ভাবুন তো, পাড়ার সবচেয়ে অভিজাত একটা ক্লাবের বার্ষিক পিকনিক হচ্ছে। ক্লাবের সংবিধানে বড় বড় করে লেখা, এই ক্লাব জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। আমরা সমানাধিকারে বিশ্বাস করি। এবার সেই ক্লাবের এক প্রভাবশালী সদস্য সপরিবারে সদস্যপদ নিলেন। চাঁদা দিলেন, অনুদান দিলেন, সবকিছুই ঠিকঠাক। কিন্তু পিকনিকের দিন দেখা গেল, তিনি শুধু বাড়ির ছেলেদের নিয়ে হাজির হয়েছেন। বাড়ির মেয়েরা কোথায় জানতে চাইলে তিনি বললেন, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী মেয়েরা বাইরে যেতে পারে না। তারা ঘরে বসে আলু ভাজবে, আর ছেলেরা মাঠে গিয়ে ক্রিকেট খেলবে।
এখন ক্লাব কর্তৃপক্ষের কী করা উচিত? অন্তত ওই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তাই না? কিন্তু ক্লাব যদি উল্টো ওই ভদ্রলোককে আরও মোটা অঙ্কের অনুদান দিয়ে বলে, আহা, ছেলেগুলো তো ভালোই ক্রিকেট খেলে! বাবার দোষে ছেলেদের কেন বাদ দেব? মেয়েদের জন্য আমরা বরং চার-পাঁচ বছর পর একটা আলাদা লুডু খেলার রোডম্যাপ তৈরি করে দিচ্ছি! তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়?
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এবং আফগানিস্তান ক্রিকেটের বর্তমান সম্পর্কটাও অনেকটা এমন। ঘটনাটা একটু গোড়া থেকে বলি। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটের পূর্ণ সদস্যপদ পায় আফগানিস্তান। এই পূর্ণ সদস্যপদ কিন্তু এমনিতে দিয়ে দেওয়া হয় না। এর কিছু শর্ত আছে। আইসিসির মেম্বারশিপ ক্রাইটেরিয়া অনুযায়ী, পূর্ণ সদস্য দেশগুলোর পুরুষ ও নারী উভয় ক্রিকেটের উন্নয়ন এবং পরিচালনার জন্য কার্যকর ব্যবস্থা থাকতে হয়। পাশাপাশি আইসিসির অ্যান্টি-ডিসক্রিমিনেশন পলিসি আছে, যেখানে লিঙ্গের ভিত্তিতে বৈষম্য না করার কথা বলা হয়েছে। অর্থাৎ, কাগজে-কলমে আইসিসির অবস্থান বেশ পরিষ্কার।
আফগানিস্তানও শুরুতে নারী ক্রিকেট নিয়ে কিছুটা এগিয়েছিল। ২০২০ সালে দেশটির নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়। মেয়েরা ক্রিকেট খেলছিলেন, জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছিলেন। সবকিছু মোটামুটি ঠিকঠাকই চলছিল। কিন্তু ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফেরার পর পুরো পরিস্থিতি বদলে যায়। মেয়েদের স্কুল-কলেজে যাওয়া, পার্কে যাওয়া, জিমে যাওয়া থেকে শুরু করে খেলাধুলার সুযোগও বন্ধ হতে থাকে। ক্রিকেটও এর বাইরে ছিল না। যারা একসময় আফগানিস্তানের জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতেন, তাদের অনেককেই দেশ ছাড়তে হয়। বর্তমানে তাদের কেউ অস্ট্রেলিয়া, কেউ ইংল্যান্ড, কেউ কানাডায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন।
এবার আসা যাক আইসিসির কথায়। একটা দেশের সরকার মেয়েদের ক্রিকেট খেলা বন্ধ করে দিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়ে দিল, তাদের কিছু করার নেই। এখন প্রশ্ন হচ্ছে, আইসিসির নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কি না? অন্তত আইসিসির বৈষম্যবিরোধী নীতির আলোকে বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে আইসিসি তেমন কিছুই করেনি। আফগানিস্তানের পুরুষ দল আগের মতোই আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছে। রশিদ খানরা দিব্যি বিশ্বকাপ খেলছেন, আইপিএল খেলছেন, বিভিন্ন দেশের সঙ্গে সিরিজ খেলছেন।
এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। রশিদ খান, মোহাম্মদ নবী, রহমানউল্লাহ গুরবাজ কিংবা ইব্রাহিম জাদরানদের ব্যক্তিগতভাবে দোষ দেওয়ার কিছু নেই। তারা অসাধারণ ক্রিকেটার। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটে নিজেদের জায়গা করে নেওয়াটা মোটেও সহজ ছিল না। তারা কেউ তো মেয়েদের ক্রিকেট বন্ধ করেননি। তাদের শাস্তি দেওয়ার প্রশ্নও তাই আলাদা করে দেখতে হবে। আইসিসির যুক্তিও অনেকটা এমন। সরকারের নীতির কারণে পুরুষ ক্রিকেটারদের শাস্তি দেওয়া ঠিক হবে না। বরং আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি করতে হবে।
শুনতে ভালোই লাগে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। সরকারের নীতির কারণে যদি রশিদ খানদের শাস্তি দেওয়া ঠিক না হয়, তাহলে একই সরকারের নীতির কারণে আফগান নারী ক্রিকেটাররা কেন শাস্তি পাবেন? তাদের অপরাধটা কী? তারাও তো ক্রিকেট খেলতে চেয়েছিলেন। তারাও তো জাতীয় দলের চুক্তিতে ছিলেন। একদিকে পুরুষ ক্রিকেটারদের ক্যারিয়ার বাঁচানোর জন্য মানবিকতার কথা বলা হচ্ছে, অন্যদিকে নারী ক্রিকেটারদের ক্যারিয়ারটাই শেষ হয়ে যাচ্ছে। এই দ্বিচারিতার নামই কি আইসিসির বৈষম্যবিরোধী নীতি?
