আইয়ুব খানের মার্শাল ল' এসে পয়সারহাটের রাজনীতির আকাশে দুর্যোগের ঘনঘটা তৈরি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সুহরাওয়ার্দীকে সরিয়ে দেওয়ার পর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কার্যত পাকিস্তানের দুই অংশের রাজনীতিবিদদের অন্তর্কলহ মেটাতে ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্থায়ী সামরিক আইন জারি করলে সেনাবাহিনী সেই সুযোগে ক্ষমতা দখল করে। আইয়ুব খান পাকিস্তান শাসন করতে শুরু করেন।
পয়সারহাটে কলিম চৌধুরীর প্রভাব কমে আসে। রাশেদ খান তার আওয়ামী লীগ যুব সংগঠনের নেতাদের মন দিয়ে ব্যবসা-বাণিজ্য করার পরামর্শ দেয়। শেখ মুজিব গোপালগঞ্জে এলে রাশেদ তার সঙ্গে দেখা করতে যায়। শেখ মুজিবকে এতটুকু হতাশ মনে হলো না। তিনি হেসে বলেন, কী রাশেদ, ঘাবড়ে গেলে নাকি! রাজনীতি তো ফুলের বিছানা নয়, সেখানে কাঁটা তো থাকবেই। কিন্তু গণতন্ত্রের জন্য আমাদের লড়াই চলবে। মানসিক প্রস্তুতি রেখো, সুহরাওয়ার্দী গ্রেফতার হতে পারেন। আর আমি তো জেলকে কখনো ভয় পাই না। আমাদের মওলানা ভাসানীর কিন্তু পশ্চিম পাকিস্তানে বিপুল প্রভাব ও প্রতিপত্তি। করাচি থেকে পেশোয়ার তার ভক্তেরা ছড়িয়ে রয়েছে। আইয়ুব খান তাঁকে বেশ সমীহ করে চলেন।
রাশেদ প্রশ্ন করে, কী এমন হলো যে সেনাশাসন জারি করতে হবে!
--আগেও বলেছি রাশেদ, আমরা কলকাতার জমিদারি উচ্ছেদ করে লাহোরের জমিদারদের পাল্লায় পড়েছি। পিণ্ডির সেনাশাসক লাহোরের জমিদারদের জমিদারি পাহারা দিতে দিতে নিজেরাই জমিদার হয়ে উঠেছে। এখন আইয়ুব খান উন্নয়নের ঢোল বাজিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে চেষ্টা করছে।
রাশেদ বিষণ্ণচিত্তে বলে, লোকজনকে দেখি রেডিওতে আইয়ুব খানের বক্তৃতা শুনতে আকুল হয়ে থাকে। এমনকি শিক্ষিত মধ্যবিত্তেরাও আলাপ করে, আইয়ুব খান যেরকম উন্নয়ন শুরু করেছে, দেশটা নাকি ইউরোপ হয়ে যাবে।
মুজিব হাসেন, উন্নয়নের বেহুদা ঢোলের বাড়িতে নেচে ওঠা লোকের অভাব নেই। এখন যে কটাদিন পলিটিক্যাল প্রোগ্রাম করা যাচ্ছে না, তোমরা কালচারাল প্রোগ্রাম করো। কিন্তু কোনোভাবেই নিষ্ক্রিয় হওয়া যাবে না। আর নেক্সট টাইম মওলানা সাহেব যখন করাচি যাবেন, তুমি সঙ্গে যাবে। পরিস্থিতি বুঝে আসবে।
মুজিব পকেট থেকে কিছু টাকা বের করে রাশেদকে দিয়ে বলেন, বউমাকে একটা শাড়ি কিনে দেবে। বলবে, আমার উপহার।
পয়সারহাটে আবার মুসলিম লীগের পান্ডাদের উৎপাত বেড়েছে। আওয়ামী লীগের খানিকটা নিষ্ক্রিয়তার সুযোগে তারা আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির স্বাদ নিচ্ছে। যেখানে ডিস্ট্রিক্ট ও ইউনিয়ন বোর্ডে পদ পাচ্ছে মুসলিম লীগের আশরাফ নেতারা। পয়সারহাটে নেহাত আওয়ামী লীগ নেতা কলিম চৌধুরী, মুসলিম লীগ নেতা সলিম খানের বেয়াই হওয়ায়, এখনো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।
