১.
ভিসবাডেন। জার্মানির এক ক্যাসিনো শহর। চলছে আগস্ট মাস। ভয়ানক এক তপ্ত দুপুর। এই কাঠফাটা রোদের তাপে হোটেলের এক ছোট্ট দমবন্ধ করা রুমে বসে আছেন এক রাশিয়ান লেখক! ফিয়োদর দস্তয়েভস্কি!
লেখক! আজকাল এই পরিচয় দিতে হাসি পায় তাঁর। কতকাল হলো লেখালেখির সাথে কোনো সম্পর্ক নেই! জীবনটা যেন তাঁকে নিয়ে শুধুই লুকোচুরি খেলছে! আজ চুয়াল্লিশ বছরে এসেও জীবনের পার করে আসা দিনগুলোর স্মৃতি তাঁকে তাড়া করে নিয়ে বেড়ায়। তাতে প্রিয়তমা স্ত্রী, ভাই- একে একে সবাই ছেড়ে যাচ্ছে তাঁকে। যন্ত্রণাভরা অতীত ও একাকীত্ব ভুলতে তিনি মরিয়ার মতো জুয়ার টেবিলে মেতে উঠেছেন। নিঃস্ব হচ্ছেন, তবুও খেলে যাচ্ছেন।
কিন্তু আজ পরিস্থিতি আলাদা। এমন অবস্থায় পড়েছেন যে খাবারের বিল দেওয়ার টাকা নেই পকেটে। শেষ সম্বল সোনার আংটি, ঘড়ি- এমনকি গায়ে পরার বাড়তি জামাকাপড়টাও ক্যাসিনোর জুয়ার টেবিলে হেরে এসেছেন। ঘরে নেই আলো। ওদিকে মাথায় ঘুরছে এক তরুণ ছাত্র! আর তার অপরাধবোধের গল্প!
কিন্তু তার আগে এই বিদেশি দেনা শোধ করা দরকার! বাড়ি ফেরা চাই! লেখা শুরু করে দিতে হবে তাঁকে! দস্তয়েভস্কি সেই বিকেলের মরা আলোয় চিঠি লিখতে বসলেন দ্য রাশিয়ান মেসেঞ্জারের সম্পাদকের ঠিকানায়!
তুমি আমাকে ৩০০ রুবল অগ্রিম দাও, আমি তোমাকে একটা চমৎকার গল্প দেব!
২.
দস্তয়েভস্কি সেন্ট পিটার্সবার্গে ফিরেছেন কিছুদিন- তবু শান্তি নেই! মাথার ভেতরের সেই তরুণ ছাত্র দিনরাত কামড়াচ্ছে যেন তাঁকে। আর বাইরে কামড়াচ্ছে পাওনাদারদের হুমকি-ধমকি!
এদিকে হাতে একটা পিতলের পয়সাও নেই! যেন পাগল হয়েই এক চুক্তি করে বসলেন এক শাইলকের সাথে! এফ. টি. স্টেলোভস্কি! কুখ্যাত এক প্রকাশক! চুক্তিটি ছিল ভয়াবহ! ৩,০০০ রুবলের বিনিময়ে তাঁর আগের সব লেখার কপিরাইট চলে গেল স্টেলোভস্কির হাতে। আর চুক্তির অন্য শর্ত ছিল, ১৮৬৬ সালের ১ নভেম্বরের মধ্যে দস্তয়েভস্কিকে সম্পূর্ণ নতুন একটি উপন্যাস জমা দিতে হবে। ব্যর্থ হলে, আগামী ৯ বছর দস্তয়েভস্কির লেখা সমস্ত বইয়ের কপিরাইট একেবারে ফ্রিতেই স্টেলোভস্কির দখলে চলে যাবে!
