১.
শাশুড়ি এসেছেন। অসুস্থ! তাকে দেখতে গেছি বড় ননদের বাসায়। গিয়ে দেখি আরেক কাহিনি। ননদের ছেলেটার চোখের পাতার ওপরে অনেকখানি জায়গায় রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। ছেলেটা আমার বড্ড ন্যাওটা। আমি তাকে জিজ্ঞেস করলাম,
এমনটা কীভাবে হয়েছে বাবা?
সে জানাল, স্যার তাদের ক্লাসের এক বাচ্চাকে মারতে গেছেন। ও সেই বাচ্চাটার পাশে বসেছিল। স্যার হাত নাড়তেই ওর চোখে লেগে যায়।
আমি অবাক হয়ে গেলাম। বাচ্চাটার বয়স মেরে-কেটে দশ হবে। তার মানে ক্লাসের অন্য বাচ্চাদের বয়সও আশপাশেই। এই বয়সের বাচ্চাদের একজন শিক্ষক কেমনভাবে মারছেন যে, যাকে মারছেন তার লাগেনি, অথচ পাশেরজনের গায়ে লেগে এমন ভয়াবহ জখম হয়েছে!
বাচ্চাটা আমাকে বলল,
জানো মামি, আমি ব্যথা পেয়েছি দেখে আমার বন্ধু আবির স্যারকে বলল যে, স্যার, তুর্য ব্যথা পেয়েছে। সেটা শুনে স্যার রাগ হয়ে আবিরকেও মারল!
তুর্য একটা মাদ্রাসা কারিকুলাম বেসড স্কুলে পড়ে। আমি তার মাকে জিজ্ঞেস করলাম, আপু, আপনারা এটা নিয়ে কমপ্লেইন করেননি?
আপু বললেন, করে কোনো লাভ নেই। প্রায় প্রতিদিনই এই টিচারের নামে এই টাইপের কমপ্লেইন আসতেই থাকে। বাচ্চাকাচ্চা মারায় সে সিদ্ধহস্ত!
আমি কী বলব বুঝতে না পেরে চুপ করে গেলাম!
২.
ফেসবুক স্ক্রল করছি। সেখানে দেখি আরেক ঘটনা! এক মা তার বাচ্চার ওপর মাদ্রাসার শিক্ষকদের টর্চারের কথা বলছেন! বাচ্চাটার নাম আদিব। ৯ অক্টোবর নোয়াখালীর কোম্পানীগঞ্জের সেই ছেলেটা মারা গেছে।
প্রায় দুই বছর ধরে নাকি মাদ্রাসার ছাত্রাবাসে তাকে বিভিন্ন সময়ে মারধর করা হতো। গত ১৫ বা ১৬ অক্টোবর আদিবকে মারধর করার একপর্যায়ে তাকে মেঝেতে আছড়েও ফেলা হয়েছে। এরপর থেকে তার শরীর খারাপ হতে শুরু করে। পরিবারের দাবি, তার যকৃতে সমস্যা দেখা দেয়, শরীরের এক পাশ অবশ হয়ে যায়। পরে ট্রিটমেন্ট করালেও লাভ হয়নি। বাঁচিয়ে রাখা যায়নি বাচ্চাটাকে!
বাচ্চাটা যে মাদ্রাসায় পড়ত, সেখানকার পরিচালক বলছেন, শিক্ষক শাসন করার পর অভিভাবকদের অভিযোগ পেয়ে তিনি আদিবের বাড়িতে গিয়েছিলেন। সেখানে বেতের আঘাতের দাগ দেখে শিক্ষককে বকাঝকাও করেছিলেন। তার দাবি, আদিব আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিল এবং পরিবার চিকিৎসার কাগজপত্র দেখাতে রাজি হয়নি।
এখানে কথাটা হচ্ছে, শাসন করার কেমন সিস্টেম এটা? কোন মাত্রার শাসনে একটা বাচ্চার ইন্টারনাল ক্ষত তৈরি হয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে? একজন শিক্ষক এইভাবে একটা ছাত্রকে শাসন করার রাইট কোথায় পেয়েছেন? কে দিয়েছেন তাকে এই অবাধ স্বাধীনতা?
বাচ্চা মানেই সে দুষ্টুমি করবে, পড়া রেডি করবে না, ফাঁকিবাজি করবে, আড্ডা দেবে। শিক্ষকরা সেগুলোকে ট্যাকল করেই তাদের পড়াবেন। এটাই তো হওয়ার কথা, নাকি? এই বয়সী বাচ্চারা কী এমন দুষ্টুমি করছে যে তাদের শাসনের মাত্রা মৃত্যু পর্যন্ত গড়িয়ে যাচ্ছে? জীবনের চেয়েও তাদের দুষ্টুমি কি বড় ছিল?
৩.
