দেশের উন্নয়নে চাঁদাবাজির অবদান নিয়ে আমরা বোধহয় যথেষ্ট আলোচনা করি না। অথচ একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে, চাঁদাবাজি শুধু কিছু মানুষের পকেট ভারী করে না, এর সুদূরপ্রসারী সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবও রয়েছে।
আসুন, জেনে নিই চাঁদাবাজির ১০টি অসামান্য উপকারিতা!
১.
চাঁদাবাজি আমাদের নিজের অর্জিত সম্পদ ও টাকা অন্য অনেকের সঙ্গে শেয়ার করতে শেখায়।
২.
মানুষের টাকা বেশি হলে সে আর কাউকে পাত্তা দেয় না। অহংকারী হয়ে যায়! মাঝে মাঝে চাঁদাবাজি হলে সেই ভারসাম্য বজায় থাকে। অহংকারী ভাবটা আর থাকে না।
৩.
চাঁদাবাজির মাধ্যমে দেশের তরুণদের মধ্যে বেকারত্বের হার কমছে। একজন চাঁদাবাজের পেছনে থাকে সহযোগী, হিসাবরক্ষক, পাহারাদারসহ বিশাল কর্মীবাহিনী। বেকারত্ব দূরীকরণে এমন উদ্যোগের জুড়ি নেই!
৪.
চাঁদাবাজির কারণে দেশের অর্থনীতির চাকা সচল থাকছে। একবার ভেবে দেখেন, চাঁদার টাকা দেওয়ার জন্য মানুষের এক্সট্রা ইনকাম করতে হবে। সেটা করতে গেলে এক্সট্রা কাজ করতে হবে। যত কাজ, তত আয়। যত বেশি আয়, তত বেশি অর্থনীতির চাকা সচল! তাই চাঁদাবাজির প্রয়োজন আছে!
৫.
চাঁদাবাজি নেটওয়ার্কিং বাড়ায়। এলাকার নেতা, পাতিনেতা, বড় ভাই, ছোট ভাই থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।
৬.
চাঁদাবাজি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটি আমাদের জাতীয় ঐক্য গড়ে তোলে। কারণ, চাঁদাবাজির ক্ষেত্রে এলাকার বড়-ছোট, গরিব-ধনী কেউ বাদ যায় না। সবাইকেই সমানভাবে চাঁদা দিতে হয়!
৭.
মাসের আয়-ব্যয়ের হিসাব করার সময় আগে নিজের প্রয়োজন, তারপর পরিবারের প্রয়োজন, তারপর এলাকার ভাইদের প্রয়োজন হিসাব করতে হয়। ফলে আর্থিক পরিকল্পনায় মানুষ দক্ষ হয়ে ওঠে।
৮.
চাঁদাবাজির কারণে বাজারে দোকানদার, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক থেকে শুরু করে নিরাপত্তা খাতের মানুষের কাজের চাপ বাড়ে। একে বলা যায় মাল্টিপ্লায়ার ইফেক্ট!
৯.
প্রতিদিন নতুন নতুন অঙ্কের চাঁদা, নতুন নতুন দাবি। এসব সামলাতে সামলাতে মানুষের মানসিক সহনশীলতা এমন পর্যায়ে যায় যে জীবনের আর কোনো সমস্যাকেই সমস্যা মনে হয় না!
১০.
চাঁদাবাজির সুবাদে আমাদের ভাষায় নতুন নতুন শব্দ যুক্ত হচ্ছে। যেমন: লাইন খরচ, কমিটি খরচ, ম্যানেজ খরচ, ঈদ বোনাস, পূজা বোনাস, নিরাপত্তা খরচ। বাংলা ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে এমন অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই!
চাঁদাবাজি শুধু একটি অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, এটি আমাদের সামাজিক, সাংস্কৃতিক ও কর্মসংস্থানমূলক উন্নয়নের এক বহুমুখী হাতিয়ার। শুধু খেয়াল রাখতে হবে, চাঁদাবাজির সুফল যেন চাঁদাবাজ ছাড়া আর কেউ ভোগ করতে না পারে!


