হ্যাক শুনলেই আমাদের মাথায় আসে বড় বড় ওয়েবসাইট, ব্যাংকিং সাইট, বিভিন্ন দেশের সরকারি সাইট হ্যাক হওয়া। অনেক সময় সেলেব্রেটিদের অফিসিয়াল সাইটও নাকি হ্যাক হয়ে যায়! তবে কিছুদিন আগে ঘটেছে আরেক ঘটনা। এখানে হ্যাক হয়ে গেছে ফ্রিজ! আপনি ভাবছেন নিশ্চয়ই ফ্রিজ আবার কীভাবে হ্যাক হয়? আর হ্যাকই বা করবে কেন কেউ? আসেন আসেন, আপনাদেরকে সেটাই জানাই।
ঘটনাটি ঘটে গত ২ নভেম্বর। ফ্রান্সের তিনটি EFS (French Blood Establishment) প্লাজমা সংরক্ষণ কেন্দ্রে সাইবার হামলার ঘটনা সামনে আসে। হামলাকারীরা রেফ্রিজারেশন সরবরাহকারী প্রতিষ্ঠান Coolworld-এর রিমোট মনিটরিং ব্যবস্থার একটি বাগকে কাজে লাগিয়ে স্টোরেজের টেম্পারেচার কন্ট্রোলের চেষ্টা করে। প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা তাপমাত্রার সেটিং প্রায় মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১১০ ডিগ্রি সেলসিয়াসে নেওয়ার চেষ্টা করেছিল। তবে এই তাপমাত্রা বাস্তবে তারা সেট করতে পারেনি। অ্যালার্ম সিস্টেম বিষয়টি ধরতে পারায় কর্মীরা দ্রুত রিমোট অ্যাক্সেস বন্ধ করে ফেলেন। প্লাজমার ব্যাগগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেন। ফলে কোনো রক্ত বা রক্তের উপাদান নষ্ট হয়নি, হাসপাতালগুলোতেও সেবা ব্যাহত হয়নি।
কিন্তু প্রশ্ন হচ্ছে, হ্যাকাররা ফ্রিজ কেন টার্গেট করল?
আসলে আধুনিক ফ্রিজ এখন আর আগের দিনের সাধারণ ফ্রিজ নেই। উন্নত দেশগুলোতে শিল্পকারখানা, সুপারশপ, হাসপাতাল কিংবা রক্তসহ নানা উপাদান সংরক্ষণের অনেক রেফ্রিজারেশন সিস্টেম ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে কন্ট্রোল ও সুপারভাইজ করা যায়। এতে কাজ সহজ হয় ঠিকই, কিন্তু নিরাপত্তায় দুর্বলতা থাকলে সেই সুবিধাই বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
আর এই টেকনিক একেবারে নতুনও নয়। গত অক্টোবরে ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটে। সেখানে খাবার সংরক্ষণের তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিপুল পরিমাণ খাবার নষ্ট হয়ে যায়। পরবর্তী সময়ে ইউরোপের আরও কয়েকটি দেশেও একই ধরনের হামলার খবর আসে।
অর্থাৎ, আগে হ্যাকারদের কারণে সুপারশপের মাছ-মাংস ঝুঁকিতে পড়েছে, এবার ঝুঁকিতে পড়তে বসেছিল মানুষের জীবন বাঁচানোর উপাদান। তবে আগের সুপারমার্কেট হামলা আর ব্লাড স্টোরেজে হামলার পেছনে একই হ্যাকার গ্রুপ রয়েছে, এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি।
এদিকে ৯ নভেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের কর্মকর্তারা অক্টোবরের সুপারমার্কেট হামলার পেছনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের একটি সাইবার ইউনিটের সংশ্লিষ্টতা সন্দেহ করছেন। তবে ব্লাড স্টোরেজে হামলাটিও একই পক্ষ করেছে কি না, তা নিশ্চিত নয়।
সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের চারপাশের যন্ত্রপাতি যত স্মার্ট হচ্ছে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনও তত বাড়ছে। কারণ, একটা ফ্রিজের টেম্পারেচার কন্ট্রোলের ক্ষমতা যদি ভুল হাতে চলে যায়, তাহলে সেটি শুধু খাবার নষ্ট করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
যা দেখা যাচ্ছে, জীবনে আরেক আতঙ্ক যোগ হতে যাচ্ছে! ফোন, কম্পিউটারের পাশাপাশি এখন ফ্রিজও হ্যাকারদের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে!
তথ্যসূত্র:
OCCRP — French blood storage cyber incident
BleepingComputer — Refrigeration system cyberattack
Reuters — French officials suspect Iran behind refrigerator hacks



পাঠকের মন্তব্য