জুলাই তারুণ্য নুসরাত তাবাসসুমের বাড়ি পুড়িয়ে দেওয়ার পোড়া মাটি নীতি, হাসিবকে সশস্ত্র হামলা করা, জুলাই স্মৃতিসৌধে মীর মুগ্ধের ছবিটি কালি দিয়ে আড়াল করা, বাস পুড়িয়ে চালককে জ্যান্ত পুড়িয়ে মারা; বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাগরিকদের মাঝে ভীতি ছড়িয়ে দেওয়া, ক্ষমতাসীন সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যর্থ, এমনটা প্রমাণের চেষ্টা; এসব ক্যানিবাল চিন্তার কোনোটার মাঝেই পলাতক পতিত ফ্যাসিস্ট ফিরে আসার কোনো ইঙ্গিত নেই।
বরং ২০২৪-এর জুলাই মাসে মানবতাবিরোধী অপরাধ ঘটানোর পরও অনুশোচনাহীন ডিনায়াল ও অন্তহীন রক্ততৃষ্ণা দেশবাসীর সামনে তুলে ধরে; জুলাই তারুণ্য কি নৃশংস একটি গোষ্ঠীর কবল থেকে দেশকে মুক্ত করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধী নাৎসিদের জার্মানি ফিরতে দেয়নি; সুতরাং জুলাই অপরাধী আওয়ামী লীগও ফিরতে পারবে না।
এই রেটরিক শুনতে ভালো লাগে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজে যে ডিনাজিফিকেশন ঘটেছিল; বাংলাদেশে সেরকম কোনো উদ্যোগ চোখে পড়েনি। বরং ২০২৪ সালের ৫ আগস্টের পরপরই কালচারাল ফ্যাসিস্টেরা পতিত স্বৈরাচারের অনুবর্তী মিডিয়া ও নিউ মিডিয়ায় শতমুখে জুলাই তারুণ্যের ছিদ্রান্বেষণ ও ডিফেমেশন করেছে। জুলাইয়ে প্রায় ১৪০০ জীবন উৎসর্গ ও হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে দেশকে ফ্যাসিস্ট রাহুমুক্ত করাই যেন অপরাধ হয়েছে; এমন একটি চিন্তার ট্রেন্ড ছড়িয়ে পড়েছে বিশেষত বুমারস, জেন এক্স ও সিনিয়র মিলেনিয়ালদের প্রায় প্রতিটি ডিসকোর্সে।
পৃথিবীর প্রতিটি বিপ্লব ও গণঅভ্যুত্থানের পর পতিত শাসকের নির্যাতনের ভিকটিমেরা নির্যাতনকারীদের ওপর প্রতিশোধ নেয়। জুলাই তারুণ্য ও অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসের সেই অমোঘ বাস্তবতা উপেক্ষা করে পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রেখেছিল। মিছিলের সব হাত-পা-মুখ এক হয় না; ফলে ৩২ নম্বর ভাঙা ও প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মতো কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কিন্তু জুলাই বিপ্লব যাদের জীবনের স্ট্যাটাস কো ও স্বর্গের আমেজ কেড়ে নিয়েছে; এমন সেটেলড সমাজটি প্যারাডাইস লস্টের গল্পে ঐ ঘটনাগুলো প্রধান করে তুলেছে। যেন ১৪০০ হত্যাকাণ্ড, হাজার হাজার মানুষ আহত হওয়া, পনেরো বছরের গুম, ক্রসফায়ার, আয়নাঘর, অবৈধ গ্রেফতার-নির্যাতন, স্মরণকালের সবচেয়ে বেশি দেশ লুণ্ঠন ও পাচারের ট্র্যাজেডির চেয়ে বেশি শোকদায়ী দালানের ক্ষতি। জুলাই বিপ্লবকালে মেট্রোরেলে আগুন নিয়ে ফ্যাসিস্ট শাসক হাসিনার মায়াকান্নার অনুরূপ ঐ দালান নিয়ে কান্না। ক্ষতিগ্রস্ত দালান মেরামত করা যায়; কিন্তু চব্বিশে নিহত ১৪০০ ছাত্র-জনতার জীবন ফিরিয়ে আনা যায় না। এই কমনসেন্স অনুপস্থিত খেলনা বয়ানকারীদের ছড়া ও গদ্যে।
