মসজিদের শহরে নারীদের পর্যাপ্ত জায়গা কোথায়?

২৫ পঠিত ০ ... ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে

 

ধর্মপ্রাণ মুসলমানদের সৃষ্টিকর্তার ইবাদতের জন্য তুলনামূলক সহজ ও স্বস্তিদায়ক একটি জায়গা মসজিদ। আপনি বাইরে যেখানেই কাজে ব্যস্ত থাকুন না কেন, নামাজের সময় হলে কাছাকাছি কোথাও না কোথাও মসজিদ পেয়ে যান। ধর্মীয় কর্তব্য পালনের পাশাপাশি জামায়াতে নামাজ আদায়ে পাওয়া যায় অতিরিক্ত সওয়াব।

কিন্তু ধর্মের মতো সার্বজনীন বিষয়েও কটি মসজিদ কমিটি নিরপেক্ষ হতে পেরেছে! একটু পরিষ্কার করে বললে, কয়টি মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের জায়গা রাখা হয়েছে?

কর্মজীবী নারীর সংখ্যা বিবেচনায় ঢাকাকে উদাহরণ হিসেবে নেওয়া যায়। নামাজের সময়গুলোতে নারীদের একটা বড় অংশকে নানা কাজে বাইরে থাকতে হয়। যেখানে একজন ধর্মপ্রাণ পুরুষ কাছাকাছি মসজিদে গিয়ে জামায়াতে নামাজ আদায়ের সুযোগ পান, সেখানে একজন নারীকে অনেক ক্ষেত্রেই উপযুক্ত নামাজের জায়গার অভাবে বিড়ম্বনায় পড়তে হয়। কখনো অপেক্ষা করতে হয় বাসায় ফেরার।

ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী, ঢাকা শহরে ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার মসজিদ রয়েছে। বিভিন্ন সূত্রে এই সংখ্যা ছয় হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে।

অথচ এসব মসজিদের কতটিতে নারীদের নামাজের ব্যবস্থা রয়েছে, তার নির্ভরযোগ্য ও হালনাগাদ কোনো পরিসংখ্যান পাওয়া কঠিন। তবে বাস্তব চিত্র বলছে, অধিকাংশ মসজিদেই নারীদের জন্য আলাদা নামাজের জায়গা নেই।

ঢাকার সবচেয়ে বড় মসজিদ বায়তুল মোকাররমে নারীদের নামাজের জায়গাটি তুলনামূলক বড়। নামাজের সময়টাতে সেখানেও বেশ ভালো জমায়েত হয়। জায়গা অপ্রতুল হলে সেখানে অপেক্ষা করতে হয় সিরিয়ালে।

পুরুষরা কতটা সিরিয়ালে থাকেন নামাজের জন্য?

শুধু মসজিদেই নয়, হাসপাতালের মতো জায়গাতেও একই চিত্র চোখে পড়ে। রোগীর সেবা-শুশ্রূষা কিংবা চিকিৎসকের কাছে চেকআপের জন্য পরিবারের নারী সদস্যদের উপস্থিতি কম নয়। উদাহরণ হিসেবে হার্ট ফাউন্ডেশনই দেখুন, বিশাল একটি নামাজের জায়গা থাকলেও নারীদের জন্য বরাদ্দ অংশটি তার তুলনায় অনেক ছোট।

আপনি ধর্মপ্রাণ হলেও সময়মতো মসজিদে গিয়ে জামায়াতে নামাজ আদায়ের সুযোগ পাবেন না, কারণ আপনি নারী। আপনার জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা নেই। ঢাকার পরিস্থিতি যেখানে এমন, সেখানে দেশের সার্বিক অবস্থা সহজেই অনুমেয়।

এই বৈষম্য কেন, এ নিয়ে আলেম সমাজের দুশ্চিন্তা আছে কি না জানা নেই। তবে শীত আসি আসি করছে। সামনে মাহফিলের সিজন।

আপনারা শহর, গ্রাম-গঞ্জে মাহফিলগুলোয় কান পাতবেন। আলোচনার একটা বিশাল অংশজুড়ে 'নারী' থাকলেও, নারীদের ইবাদতের জন্য মসজিদে পর্যাপ্ত জায়গার ব্যবস্থা থাকা উচিত কি না, এই প্রসঙ্গটা কেন যেন আসেই না!

 

থাম্বনেইল ছবি কৃতজ্ঞতায়: মাসুম পারভেজ

২৫ পঠিত ০ ... ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top ​