খোলা হলো 'I Can explain' মন্ত্রণালয়, দায়িত্বে জাহেদ উর রহমান

২১ পঠিত ০ ... ৩ ঘন্টা ৯ মিনিট আগে

14 (39)

দেশে অবশেষে চালু হলো নতুন এক মন্ত্রণালয়। নাম ‘I Can Explain’ মন্ত্রণালয়। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাখ্যা দিয়ে জনগণের ভুল বোঝাবুঝি দূর করাই হবে এই মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব। আর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য প্রথম মন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন উপদেষ্টা জাহেদ উর রহমান।

জানা গেছে, সরকারের কোনো সিদ্ধান্তে জনগণ খুশি না হলে, কোনো প্রকল্পে প্রশ্ন উঠলে কিংবা কোনো কাজের ফলাফল প্রত্যাশার উল্টো হলে দ্রুত মাঠে নামবে এই মন্ত্রণালয়। তবে কাজটি ঠিক হয়েছে কি না, সেটি খতিয়ে দেখার দায়িত্ব তাদের নয়। বরং কাজটি কেন ঠিক হয়েছে, সেটি জনগণকে বুঝিয়ে দেওয়াই তাদের মূল কাজ।

মন্ত্রণালয়ের সম্ভাব্য স্লোগান হতে পারে, ব্যাখ্যা হবে সব, সরকার থাকবে নিরাপদ।

কাল্পনিক এক সাক্ষাৎকারে নবনিযুক্ত মন্ত্রী জাহেদ উর রহমান বলেন, দেখুন, সরকার কোনো কাজই জনগণের ক্ষতি করার উদ্দেশ্যে করে না। কোনো কোনো সিদ্ধান্তে স্বল্পমেয়াদি কল্যাণ থাকে, কোনো কোনোটায় দীর্ঘমেয়াদি কল্যাণ থাকে। সমস্যা হচ্ছে, জনগণ দীর্ঘমেয়াদি কল্যাণটা বুঝতে পারে না। তারা শুধু বর্তমানের অসুবিধাটুকু দেখে হাউকাউ শুরু করে দেয়।

তিনি আরও বলেন, ধরুন, একটা সিদ্ধান্তে জনগণের পকেট থেকে টাকা গেল। সাধারণ মানুষ ভাববে, তাদের টাকা গেল কেন? কিন্তু তারা একবারও ভাবে না, এই টাকা যাওয়ার মধ্য দিয়ে তাদের কী কী অসাধারণ দীর্ঘমেয়াদি কল্যাণ সাধিত হতে পারে। আমাদের মন্ত্রণালয় সেই না-বোঝার জায়গাটুকুতে আলো ফেলবে।

এদিকে মন্ত্রণালয়ের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির কথাও ভাবা হচ্ছে। সেখানে কর্মকর্তাদের শেখানো হবে, কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলেও কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে হয়। বিশেষ করে ‘আপনারা পুরো বিষয়টি বুঝতে পারছেন না’, ‘এটি বৃহত্তর পরিকল্পনার অংশ’ এবং ‘সময় হলে সব পরিষ্কার হয়ে যাবে’ এ ধরনের বাক্যের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

নতুন মন্ত্রণালয় নিয়ে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ জানতে চেয়েছেন, সরকারের কোনো কাজ সত্যিই খারাপ হলে এই মন্ত্রণালয় কী করবে? জবাবে মন্ত্রী বলেন, খারাপ বলে তো কিছু নেই। আছে ভালো কাজের ভুল ব্যাখ্যা। আমরা সেই ব্যাখ্যাগত সংকট দূর করব।

২১ পঠিত ০ ... ৩ ঘন্টা ৯ মিনিট আগে

Top ​