২০২৪ সালের জুলাইয়ের ১৬ তারিখ থেকে আজ অবধি প্রতিবেশী রাষ্ট্রের মিডিয়া যে বাংলাদেশবিরোধী প্রচারণা চালিয়েছে; ঐ সম্পাদকীয় নীতি, অ্যাঙ্গলিং ও ফ্রেমিং হুবহু অনুসৃত হয়েছে বাংলাদেশের স্থানীয় বেশ কিছু মিডিয়ায়। প্রতিবেশী দেশের ধর্মভিত্তিক ক্ষমতা কাঠামোর চোখে বাংলাদেশে তাদের শাখা আওয়ামী লীগ ক্ষমতায় না থাকা মানেই বাংলাদেশ ধর্মভিত্তিক রাজনীতির খপ্পরে পড়ে যাওয়া। ২০০৯-২৪ (৫ আগস্ট) পর্যন্ত লক্ষ্য করা গেছে, মিডিয়ার জঙ্গি ফ্রেমিং কাউকে হত্যাযোগ্য করে তোলার সবচেয়ে সহজ পথ। কালচারাল ফ্যাসিস্টেরা তাই 'জুলাই জঙ্গি' শব্দবন্ধ জনপ্রিয় করার চেষ্টা করেছে। যে কারণে জুলাই তরুণ হাসিবকে সশস্ত্র হামলার আগে আওয়ামী বজরঙ্গি তাকে জুলাই জঙ্গি ডেকেছে। তিনদিক থেকে ঘিরে থাকা ইসলামোফোবিয়ার মানসপুত্র এই পতিত আওয়ামী লীগ, কালচারাল ফ্যাসিস্ট ও ইন্ডিয়ান মিডিয়ার সম্পাদকীয় নীতি অনুসরণ করা মিডিয়াগুলো তাদের প্যারাডাইস রিগেইনের জন্য মরিয়া।
২০০৮ সালে দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত জীবনের কষাঘাতে জর্জরিত লোকেরা ২০০৯ সাল থেকে রাষ্ট্রক্ষমতার সোনার কাঠি, রুপার কাঠির ছোঁয়ায় নিও-এফ্লুয়েন্ট ও ফিলিস্টাইন হয়েছে। কৃত্রিম উচ্চবর্গের মহিমা তাদের চলায়, বলায় ও খেলায়। লীগের পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন বলেছিলেন, আমরা একরকমের বেহেশতে আছি; ইন্ডিয়াকে বলে আসছি, যেভাবেই হোক হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। কিন্তু জুলাই তারুণ্যের হঠাৎ আলোর ঝলকানিতে সে বেহেশত তাসের ঘরের মতো উড়ে গেলে লীগবর্তী সমাজের সুখের সমুদ্র শুকিয়ে যায়। দিকে দিকে কালনাগিনীর দীর্ঘশ্বাস, আগেই ভালো ছিলাম।
বাংলাদেশ কার্যত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা হারাকিরি সোসাইটির কবলে পড়েছে। জুলাই-পরবর্তী বাংলাদেশে যারা নিজেদের আর কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। আর নিয়তির এই ট্র্যাজিক পরিণতির জন্য তারা দায়ী করছে জুলাই তারুণ্যকে। নিষিদ্ধ আওয়ামী লীগ এক অন্ধ ও বৃদ্ধ দৈত্যের মতো; কালচারাল ফ্যাসিস্টেরা লাইক্যানথ্রপিক রোগে ভোগা শৃগালের মতো পাহাড়ের ওপারে গিয়ে কুঁ কুঁ করে কাঁদে; আবার অমাবস্যা কি জ্যোৎস্নায় লোকালয়ে নেমে আসে শিশু-কিশোরের রক্তপান করতে।
জুলাইপক্ষের প্রতিটি মানুষ, রাজনৈতিক দল, বিশেষত জুলাই তারুণ্যকে নিজেদের মধ্যকার খুচরা বিতর্কগুলো স্থগিত রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্তান ও অনুজপ্রতিম জুলাই তারুণ্যকে পরাজিত অন্ধ দৈত্যের প্রতিশোধের আগুন থেকে রক্ষা করতে অভিভাবক শ্রেণির জনমানুষকে সক্রিয় হতে হবে। সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক-মানবিক এই ঐক্যই বাংলাদেশের নিরাপত্তার ঠিকানা।



পাঠকের মন্তব্য