এদিকে মাথার ভেতরের সেই তরুণ, যার নাম রেখেছেন তিনি ‘রাসকোলনিকভ’, খুন করে বসেছে এক সুদের কারবারি বৃদ্ধাকে! আর তার ভেতরেই যেন সময়ে সময়ে জেগে উঠছে তরুণ দস্তয়েভস্কির নিজের জীবনের মানসিক হাহাকার!
১৮৪৯ সালের এক শীতের সকাল। বরফে ঢাকা সেন্ট পিটার্সবার্গের এক ফায়ারিং স্কোয়াডে সারি দিয়ে দাঁড় করানো হয়েছে একদল তরুণকে। অপরাধ? তারা জারতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছিল। তাদের মধ্যেই ছিলেন ফিয়োদর দস্তয়েভস্কি!
যেকোনো মুহূর্তে বুলেট বুক ফুঁড়ে চলে যাবে! ঠিক সেই শেষ সময়ে জারের ক্ষমাপত্র এসে তাঁকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। কিন্তু সেটা মুক্তি নয়। তাঁকে পাঠানো হলো সাইবেরিয়ার ওমস্ক জেলখানায়!
এ যেন বেঁচে গিয়ে মরে যাওয়া! সাইবেরিয়ার সেই জেলে কাটল চার বছর। না ছিল লেখার কাগজ, না কলম। পড়ার কিছু বলতে একমাত্র নিউ টেস্টামেন্ট! হাত-পায়ে ভারী লোহার শিকল পরা অবস্থায় খুনি, ডাকাত আর চোরদের সাথে থাকতেন তিনি। কিন্তু ওই নরকের হাওয়াতেই একেবারে বদলে গেল দস্তয়েভস্কির ভেতরের মানুষটা। তিনি খুব কাছ থেকে দেখলেন, আইন থেকে বাঁচা যায়, জেলের হাত থেকে পালানো যায়। কিন্তু বিবেক? তার কাছ থেকে পালানোর পথ কোথায়? মানুষ যখন কাউকে খুন করে বা অপরাধ করে, তখন তার মনের ভেতরে যে নরক তৈরি হয়, সেটা থেকে মুক্তি নেই, তিনি তা হাড়ে হাড়ে টের পেলেন!
এই উপলব্ধিই চলে এলো রাসকোলনিকভের বেলায়। সে ভাবত, সমাজের সাধারণ নিয়মকানুন বা আইন শুধু সাধারণ মানুষের জন্য; তার মতো বিশেষ মানুষেরা সমাজকে বদলে দেওয়ার জন্য যেকোনো খারাপ কাজ করার অধিকার রাখে।
তার টার্গেট এক লোভী বৃদ্ধা সুদের কারবারি! সুদের চাপে গরিব মানুষের রক্ত চুষে খায় সে। রাসকোলনিকভের যুক্তি ছিল: এই বুড়ি মরে গেলে সমাজের কোনো ক্ষতি তো নেই-ই, বরং তার জমানো টাকা দিয়ে সে নিজে পড়াশোনা শেষ করে কত মানুষের উপকার করতে পারবে! তার মানে, একটা খারাপ মানুষকে সরিয়ে ভালো কাজ করা- এটাই ছিল তার লজিক।
কিন্তু খুন করার পর থেকেই শুরু হয় তার শাস্তি!
রাসকোলনিকভ ভেবেছিল সে একটা মহৎ কাজ করে ফেলেছে! কিন্তু খুন করার পর তার মাথা কাজ করা বন্ধ করে দিল। পুলিশকে সে ফাঁকি দিল ঠিকই, কিন্তু নিজের মন তাকে যেন পাগল বানিয়ে ফেলল! সে আর রাতে ঘুমাতে পারে না, ঠিকমতো খেতে পারে না, আতঙ্কে তার গায়ে জ্বর আসে। সে বুঝতে পারে, বিবেকই আসল শাস্তির জায়গা!
