লিবিয়া হয়ে ড্রামে করে দেশে ফিরতে চান হাসিনা, যোগাযোগ করছেন দালালদের সাথে

২০ পঠিত ০ ... ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চললেও এবার তার দেশে ফেরার রুট নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। অবিশ্বস্ত সূত্রের দাবি, প্রচলিত বিমানবন্দর কিংবা স্থলবন্দর ব্যবহার না করে একেবারে ব্যতিক্রমী পথে দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। আর সেই পরিকল্পনায় রয়েছে লিবিয়া, ড্রাম এবং কয়েকজন অভিজ্ঞ দালাল। সূত্রটি আরও জানায়, ইতালিগামী অভিবাসীদের ব্যবহৃত রুট নিয়ে বেশ কিছুদিন ধরেই খোঁজখবর নিচ্ছেন তিনি। বিশেষ করে ড্রামে করে সমুদ্রপথে যাওয়ার কৌশলটি তার বেশ মনে ধরেছে। তবে ইতালির পরিবর্তে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করায় রুটটি নিয়ে কিছুটা গবেষণা করতে হচ্ছে সংশ্লিষ্ট দালালদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দালাল জানান, আমরা সাধারণত মানুষকে ইতালি পাঠাই। কিন্তু এবার বাংলাদেশ পাঠানোর প্রস্তাব এসেছে। তাও আবার আপার পক্ষে থেকে। বিষয়টি আমাদের জন্যও নতুন অভিজ্ঞতা। তবে ড্রামের সাইজ নিয়ে একটু চিন্তায় আছি। এদিকে এ বিষয়ে জানতে চাইলে কাল্পনিক এক সূত্রের বরাতে জানা যায়, দেশে ফেরার জন্য এমন অভিনব রুট বেছে নেওয়ার পেছনে রয়েছে বিশেষ অভিমান। তিনি নাকি বলেছেন, রাজাকারের বাচ্চারা তোমরা ড্রামে করে লিবিয়া হয়ে ইতালি গেলে সমস্যা নাই, আমি বাংলাদেশ গেলেই এত সমস্যা কেন? আমার সবকিছুতেই দোষ খোজো তোমরা, অপরাধটা কী আমার?

এদিকে সম্ভাব্য যাত্রার প্রস্তুতি হিসেবে ড্রামের ভেতরে পর্যাপ্ত বাতাস, পানি এবং একটি পাওয়ার ব্যাংক রাখার পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ দালালরা। তবে সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে ড্রামের ভেতরে বসে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অসুবিধা। কারণ, বক্তব্য দিতে গিয়ে হাত নেড়ে কথা বলার অভ্যাস থাকলে ড্রামের দেয়ালে বারবার আঘাত লাগতে পারে। তবে শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রশ্ন, ড্রামে করে দেশে ফিরলে সেটিকে প্রত্যাবর্তন বলা হবে নাকি আমদানি?

২০ পঠিত ০ ... ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে

Top ​