ক্রিকেটার থেকে পিকেটার হতে যেকোনো সময় বাংলাদেশে পা রাখতে পারেন সাকিব আল হাসান ও মাশরাফি

১৮ পঠিত ০ ... ১১ ঘন্টা ১ মিনিট আগে

 

7 (20)

দেশের রাজনীতির মাঠ এখন বেশ গরম, বিশেষ করে আগামী ডিসেম্বরে আপার সম্ভাব্য প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে। ঢাকার অলিগলি থেকে শুরু করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, গোপালগঞ্জ কিংবা রাজশাহী, সর্বত্রই এখন বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং অনলাইনভিত্তিক ‘লকডাউন’ কর্মসূচির উত্তাপ। ঠিক এমনই এক রোমাঞ্চকর ও ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতিতে ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে নতুন গুঞ্জন ডালপালা মেলেছে: দেশের ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্র ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা এবার ব্যাট-বল তুলে রেখে রাজপথের পেশাদার পিকেটার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

অবিশ্বস্ত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রীড়া ও রাজনৈতিক বিশ্লেষকের মতে, দুজনেরই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার এখন অনেকটা অস্তাচলে। ফলে অবসরের পরের জীবনটা যেন বোরিং বা একঘেয়ে না হয়ে ওঠে, সে জন্যই তারা এই নতুন ও চ্যালেঞ্জিং ক্যারিয়ার বেছে নেওয়ার কথা ভাবছেন।

২০২৪ সালের পটপরিবর্তনের পর থেকেই সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অনেকটা হোম কোয়ারেন্টাইনে দিন কাটাচ্ছেন। মাঝেমধ্যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিলেও ব্যাট-বলের সেই পুরোনো ধার আর আগের মতো নেই। তার ওপর সম্প্রতি যুক্ত হয়েছে চোখের সমস্যা। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাকিবের এই চোখের সমস্যা আসলে মাঠে ব্যাটিংয়ের জন্য বাধা হলেও রাতের আঁধারে ককটেল ছোড়া কিংবা দূর থেকে পুলিশের অবস্থান পর্যবেক্ষণের জন্য মোটেও কোনো অন্তরায় নয়।

অবিশ্বাসযোগ্য একটি সূত্র জানিয়েছে, আইনি জটিলতা কাটিয়ে এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হলেই তিনি যেকোনো মুহূর্তে ঢাকার বিমানবন্দরে পা রাখবেন। তবে এবার আর মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে নয়, তাকে দেখা যেতে পারে রাজধানীর কোনো ব্যস্ত মোড়ে টায়ার জ্বালানোর তদারকি করতে। ক্রিকেট মাঠে অলরাউন্ডার হিসেবে যেভাবে তিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতেন, রাজপথের পিকেটিংয়েও তিনি ‘অলরাউন্ড’ পারফরম্যান্স দেখাবেন বলে আশা করা হচ্ছে। এক হাতে ককটেল, অন্য হাতে সরকারবিরোধী প্ল্যাকার্ড!

অন্যদিকে, নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজা দেশেই আছেন। ঢাকা ও নড়াইলে পরিবারের সঙ্গেই তিনি সময় কাটাচ্ছেন, যদিও জনসম্মুখে তাকে খুব একটা দেখা যাচ্ছে না। সম্প্রতি তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ালেও তিনি এখনো নিরাপদেই আছেন। তবে বিশ্লেষকদের ধারণা, মাশরাফির এই নীরবতা আসলে বড় কোনো ঝড়ের পূর্বাভাস।

মাশরাফি দেশেই থাকলেও তিনি নতুন রূপে রাজপথে ফিরবেন। অর্থাৎ, এতদিন তাকে দেখা গেছে জার্সি গায়ে বোলিং রানআপে দৌড়াতে, এবার দেখা যাবে মাফলার পেঁচিয়ে লকডাউন সফল করার মিছিলে নেতৃত্ব দিতে। বোলিংয়ে তার সেই বিখ্যাত ইনসুইং ও আউটসুইং এর অভিজ্ঞতা এখন পিকেটিংয়ের সময় ইটপাটকেল কিংবা ককটেল নিক্ষেপের নিখুঁত নিশানা ঠিক করতে দারুণ কাজে লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাকিব আল হাসান বরাবরই মাশরাফিকে নিজের বড় ভাই ও মেন্টর হিসেবে মেনে এসেছেন। ক্রিকেটের মাঠে মাশরাফির নেতৃত্বে সাকিব যেমন বিশ্বসেরা হয়েছেন, রাজপথের এই নতুন ‘পিকেটিং লিগে’ও তিনি বড় ভাইয়ের হাত ধরেই নামতে চান।

অজ্ঞাত মহলের ধারণা, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের ৪৮ ঘণ্টার লকডাউন কিংবা ডিসেম্বরের সম্ভাব্য কর্মসূচিতে এই জুটিকে আবারও ওপেনিংয়ে দেখা যেতে পারে। তবে এবার তাদের হাতে থাকবে না কোনো উইলো কাঠের ব্যাট, বরং থাকতে পারে ম্যাচের কাঠি আর পেট্রোলের বোতল। সিদ্ধিরগঞ্জ বা ঢাকার রাস্তায় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানের ভিড়ে হঠাৎ করেই যদি গ্যালারির চিরচেনা ‘সাকিব, সাকিব’ বা ‘ম্যাশ, ম্যাশ’ ধ্বনি শোনা যায়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না।

সব মিলিয়ে, ক্রিকেট মাঠের এই দুই কিংবদন্তির নতুন এই ‘সেকেন্ড ইনিংস’ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের ক্রীড়ামোদী ও রাজনৈতিক মহল, আর অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী!

১৮ পঠিত ০ ... ১১ ঘন্টা ১ মিনিট আগে

Top ​