আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ফেলব, আমাকে আর ১০টা বছর সময় দেন: একান্ত কাল্পনিক সাক্ষাৎকারে উগান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ পঠিত ০ ... ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে

 

11 (28)

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগ ও সমালোচনার এবার আশাব্যঞ্জক বাণী শুনিয়েছেন সংবিধানের মুখস্থ কথক, রিল বানিয়ে উৎসাহ দানের পথপ্রদর্শক, উড হ্যাভ বিন নায়ক স্বয়ং উগান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি আমাদের সবুজ প্রতিবেদককে দেওয়া একান্ত কাল্পনিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কোনো ঘটনাই না, শুধু প্রয়োজন সামান্য ১০টা বছর।

দেশের সাম্প্রতিক ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী একগাল হেসে বলেন, হৃদয় কাঁদা মাটির কোনো মূর্তি নয়! আইনশৃঙ্খলাও তো হৃদয়ের একটা গোষ্ঠীগত আদবকায়দার সমষ্টি। অল্প সময়ে সম্ভব না। আমরা মাত্র হাঁটতে শিখেছি। এক পা, দুই পা ফেলছি। একদিন উসাইন বোল্টের মতো দৌড়াব, শুধু ১০টা বছর সময় দেবেন।

আমাদের প্রতিনিধি সেই রোডম্যাপ জানতে চাইলে তিনি বলেন, আমরা সঠিক পথেই আছি। রাজপথ ধরে আমরা কাজ শুরু করব। দেখবেন, একসময় দেশের মানুষ ঘরের দরজা খোলা রেখে ঘুমাবে।

ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিকল্পনা করাই তো আমাদের কাজ। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আবার পরিকল্পনা করতে হবে। আপনারা তো প্রশ্ন করেই খালাস, কাজ কীভাবে হয় কখনো ভেবেছেন? নিশ্চিন্তে ভাবনার কিছু প্রশিক্ষণের জন্য ১০০ জনের একটা দল বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, মোড়ে মোড়ে সিসিটিভি থাকবে। শুধু তাই নয়, সিসিটিভি পাহারার জন্য নিয়োগ দেওয়া হবে ২০০ সদস্যের প্রশিক্ষিত বাহিনী–TDR (তোদের দেখে রাখব)! এই নিয়োগ হবে কার্ডের মাধ্যমে। উফ্, কত কাজ! এগুলো আপনারা বুঝবেন না।

আমাদের সবুজ প্রতিবেদক হঠাৎ জিজ্ঞাসা করেন, ১০ বছর পরও যদি পরিস্থিতির উন্নতি না হয়?

স্বরাষ্ট্রমন্ত্রী রেগেমেগে উত্তর দেন, তাহলে সংবিধান বদলে ২০ বছরে ১০ বছর করে ফেলব!

১৯ পঠিত ০ ... ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top ​