লাভ বাইটের জন্য নিতে হবে ভ্যাকসিন, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা

৫ পঠিত ০ ... ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে

 

 

কুকুর, বিড়াল কিংবা বানরের কামড় খেলে জলাতঙ্কের ঝুঁকি এড়াতে যেমন ভ্যাকসিন নিতে হয়, তেমনি এবার থেকে প্রেমিক কিংবা প্রেমিকার কাছ থেকে লাভ বাইট খেলেও বিশেষ ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হতে পারে বলে দাবি করেছেন গবেষকরা। সম্প্রতি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক কাল্পনিক গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, ঘাড়ে লাভ বাইট বা হিকি দেওয়ার পর বিষয়টিকে নিছক রোমান্টিক মুহূর্তের স্মৃতি হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটিকে একধরনের বিশেষ বাইট এক্সপোজার হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

গবেষণাপত্রের তথ্যমতে, লাভ বাইটের সময় সঙ্গীর ঠোঁটের অতিরিক্ত সাকশন বা চোষার কারণে ত্বকের নিচে থাকা ক্ষুদ্র রক্তনালিগুলো ফেটে যায়। ফলে সেখানে রক্ত জমে লালচে কিংবা নীলচে-বেগুনি দাগ তৈরি হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি সাধারণ কালশিটে বা Bruise হলেও গবেষকরা এর নাম দিয়েছেন ‘রোমান্টিক বাইট সিনড্রোম’। তাদের দাবি, এ ধরনের বাইটের পর আক্রান্ত ব্যক্তির জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন। বিশেষ করে লাভ বাইট দেওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত ডোজের ‘অ্যান্টি-হিকি ভ্যাকসিন’ গ্রহণ করতে হবে।

গবেষণাটির প্রধান গবেষক ড. হিকি আল-মাহমুদ এক কাল্পনিক সংবাদ সম্মেলনে জানান, এতদিন মানুষ কেবল কুকুর, বিড়াল কিংবা বানরের কামড়ের পর ভ্যাকসিন নেওয়ার কথা ভাবলেও প্রেমিক-প্রেমিকার কামড়ের বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি। অথচ আবেগের বশবর্তী হয়ে দেওয়া একটি লাভ বাইটের কারণে অনেককেই পরদিন অফিস, বিশ্ববিদ্যালয় কিংবা পারিবারিক অনুষ্ঠানে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে ঘাড়ের দাগ ঢাকতে কলার উঁচু করা, স্কার্ফ কিংবা মেকআপের আশ্রয় নিতে হয়। এই সামাজিক ও মানসিক জটিলতা বিবেচনায় নিয়েই নতুন ভ্যাকসিনের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

গবেষকদের দাবি, নতুন এই ভ্যাকসিন গ্রহণ করলে ভবিষ্যতে লাভ বাইটের কারণে সৃষ্ট শারীরিক ও সামাজিক জটিলতা থেকে সুরক্ষা পাওয়া সম্ভব হবে। তবে যারা ইতোমধ্যে একাধিক লাভ বাইটের শিকার হয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষ বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে কি না, তা নিয়ে গবেষণা চলছে।

এদিকে গবেষণার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা। নেটিজেনদের একাংশ বলছেন, প্রেমিক কিংবা প্রেমিকার কাছ থেকে লাভ বাইট পাওয়ার পর এবার থেকে নিকটস্থ হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে হবে। কেউ কেউ আবার প্রস্তাব দিয়েছেন, বিয়ের আগে কাবিননামার পাশাপাশি সঙ্গীর টিকাদান কার্ডও যাচাই করা উচিত। অন্যদিকে অনেকে প্রশ্ন তুলেছেন, একাধিক প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে লাভ বাইট পেলে প্রতিবারই কি নতুন করে ভ্যাকসিন নিতে হবে?

তবে চিকিৎসাবিজ্ঞানে লাভ বাইট কোনো সংক্রামক রোগ নয়। এটি মূলত ত্বকের নিচে ক্ষুদ্র রক্তনালি ফেটে যাওয়ার কারণে তৈরি হওয়া কালশিটে দাগ। এর জন্য কোনো স্বীকৃত ভ্যাকসিনও নেই।

৫ পঠিত ০ ... ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে

Top ​