এবার কিছু তেতো ফ্যাক্টস বলি। বাংলাদেশে স্কুলের চেয়ে মাদ্রাসায় ফিজিক্যাল টর্চারের পরিমাণ বেশি। একটু খেয়াল করলেই দেখবেন, এমনটা আমরা শুনেও থাকি বেশি। কোনো স্কুলে বাচ্চাকে মারধর করা হয়েছে, এর চেয়ে কোনো মাদ্রাসায় বাচ্চাকে মারধর করা হয়েছে, এটা শোনা যায় বেশি।
গণমাধ্যমে বা আইনি সহায়তার জন্য আসা রিপোর্টের ক্ষেত্রে মাদ্রাসা, বিশেষ করে হেফজখানা ও কওমি মাদ্রাসা এবং স্কুলের অনুপাত প্রায় ২:১ থেকে ৩:১ বলা যায়। অর্থাৎ, গুরুতর শারীরিক নির্যাতনের খবর মাদ্রাসা থেকে তুলনামূলকভাবে বেশি রিপোর্ট হয়।
স্কুলে মারধরের ক্ষেত্রে সাধারণত স্কেল দিয়ে আঘাত, কান টানা বা চড়-থাপ্পড়ের মতো 'শ্রেণিকক্ষের শাস্তি'র অভিযোগ বেশি দেখা যায়। অন্যদিকে, মাদ্রাসায় আবাসিক ব্যবস্থার কারণে দীর্ঘমেয়াদি নির্যাতন, চেইন বা রশি দিয়ে বাঁধা কিংবা গুরুতর শারীরিক জখমের মতো চরম সহিংসতার খবর বেশি পাওয়া যায়। তার প্রমাণ ওপরের দুটো ঘটনা!
স্কুলে অভিভাবকদের কানেক্টিভিটি, পি.টি.এ. মিটিং বা স্থানীয় জবাবদিহিতা কিছুটা বেশি থাকায় সাধারণ মারধরের ঘটনাও দ্রুত সামনে আসে। কিন্তু মাদ্রাসায় অনেক ক্ষেত্রে অভিভাবকদের ধর্মীয় বিশ্বাস, শিক্ষকদের প্রতি অতিরিক্ত আনুগত্য বা সামাজিক চাপের কারণে মাদ্রাসার অভ্যন্তরীণ মারধরের অনেক ঘটনা চাপা পড়ে যায়। যেসব ঘটনা আর চেপে রাখার মতো অবস্থায় থাকে না, সেগুলোই সামনে আসে তার বিভীষিকাময় চেহারা নিয়ে!
৪.
এখন আসি আরও একটা বিতর্কিত টপিকে। মাদ্রাসাগুলো ইসলামী শিক্ষার প্রচারের একেকটি কেন্দ্র। যারা ধর্ম হিসেবে ইসলামকে মানেন আর এর নিয়মকানুন জীবনে অ্যাপ্লাই করতে চান, নিজ সন্তানদেরও সেই রীতিতে পরিচালনা করতে চান, তাদের শিক্ষার জন্যই মাদ্রাসা। এখানে কুরআন, হাদিস, ফিকহ শেখানো হয়, যাতে ইসলামকে ভালোভাবে জানা ও বোঝা সম্ভব হয়।
কিন্তু ইসলাম চর্চার এই কেন্দ্রগুলো কি ইসলামের নিয়ম অনুযায়ী চলছে? ইসলামে পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাদের সঙ্গে কেমন আচরণের কথা বলা হয়েছে? এখানে কি সহিংসতার জায়গা আছে? হুজুর বা মাদ্রাসার শিক্ষকগণ যেভাবে বাচ্চাদের শাসন করছেন, সেটা কি ইসলাম অনুমোদিত?
কুরআন ও হাদিস কিন্তু অন্য কথা বলছে। ইসলামে শিক্ষা ও শিশু প্রতিপালনের মূল ভিত্তি হলো মমতা, ধৈর্য এবং কোমলতা। ইসলামে শিশুদের ওপর যেকোনো ধরনের শারীরিক নির্যাতন বা সহিংসতা কঠোরভাবে নিষিদ্ধ।
শিক্ষাদানের নামে বর্তমানে যে শারীরিক নির্যাতন বা বেধড়ক মারধর দেখা যায়, ইসলামী শরিয়াহ ও ফিকহের দৃষ্টিতে তার কোনো সুযোগ বা বৈধতা নেই। কোনোভাবেই নেই।
রাসূলুল্লাহ (সা.) নিজে একজন শিক্ষক ছিলেন। তিনি কখনো কোনো শিশু বা শিক্ষার্থীকে আঘাত করেননি।
আনাস ইবনে মালিক (রা.)-এর বর্ণনায় এসেছে,
আমি দশ বছর রাসূলুল্লাহ (সা.)-এর খেদমত করেছি। তিনি কখনো আমাকে 'উফ' বলে বিরক্তি প্রকাশ করেননি। কখনো বলেননি, তুমি কেন এ কাজ করলে বা কেন করলে না?
