আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে ঠিক করতে চায় নিব্বি প্রেমিকা সমাজ, নিয়োগ চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

১৮ পঠিত ০ ... ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন চারদিকে উদ্বেগ, উৎকণ্ঠা আর সমালোচনার ঝড়, তখন পরিস্থিতি সামাল দিতে এক অভিনব প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন দেশের নিব্বি প্রেমিকা সমাজ। তাদের দাবি, এতদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন কিংবা রাজনৈতিক নেতারা যা পারেননি, তা কয়েকটা কিউট মেসেজ আর ভালোবাসার ইমোজি দিয়েই করে দেখাতে পারবেন তারা।

নিব্বি প্রেমিকা সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিটি থানায় একজন করে নিব্বি প্রেমিকা নিয়োগ দেওয়া হলে অপরাধের হার এমনিতেই কমে যাবে। কারণ, অপরাধ করার আগে অপরাধীদের ইনবক্সে গিয়ে তারা জিজ্ঞেস করবেন, ‘বাবু, তুমি এমন কেন করো? আমার জন্য হলেও ভালো হয়ে যাও।’ এরপরও কেউ অপরাধ করলে তাকে দীর্ঘ সময় ধরে অভিমান করে রিপ্লাই দেওয়া বন্ধ রাখা হবে।

এদিকে তাদের দাবি, চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ করতে বলা হবে, ‘তুমি কি আমাকে ভালোবাসো না? তাহলে এসব করো কেন?’ আর ছিনতাইকারীদের হাতে ধরিয়ে দেওয়া হবে গোলাপ ফুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরির আবেদন করার বিষয়ে এক নিব্বি প্রেমিকা বলেন, ‘আমরা চাইলে ১০ মিনিটের অভিমান দিয়ে তিন বছরের সম্পর্ক ঠিক করে ফেলতে পারি। সেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা তো আমাদের কাছে ডালভাত। মন্ত্রী সাহেব শুধু নিয়োগটা দেন, বাকি দায়িত্ব আমাদের।’

তবে তাদের এই প্রস্তাবে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, কোনো অপরাধী যদি ‘তুমি আমাকে আর ভালোবাসো না’ বলে পাল্টা অভিমান শুরু করে, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

১৮ পঠিত ০ ... ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে

Top ​