কোয়ান্টাম ফিজিক্সের কোয়ান্টাম অ্যান্ট্যাঙ্গলমেন্ট বা আইনস্টাইনের আপেক্ষিকতা বাদ দিন। চিকিৎসাবিজ্ঞানের শত বছরের সব থিওরিকে এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আফগানিস্তান। আধুনিক দুনিয়ায় এতদিন জেনেশুনে আসছি, যার রোগ, ওষুধ তাকেই খেতে হয়। কিন্তু আফগান চিকিৎসাব্যবস্থা প্রমাণ করে দিল, এই ধারণা সম্পূর্ণ ভুল, বানোয়াট ও পশ্চিমা ষড়যন্ত্র!
সম্প্রতি কাবুলে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এক নতুন চিকিৎসাপদ্ধতিতে দেখা গেছে এক অলৌকিক কাণ্ড। অসুস্থ হন পরিবারের নারীরা, কিন্তু ডাক্তার দেখান, প্রেসক্রিপশন নেন এবং ওষুধ গিলে খান পুরুষ মাহরাম। আর এতেই অলৌকিকভাবে সুস্থ হয়ে যান অসুস্থ নারীটি।
ঘটনার বিবরণ দিয়ে কাবুলের এক স্থানীয় বাসিন্দা জানান, গত সপ্তাহে তার স্ত্রীর হঠাৎ প্রচণ্ড জ্বর আসে। কিন্তু নিয়ম অনুযায়ী নারী চিকিৎসকের অভাবে স্ত্রীর তো আর ডাক্তারখানায় যাওয়ার জো নেই। তখন উপায় না দেখে স্বামী নিজেই সোজা গিয়ে হাজির হন এক অভিজ্ঞ চিকিৎসকের চেম্বারে।
মাহরাম সাহেব বুকে হাত দিয়ে বোঝান, রোগীর বয়স ও জেন্ডারজনিত কারণে আমিই তার প্রক্সি হিসেবে এসেছি। যা বলার আমাকে বলুন, যা লেখার আমার প্রেসক্রিপশনে লিখুন।
মাহরামের সব ধরনের টেস্ট করা হয়। চেক করা হয় তার প্রেশার ও জ্বর। ফার্মেসি থেকে চার প্রকারের ভারী অ্যান্টিবায়োটিক, নাপা এক্সট্রা আর গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হয়। মাহরাম নিজেই তা সেবন করেন। আর বাড়িতে আসতে আসতে দেখেন, অসুস্থ নারীটি ফুল সুস্থ!
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই আবিষ্কারের খবর শুনে স্ট্রোক করার জোগাড়। সংস্থার এক প্রতিনিধিদল গোপনে আফগানিস্তানে পাড়ি জমাচ্ছেন দেখতে যে, এই প্রক্সি থেরাপি বা ভিকারিয়াস হিলিংয়ের মাধ্যমে কীভাবে ব্লুটুথ কানেকশনের মতো এক শরীরের রোগ অন্য শরীরে ট্রান্সফার করা হচ্ছে।
এদিকে আফগানিস্তানের পুরুষ সমাজে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। কারণ, এখন থেকে ঘরে কোনো নারীর সামান্য মাথাব্যথা, সর্দি-কাশি বা পেট খারাপ হলেই মাহরামদের কপালে দুর্গতি নেমে আসছে। ডাক্তার ও ওষুধের খরচ বাঁচলেও, বউয়ের রোগের ঠেলায় পুরুষদের লিভার ও কিডনি যে কত দিন টিকবে, তা নিয়ে খোদ কাবুলের কবিরাজরাও সন্দিহান!
তবে অনেকেই জিনিসটাকে পজিটিভ হিসেবেই দেখছেন। এমনই একজন পুরুষ বলেন, আফগানিস্তান নারীদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। দেখেন, আজকাল অসুখ হলে কষ্ট করে তাদের আর ডাক্তারের কাছে যেতে হচ্ছে না। ঘরে আরাম-আয়েশ করছেন। পুরুষরাই যাচ্ছেন ডাক্তারের কাছে। তারাই নিচ্ছেন চিকিৎসা! নারীকে মায়ের জাতি হিসেবে আমরাই সর্বোচ্চ আসন দিচ্ছি।