নিজের শাস্তির দিনগুলো যেন রাসকোলনিকভের হাত ধরে ফিরে ফিরে আসে দস্তয়েভস্কির কাছে! আর সেই মানসিকভাবে চুরমার হয়ে যাওয়া তরুণ শেষ পর্যন্ত সাইবেরিয়ার জেলেই খুঁজে পায় আত্মার শান্তি; ঠিক যেমনটা দস্তয়েভস্কি পেয়েছিলেন নিজে!
৩.
উপন্যাসের সমস্ত ছক মাথায় তৈরি, কিন্তু সময় যে আর নেই! অক্টোবরের ৪ তারিখ পার হয়ে গেল, হাতে সময় মাত্র ছাব্বিশ দিন! একদিকে রাসকোলনিকভের ইনস্টলমেন্ট দিতে হবে, ওদিকে একদম নতুন এক উপন্যাস লেখার চাপ! হাতে লিখে এই সময়ে এত বড় কাজ শেষ করা মানুষের পক্ষে অসম্ভব! বন্ধু-বান্ধবদের পরামর্শে তাই দস্তয়েভস্কি ঠিক করলেন, তিনি মুখে বলে যাবেন আর কেউ একজন তা দ্রুত স্টেনোগ্রাফিতে লিখে নেবে।
৪ অক্টোবর ১৮৬৬। দস্তয়েভস্কির অন্ধকার, অগোছালো ফ্ল্যাটের দরজায় কড়া নাড়লেন ২০ বছর বয়সী এক তরুণী, অ্যানা গ্রিগোরিয়েভনা। কিছুদিন পরেই যিনি তুলে নেবেন দস্তয়েভস্কির বাকি জীবনের ভার, আজ তিনি নিতে এলেন এক অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব!
অ্যানা স্টেনোগ্রাফির সেরা ছাত্রী। বিখ্যাত সাহিত্যিক দস্তয়েভস্কির মুখোমুখি হতে তাঁর হাত-পা কাঁপছিল। কিন্তু ঘরে ঢুকে তিনি অবাক হয়ে গেলেন। বিশ্বখ্যাত লেখক দস্তয়েভস্কি! অথচ তিনি প্রচণ্ড মানসিক চাপে অস্থির হয়ে ঘরের মধ্যে পায়চারি করছেন। বারবার সিগারেট ধরাচ্ছেন!
যাহোক, অ্যানার কাজ শুরু হলো। প্রথম দিন দস্তয়েভস্কি খুব মেজাজ দেখালেন। কিন্তু অ্যানার প্রফেশনালিজম, ধৈর্য আর দ্রুত লেখার ক্ষমতা দেখে তাঁর ওপর দস্তয়েভস্কির ভরসা এসে গেল!
শুরু হলো এক অবিস্মরণীয় রেস এগেইনস্ট টাইম!
প্রতিদিন সকালে অ্যানা এসে হাজির হন। দস্তয়েভস্কি পাইপ বা সিগারেট টানতে টানতে ঘরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত হাঁটেন আর মুখে মুখে গল্প বলে যান। অ্যানা দ্রুত স্টেনোগ্রাফিতে সেটা তুলে নেন। বিকেলে বাসায় ফিরে সারারাত জেগে তা পরিষ্কার হাতের লেখায় রূপান্তর করেন।
অসম্ভব একবার সম্ভব করলেন দুজনে মিলে! ছাব্বিশ দিনের মাথায় শেষ করলেন নতুন উপন্যাস- দ্য গ্যাম্বলার। স্টেলোভস্কি বদমাশটাকে এটা দিয়ে দস্তয়েভস্কি হয়ে যাবেন মুক্ত!
আর সেই সাথে কমপ্লিট ভার্সন এলো রাসকোলনিকভের সেই উপন্যাসটির, যার নাম হলো ‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’। দেখতে দেখতে ছড়িয়ে গেল এই নাম! শুধু রাশিয়া নয়, বিশ্বসাহিত্যের ইতিহাসে হয়ে রইল আজীবনকালের জন্য অবিস্মরণীয়!



পাঠকের মন্তব্য