কিন্তু সেই কলা ও সংস্কৃতিকেন্দ্র বনাম আব্বাস শাহর কালচারাল ওয়ার একই রকম আছে। ব্যাপারটা অনেকটা এরকম হয়েছে, মুকুল শর্মা তার মধুমতীর আলো পত্রিকায় ইসলাম নিয়ে কুঁচ কুঁচ করে, অমনি আব্বাস শাহ শুরু করে হিন্দুধর্ম নিয়ে কুঁচ কুঁচ। এইভাবে আব্বাস শাহ এক অর্থে প্রণব মুখুজ্জের দম দেওয়া পুতুলে পরিণত হয়েছে। মুকুল শর্মা মন্দির কমিটির সভাপতি হয়ে হিন্দু সম্প্রদায়ের কল্যাণের কর্তা হয়েছে আর মাদ্রাসার সভাপতি হিসেবে আব্বাস শাহ মুসলিম সম্প্রদায়ের কল্যাণের মালিক হয়েছে। অবশ্য প্রণব মুখুজ্জের অভিধান অনুযায়ী, মুকুল শর্মা মন্দিরের সভাপতি হয়েও প্রগতিশীল; আর আব্বাস শাহ মাদ্রাসার সভাপতি হয়ে ইসলামপন্থী। পারলে রাশেদ খানকেই 'প্রণব মুখুজ্জের অভিধান'-এর সঙ্গে দ্বিমত পোষণ করায় ডানপন্থী তকমা দিয়ে দেয় কলা ও সংস্কৃতি কেন্দ্রের রঞ্জু, জগন্ময় ও মতি। মধুমতীর আলোর উপসম্পাদকীয়গুলো মানুষকে মাপামাপি করে ইসলামপন্থী ও উগ্রবাদী তকমা দিয়ে দেয়।
রাশেদ খান গোপালগঞ্জ থেকে পয়সারহাটে ফিরে কৃষ্টি সংসদের বৈঠক ডাকে। শ্যামাপদকে আহ্বায়ক করে সাংস্কৃতিক সপ্তাহ আয়োজনের অনুরোধ জানায়। কল্পনা মুখুজ্জে ও সুলতানা পুরো সপ্তাহটা সমন্বয়ের দায়িত্ব পায়। যুগের বার্তা পত্রিকায় সাংস্কৃতিক সপ্তাহ আয়োজনের খবর আসে।
চিত্তরঞ্জন খবরটা পড়ে প্রণব মুখুজ্জের বাড়িতে যায় কালিদাসকে নিয়ে। একটু পরে অধ্যক্ষ আজিজুল হক ও মুকুল শর্মা সেখানে আসে। প্রণব মুখুজ্জে অনেকক্ষণ চিন্তা করে বলেন, তোমরা বরং ওদের প্রস্তাব দাও, কলা ও সংস্কৃতি কেন্দ্র সেখানে কবিগুরুর 'রক্তকরবী' নাটক মঞ্চস্থ করবে। মনে রেখো, আওয়ামী লীগ আপাতত ক্ষমতাকেন্দ্র থেকে ছিটকে পড়েছে। সুতরাং তাদের সঙ্গে আর শত্রুতা করে লাভ নেই। বরং ওদের কোলে নিতে হবে। মুকুল, তুমি মধুমতীর আলোতে কৃষ্টি সংসদের ভূয়সী প্রশংসা করো। তাদেরকে অসাম্প্রদায়িক চেতনার আলোকঘর হিসেবে পরিচয় করিয়ে দাও, বিশুদ্ধ বাঙালির সনদ দাও। পয়সারহাটে একটা সম্মিলিত সাংস্কৃতিক জোটের রূপরেখা দাও। দধীচি কাব্য আন্দোলনের যে ছেলেগুলো আমাদের কোল থেকে গিয়ে রাশেদের কোলে চড়েছে, তাদের কাছে কবিতা চেয়ে নিয়ে ছাপাও, দেখবে ওদের বুক পেলব হয়ে যাবে।
অধ্যক্ষ আজিজুল হক বলেন, পণ্ডিতমশাই, আপনি আছেন বলেই এখনো জমিদারির স্বাদ পাই। ভূমির জমিদারি নাইবা থাকুক, সংস্কৃতির জমিদারিটা আমাদের হাতে রয়েছে, এমন একটা আত্মবিশ্বাস পাই।
প্রণব মুখুজ্জে বলেন, এবার তোমরা ওঠো দেখি, আমার প্রার্থনার সময় হয়েছে।
গওহরডাঙ্গা থেকে এসডিও সরফরাজ চিশতি এসেছেন পয়সারহাট পরিদর্শনে। সিএসপি কর্মকর্তা। মুলতানের জমিদার পরিবারের সন্তান। তিনি মুমূর্ষু জমিদার ধনঞ্জয় সাহাকে দেখতে যান। তার শয্যাপাশে বসেন। শরীরের খোঁজখবর নেন। আশালতা দেবীকে বলেন, ইওর হাইনেস, পূর্ব পাকিস্তানে ল্যান্ড রিফর্ম না হলে আজ আপনার খেদমত করতে পারতাম। পশ্চিম পাকিস্তানে ল্যান্ড রিফর্ম না হওয়ায় আমাদের পরিবারটি আপনাদের মতো দুর্ভাগ্যে পতিত হয়নি। আপনার মুখমণ্ডলে আমার আম্মির ছায়া দেখে আজ আমি খানিকটা আবেগপ্রবণ হয়ে উঠেছি।