এবার আসি টাকার হিসাবে। ২০২৫ সালের এপ্রিলে বিবিসির একটি প্রতিবেদনে উঠে আসে, আইসিসি প্রতি বছর আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে প্রায় ১৩ মিলিয়ন পাউন্ড অর্থায়ন করে। বাংলাদেশি টাকায় যা দুইশো কোটিরও বেশি। এত বড় অঙ্কের টাকা দেওয়া হচ্ছে এমন একটা দেশের ক্রিকেট বোর্ডকে, যেখানে নারী ক্রিকেট কার্যত বন্ধ। মেয়েদের কোনো নিয়মিত দল নেই, টুর্নামেন্ট নেই, খেলার পরিবেশ নেই। অথচ আইসিসি তাদের অর্থায়ন কমানোর মতো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি নির্বাসিত নারী ক্রিকেটারদের জন্য এই অর্থের একটা অংশ সরাসরি ব্যয় করার ব্যবস্থাও করেনি।
সহজ হিসাব। পুরুষদের ক্রিকেট চলছে, আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে, টিভি স্বত্ব বিক্রি হচ্ছে, স্পনসর আসছে। ক্রিকেটের ব্যবসাও চলছে। ফলে আইসিসির খুব একটা সমস্যা হচ্ছে না। কিন্তু নারী ক্রিকেটাররা কোথায় খেলবেন, কীভাবে খেলবেন, তাদের ভবিষ্যৎ কী হবে, এসব নিয়ে খুব একটা তাড়াহুড়ো দেখা যাচ্ছে না।
২০২৫ সালের মার্চে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আইসিসিকে চিঠি দিয়ে বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। তাদের দাবি ছিল, নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আফগানিস্তানের সদস্যপদ এবং পুরুষ দলের আন্তর্জাতিক অংশগ্রহণ স্থগিত করা হোক। পাশাপাশি নির্বাসিত নারী ক্রিকেটারদের নিয়ে একটি স্বীকৃত জাতীয় দল গঠন করা হোক। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মতো দেশগুলোও নীতিগত অবস্থান থেকে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু আইসিসির অবস্থানে তেমন পরিবর্তন দেখা যায়নি।
অবশ্য সমালোচনার মুখে আইসিসি একটা উদ্যোগ নিয়েছে। ২০২৫ সালে নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। এরপর ২০২৬ সালের জুলাইয়ে ঘোষণা আসে, একটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে তাদের আইসিসির বাছাইপর্বে খেলার জন্য একটি রোডম্যাপ তৈরি করা হবে। একবার চিন্তা করেন! যেসব নারী ক্রিকেটার ২০২০ সালেই জাতীয় দলের চুক্তিতে ছিলেন, তাদের এখন বলা হচ্ছে আরও চার বছর অপেক্ষা করতে। ২০৩০ সালে গিয়ে তারা বাছাইপর্বে খেলার একটা সুযোগ পাবেন কি না, সেই পরিকল্পনা করা হচ্ছে। এটা অনেকটা ক্ষুধার্ত মানুষকে খাবার না দিয়ে বলা, আপনি আপাতত অপেক্ষা করেন। চার বছর পর আপনাকে বিরিয়ানি রান্নার রেসিপি দেওয়া হবে!
এখন প্রশ্ন হচ্ছে, আইসিসির কী করা উচিত? প্রথমেই একটা বিষয় বুঝতে হবে, আইসিসির নিয়মে এমন কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা নেই যে নারী দল না থাকলেই পুরুষ দল সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হয়ে যাবে। তবে আইসিসির নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার এবং সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের আছে। আমার মতে, আইসিসির উচিত আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে স্পষ্ট সময়সীমা দিয়ে কয়েকটা শর্ত দেওয়া।
প্রথমত, নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের নিয়ে অবিলম্বে একটি স্বীকৃত জাতীয় দল গঠন করতে হবে। তাদের আফগানিস্তানের পরিচয়েই আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, আইসিসির দেওয়া অর্থের মধ্যে নারী ক্রিকেটের জন্য ন্যায্য বরাদ্দ নিশ্চিত করতে হবে। সেই অর্থ সরাসরি নির্বাসিত নারী ক্রিকেটারদের দল গঠন, প্রশিক্ষণ ও পরিচালনার কাজে ব্যয় করতে হবে। তৃতীয়ত, নির্দিষ্ট সময়ের মধ্যে এসব শর্ত পূরণ না হলে আফগানিস্তানের পূর্ণ সদস্যপদ স্থগিত করা এবং পুরুষ দলের আন্তর্জাতিক অংশগ্রহণ নিয়েও কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত।
একটা দেশের সরকার মেয়েদের ক্রিকেট খেলার অধিকার কেড়ে নেবে, ক্রিকেট বোর্ড বলবে আমাদের কিছু করার নেই, পুরুষ দল আগের মতোই বিশ্বজুড়ে খেলে বেড়াবে, আইসিসি কোটি কোটি টাকা অর্থায়ন করবে, আর অন্যদিকে বৈষম্যবিরোধী নীতির কথা বলবে! এই তামাশা আর কতদিন? হয় আফগানিস্তানের মেয়েদের হাতে ব্যাট-বল ফিরিয়ে দেওয়ার কার্যকর ব্যবস্থা করুন, নয়তো আইসিসির সংবিধানে বৈষম্যবিরোধী নীতির কথাগুলো বাদ দিয়ে দিন। অন্তত ভণ্ডামিটা আর করতে হবে না!



পাঠকের মন্তব্য