‘পিছু হটা আমাদের সিলেবাসে নেই’ ফেসবুকে এমন রহস্যময় স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনায় এসেছেন ভারতে পলাতক ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহল থেকে শুরু করে সংগীতাঙ্গন, সবখানেই চলছে নানা জল্পনা-কল্পনা। কেউ বলছেন, এটি হয়তো তার নতুন কোনো রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিত। কেউ আবার ধারণা করছেন, দীর্ঘদিন ধরে পলাতক জীবন কাটাতে কাটাতে পিছু হটার ধারণাটিই তার কাছে এখন ব্যক্তিগতভাবে অপছন্দের হয়ে উঠেছে। এক নেটিজেন তো মন্তব্য করেছেন, ভাইয়ের গাড়িতে হয়তো ব্যাকগিয়ার নাই।
তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে সাদ্দাম জানিয়েছেন, এটি আসলে কোনো রাজনৈতিক বার্তা নয়, বরং ‘ডিসেম্বরের শহর ২’-এর নতুন লিরিক। অর্থাৎ রাজনীতির মাঠে না থাকলেও গানের খাতায় তিনি বেশ সক্রিয়। কেন সম্পূর্ণ লিরিক না দিয়ে একটা লাইন দিলেন, সেটি জিজ্ঞেস করলে সাদ্দাম বলেন, আসলে এই একটি লাইনই তিনি লিখেছেন। নতুন এই গানে বাকি সব লাইন আগের মতোই থাকবে। এটি শোনার পর আমাদের প্রতিবেদক তাকে অনলাইনে বনচটকনা মেরে কলটি কেটে দেন।
এদিকে সংগীতবোদ্ধারা বলছেন, বাংলা গানে এমন সৃজনশীল পুনর্ব্যবহারের নজির খুব বেশি নেই। বিশেষ করে পুরোনো গানের সঙ্গে নতুন একটি লাইন জুড়ে দিয়ে সেটিকে সিক্যুয়েল হিসেবে বাজারে আনার উদ্যোগ নিঃসন্দেহে সংগীতশিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।


