ডিসেম্বরে দেশে ফেরার কথা বলে যাচ্ছেন শেখ হাসিনা। কিন্তু তার আবার পাসপোর্ট নাই। কীভাবে আসবেন? কোনো চিন্তা নেই! পাসপোর্ট ছাড়াই কীভাবে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা? সেরকমই কিছু দুর্ধর্ষ কামব্যাক রুটের খবর বের করেছেন eআরকির আদম ব্যাপারির দল।
১. ইতালি-লিবিয়া রুট:
ভারত থেকে প্রথমে ইতালি। সেখান থেকে ড্রামে করে সমুদ্র পাড়ি দিয়ে লিবিয়া। লিবিয়া থেকে আরেকটা ড্রামে করে কক্সবাজার। তারপর লোকাল বাসে ঢাকা। বাসের হেলপারকে অবশ্য পরিচয় দেওয়া যাবে না!
২.নেপাল-তিব্বত রুট:
ভারত থেকে নেপাল, নেপাল থেকে তিব্বত। এরপর হিমালয় ডিঙিয়ে পঞ্চগড়। সমস্যা একটাই, সীমান্তে বিজিবি না থাকলেও ইয়েতির হাতে ধরা পড়ার সম্ভাবনা আছে!
৩. মালদ্বীপ রুট:
ভারত থেকে মালদ্বীপ। সেখান থেকে সাবমেরিনে করে বঙ্গোপসাগর। সুন্দরবনে নেমে বাঘের সঙ্গে একটা সমঝোতা করে নিতে হবে। বাঘ রাজি হলে সাতক্ষীরা হয়ে গোপালগঞ্জ! এরপর সময়-সুযোগ বুঝে ঢাকা।
৪. মহাকাশ রুট:
ভারত থেকে রকেটে করে চাঁদ। চাঁদ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বেস ক্যাম্প। এরপর সেখান থেকে প্যারাসুটে করে সরাসরি গণভবনে ল্যান্ডিং। তবে অবতরণের আগে দেখে নিতে হবে, স্যাটেলাইটে আবার কোনো রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া লোকজন বসে আছে কি না!
৫.টাইম মেশিন রুট:
২০২৬ থেকে সরাসরি ২০০৮ সালে ফিরে যাওয়া। তারপর নির্বাচনে অংশ নিয়ে আবার ক্ষমতায় আসা। এতে দেশে ফেরার ঝামেলা নেই, উল্টো জনগণকেই বাইরের দেশে ও কবরে ফেরত পাঠানোর সুযোগ আছে!

