের সন্তানের দায়িত্বে অবহেলা হোক, তা তিনি কোনোভাবেই চান না।

এদিকে তাঁর এমন সিদ্ধান্তে দেশের কর্মজীবী মায়েদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে। এতদিন সন্তান পালনের স্বার্থে চাকরি ছাড়ার পরামর্শটা মূলত নারীদেরই দেওয়া হতো। সন্তান ছোট হলে মায়ের চাকরি করা উচিত কি না, সন্তান কার কাছে থাকবে, মায়ের চাকরির কারণে সন্তান ঠিকমতো বড় হচ্ছে কি না, এসব প্রশ্নের মুখোমুখি হতে হতো কর্মজীবী নারীদেরই। এবার অন্তত একজন পুরুষ নিজের চাকরি ছাড়ার কথা ভাবছেন। তাও আবার সাধারণ কোনো চাকরি নয়, একেবারে প্রতিমন্ত্রীর পদ! বিষয়টি তাই অনেকের কাছেই বেশ আনন্দের।

এমনই একজন কর্মজীবী নারী আমাদের বলেন, সন্তানের স্বার্থে একজনের চাকরি ছাড়া জরুরি হলে তিনি নিজেই ছাড়তে রাজি। এতদিন তো সব দায়িত্ব মায়ের ওপরই চাপিয়ে দেওয়া হতো। এবার অন্তত একজন বাবা নিজের ক্যারিয়ার বিসর্জন দেওয়ার কথা ভাবছেন। বিষয়টি সত্যিই প্রশংসনীয়। আমরা তাঁর এই আত্মত্যাগকে সম্মান জানাই। মন্ত্রিত্বের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে সন্তানের পাশে থাকার সিদ্ধান্ত নেওয়া চাট্টিখানি কথা নয়।

Big fan, Shah Alam bro!

৪১ পঠিত ০ ... ১ ঘন্টা ৩৪ মিনিট আগে

Top ​