কেশব খাবার টেবিলে অনেক পদের খাবার সাজায়। আশালতা দেবী পাশের চেয়ারে বসে সরফরাজ চিশতিকে খাবার তুলে দেন। প্রণব মুখুজ্জে আরেকটা চেয়ারে বসে সামান্য টক দই খান। মুলতানের সুফি কাব্য আন্দোলনের প্রসঙ্গটি তোলেন। সরফরাজ হেসে বলেন, আমাদের বৈঠকখানায় সন্ধ্যা হলেই কবিতা ও গজলের আসর বসত। এখনো সে রেওয়াজ খানিকটা রয়ে গেছে। শুনেছি, ইকবালও একবার আমাদের বৈঠকখানায় এসেছিলেন।
প্রণব মুখুজ্জে বলেন, আমি তো ইকবালের আসরার-এ-খুদি'র ভক্ত। ঈশ্বরের সঙ্গে তার কথোপকথন কাব্য আমাকে মুগ্ধ করেছে।
সরফরাজ চিশতি বলেন, আমার আব্বার বুকশেলফ থেকে গীতাঞ্জলি নিয়ে আমিও রবীন্দ্রনাথ পড়েছি। কবিরাই তো আমাদের সম্পর্কের সেতুবন্ধ রচনা করেন।
কলা ও সংস্কৃতি কেন্দ্রে কয়েকটি রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি শুনে সরফরাজ চিশতি বিদায় নেন। সলিম খান তাকে কৃষ্টি সংসদে নিয়ে যান। রাশেদ সরফরাজ চিশতিকে পূর্ববঙ্গের গানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পাশে বসে গানের মূলভাব বর্ণনা করে। শিল্পীদের কণ্ঠে লালন, হাসন রাজা আর রাধারমনের গান শুনে বলেন, পশ্চিম পাকিস্তানের আব্দুল লতিফ ভিটাই আর বুল্লে শাহ, শাহবাজ কালান্দারের গানের সঙ্গে এত মিলে যায় গানের কথা ও গান; বোধ করি নৌকা যোগাযোগের মাধ্যমে শিল্পীদের যাতায়াত ছিল, তাই তো দর্শন ও সুরের এমন আদান-প্রদান ঘটেছে। সুরের এমন শক্তি যে কিছুক্ষণ পর গানের ভাব ও ভাষা বুঝতে একদম সমস্যা হয় না।
সলিম খানের বাসায় রাতের দাওয়াত খেয়ে বিদায় নেওয়ার সময় সিএসপি অফিসার বলেন, আজ পয়সারহাটে এসে মনে হলো আমি যেন মুলতানের কবিতা ও গানের আসরে বসে আছি। আমার কৃতজ্ঞতা জানবেন। কখনো আপনাদের কোনো কাজে আসতে পারলে জানাবেন।
ফেরার পথে পয়সারহাট বাজারের রেডিওগুলোতে বাংলা, হিন্দি ও উর্দু গান শুনতে শুনতে সরফরাজ চিশতি স্বগতোক্তি করেন, পূর্ববঙ্গ সত্যিই গানের দেশ, কবিতার দেশ। পথে কুমারবাড়ির পাশে গাড়ি থামিয়ে কয়েকটা মাটির নকশি পাত্র কেনেন। কুমার কিছুতেই দাম নিতে রাজি হচ্ছিল না। চিশতি বলেন, শিল্পের তো দাম দেওয়া যায় না, নজরানা মনে করে রাখুন।
গওহরডাঙ্গা পৌঁছাতে পৌঁছাতে কত চিন্তা তার মাথায় আসে। সিভিল সার্ভিস ছেড়ে দিয়ে মুলতানের কবিতা-গান আর লোকালয়ের আড্ডায় যদি একটা জীবন কাটিয়ে দেওয়া যেত, সেই হাহাকার ফিরে ফিরে আসে। বাংলোতে পৌঁছে স্ত্রী নাইয়ারকে জিজ্ঞেস করেন, আমি যদি চাকরিটা ছেড়ে দিয়ে মুলতানে ফিরে যাই, তাহলে কেমন হয়!
নাইয়ার হেসে বলে, তোমারই তো এসব সিএসপি-টিএসপি হওয়ার উচ্চাভিলাষ; আমি তো মুলতান কলেজে ইতিহাস পড়িয়েই আনন্দে ছিলাম। বাংলোতে বেগম সেজে বসে থাকা আর তোমার চব্বিশ ঘণ্টার টেনশনের সঙ্গী হওয়ার কোনো শখই আমার ছিল না।



পাঠকের মন্তব্য