আউটলুকে মেইল পাঠিয়ে নিশ্চিন্তে অফিসে বসে আছে জামিল। বস অফিসে এসেই ডেকে পাঠালো তাকে। রুমে যেতেই এক ঝাড়ি! অই মিয়া মেইল পাঠাইতে কইলাম, না দিয়া নাক ডাইকা ঘুমাচ্ছেন! খবরই নাই! এদিক জামিল তো হতভম্ব! মেইল পাঠিয়েছে সকালে এসেই! তাড়াতাড়ি চেক করে দেখে মেইল যায় নাই! কোনো মেইলও আসে নাই! জামিলের মনে হলো সে আবুল হয়ে গেছে, হায়াতও কমে গেছে খানিকটা! এরপর বসও ট্রাই করল, মেইল যায় না! রাউটার অন অফ হইল, পিসি, ল্যাপটপ রিস্টার্ট হইল, কোনোকিছুতেই কাজ হইল না! শুধু মেইল না, মাইক্রোসফট ৩৬৫ এর কোনোকিছুই কাজ করছে না! শুধু জামিল একা না, মোটামুটি সারা বিশ্বে ৭৪ লাখ মানুষ (অফিসিয়াল রিপোর্টে এইটা, বাস্তবে কত তার হিসাব নাই!) এমন আবুল হয়ে গেছিলেন ১২ নভেম্বর!
গত ১২ নভেম্বর থেকে Microsoft-এর বেশ কিছু জনপ্রিয় সার্ভিসে বড় ধরনের সমস্যা শুরু হয়, যা মোটামুটি ১৩ নভেম্বর পর্যন্ত ছিল। Outlook-এ ইমেইল সেন্ড ও রিসিভ এ সমস্যা, Microsoft Teams-এ মিটিংয়ে জয়েন হতে ঝামেলা, আবার Copilot, SharePoint ও Microsoft 365-এর অন্যান্য সার্ভিসেও দেখা দেয় বিভ্রাট। অর্থাৎ, অফিসের কাজ করতে গিয়ে অনেকেই ঝাড়ি খেয়েছেন বসের, অনেকে ঝাড়ি দিয়েছেন সবাইকে! তে লাভ হয় নাই!
ব্যাপারটা কতটা বড় ছিল? Downdetector-এ ৭৪টি দেশ ও অঞ্চল থেকে Microsoft-এর বিভিন্ন সার্ভিস নিয়ে রিপোর্ট জমা পড়ে। বিশ্বজুড়ে মোট রিপোর্টের সংখ্যা ৭৪ লাখ ছাড়িয়ে যায়। তবে এগুলো সমস্যার রিপোর্ট, একচুয়ালি কতজন ঝামেলায় পড়েছেন তার সংখ্যার রেকর্ড নাই!
কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় প্রতিষ্ঠানের সার্ভার হঠাৎ ডাউন হলো কেন? কেউ কি মাইক্রোসফট হ্যাক করেছিল?
না, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এটি কোনো সাইবার অ্যাটাক ছিল না। মাইক্রোসফটের তদন্তে উঠে আসে, নেটওয়ার্কে পরিবর্তনের পর একটি আপগ্রেডিং সিস্টেমে সমস্যা হয়। এর ফলে বেশ কিছু সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ে। বাকি সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। মাইক্রোসফট সার্ভার রিস্টার্ট (ওরাও রিস্টার্ট দেয় কোনো সমস্যা হইলে!) ও সফটওয়্যার ফিক্স দিয়েও শুরুতে পুরোপুরি সমস্যার সমাধান করতে পারেনি।
এর প্রভাব শুধু ইমেইল বা অফিসের মিটিংয়েই সীমাবদ্ধ ছিল না। যুক্তরাজ্যে আদালতের বিচারকাজ ব্যাহত হয়, কিছু ফার্মেসিতে প্রেসক্রিপশন পেতে দেরি হয়। বিভিন্ন দেশের সরকারি সংস্থা, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠানও সমস্যায় পড়ে। এমনকি OpenAI ও Anthropic-এর Microsoft 365 কানেক্টরেও সমস্যা দেখা দেয়। মানে, মাইক্রোসফটের সার্ভার সমস্যায় পড়তেই অন্য টেক কোম্পানির কাজেও টান পড়ে!
১৩ নভেম্বরের মধ্যে পরিস্থিতি ঠিক হতে শুরু হলেও সব ইউজারের জন্য সার্ভিস পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগে। মাইক্রোসফট জানিয়েছে, তারা সার্ভারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজ চালিয়ে যাচ্ছে।
যা দেখা যাচ্ছে, আমরা দৈনন্দিন জীবনের প্রায় সব কাজই এখন কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সার্ভিসের ওপর নির্ভর করে ফেলেছি। ফলে তাদের একটা সার্ভার সমস্যায় পড়লে হাজার হাজার প্রতিষ্ঠানের কাজও আটকে যেতে পারে।
তথ্যসূত্র:
Reuters — Microsoft outage eases after over a day
AP — Microsoft outage exposes reliance on a single provider
Al Jazeera — What happened and why?



পাঠকের মন্তব্য