(সহিহ বুখারি: ২৭৬৮, সহিহ মুসলিম: ২৩০৯)
ইসলামে শিক্ষাদানের মূলনীতি হিসেবে বলা হয়েছে,
তোমরা সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, দূরে ঠেলে দিও না।
(সহিহ বুখারি: ৬৯)
কুরআন-হাদিস ও ফিকহশাস্ত্র অনুযায়ী শিক্ষকের জন্য শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করা সম্পূর্ণ হারাম ও অপরাধ।
ইসলাম বলছে, চেহারায় আঘাত করা হারাম। মুখমণ্ডল, মাথা বা নাজুক অঙ্গে আঘাত করা কঠোরভাবে নিষিদ্ধ।
রাসূল (সা.) নির্দেশ দিয়েছেন,
যখন কেউ আঘাত করবে, সে যেন চেহারা পরিহার করে।
(সহিহ মুসলিম: ২৬১২)
শরীরে ক্ষত করা বা দাগ বানিয়ে ফেলাকে জুলুম বলা হয়েছে। বাচ্চাদের শরীরে চামড়া ফেটে যাওয়া, রক্ত ওঠা, হাড় ভাঙা বা কালো দাগ পড়ার মতো আঘাত করা শরিয়তে কবিরা গুনাহ ও জুলুমের অন্তর্ভুক্ত।
(ফাতাওয়া শামি, ৪র্থ খণ্ড)
রাগের মাথায় শাস্তি দেওয়া নিষেধ। নিজের রাগ মেটাতে বা প্রতিশোধমূলকভাবে বাচ্চাকে মারা চরম অপরাধ।
নবীজি (সা.) বলেছেন,
বিচারক বা শিক্ষক রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত বা শাস্তি প্রদান করবেন না।
(সহিহ বুখারি: ৭১৫৮)
ছোট শিশুদের মারধর করা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। যে শিশু ভালো-মন্দ বোঝার মতো বয়সে পৌঁছায়নি, তাকে শাসন করার উদ্দেশ্যেও স্পর্শ করা বা মারা জায়েজ নেই।
(আল-মুগনি, ইবনে কুদামা)
বরং বিভিন্ন মুসলিম ফকিহ ঠিক রাসূল (সা.)-এর মতোই পড়াশোনার ব্যাপারে মারধর বা সহিংসতার বিরুদ্ধে বলেছেন।
ইবনে খালদুন তার বিখ্যাত মুকাদ্দিমায় লিখেছেন:
শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত কঠোরতা ও মারধর তাদের অন্তরের উৎসাহ মেরে ফেলে, আত্মবিশ্বাস নষ্ট করে এবং তাদের অলসতা ও মিথ্যার আশ্রয়ে পরিচালিত করে।
তাহলে এখন আমার প্রশ্ন, এই যে ইসলামের ধারক-বাহকরা ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা খুলে রাখছেন আর সেখানে ইসলামী ইলম শিক্ষা দিচ্ছেন, তার কতটুকু অথেনটিক? তারা তাদের ওপর ইসলাম যে নিয়মগুলো দিয়ে দিয়েছে, শিক্ষক হিসেবে সেই নিয়মগুলোই পালন করতে পারছেন না। কোন ইসলাম শেখাচ্ছেন তারা? কোন ইসলাম মানছেন তারা নিজেরা?
নাকি তাদের জন্য ইসলামে কিছু 'ইশপেশাল কিতাব' আছে? যেখানে তাদের এই রাইট দেওয়া হয়েছে, দ্বীন শেখাতে পারছ না? মেরে আধমরা করে দাও। কুরআন মুখস্থ হচ্ছে না, মেরে গায়ে দাগ ফেলে দাও, অবশ করে ফেলো। দুষ্টুমি করছে? তোমার কথা শুনছে না? চাপা মাইর দাও। মরে মরুক, কিন্তু তোমার হাতে যেন মরে না! যেসব বাচ্চাকাচ্চা কুরআন-হাদিস পড়ছে না, তাদের বেঁচে থাকার প্রয়োজনটাই বা কী?
হয়তো সেই ইশপেশাল কিতাবেই বলা হয়েছে যে, তোমরা যখন এদের শিক্ষক, তোমাদের পুরো হক আছে এদের ওপর! যখন খুশি হ্যারাস করো, মলেস্ট করো, রেইপ করে দাও! ভয় দেখানোর জন্য কুরআন-হাদিস তো আছেই!
সত্যি বলতে কী, এসব শিক্ষকরূপী শয়তানের কারণে দোষী হচ্ছে ধর্ম! ইসলামোফোবিয়ায় ভুগছে মানুষ আর বলি হচ্ছে বাচ্চারা!
আমরা আল্লাহর পথে, শান্তির পথে আমাদের বাচ্চাদের এগিয়ে দিতে যাই, আর তারা ফিরে আসে লাশ হয়ে। না, এতে সেইসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কোনো বিকার আছে, আর না আছে সরকারের!
আর আমরা সাধারণ মানুষেরা সন্তান হারিয়ে বসে আছি তীর্থের কাক হয়ে! সুবিচারের অপেক্ষায়!



পাঠকের মন্তব্য