জেমস বন্ডের পর ফেলুদা সিরিজেও কাজ করতে চান প্যাটিনসন। সব্যসাচী বললেন তুই পারবি

১১২ পঠিত ০ ... ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে

]

হলিউডে এখন নতুন গুঞ্জন। জেমস বন্ড হওয়ার সুযোগ পাওয়ার পর এবার নাকি ফেলুদা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। একের পর এক আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিতে কাজ করে এবার তাঁর নজর পড়েছে বাঙালির আবেগ ফেলুদার ওপর। খবর ছড়িয়ে পড়তেই বাঙালি দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, ব্যাটম্যান থেকে বন্ড, বন্ড থেকে ফেলুদা, প্যাটিনসনের ক্যারিয়ারে উন্নতি হচ্ছে, নাকি ফেলুদার ক্যারিয়ারে অবনতি, সেটা বোঝা মুশকিল। আবার কেউ প্রশ্ন তুলেছেন, যে লোক বাংলা জানেন না, তিনি ফেলুদা হয়ে রহস্য সমাধান করবেন কীভাবে?

তবে এসব প্রশ্নে একেবারেই বিচলিত নন প্যাটিনসন। বরং এক সাক্ষাৎকারে নিজের বাংলা দক্ষতার প্রমাণ দিতে গিয়ে তিনি বলেন, ‘হামি বাংলা পারবে। হামার সাথে জটায়ু আর তোপসে থাকলেই হামি সব কেস সলভ করে ফেলতে পারবে। আপনেরা চিন্তা করবেন না।’

এদিকে প্যাটিনসনের মুখে বাংলা শুনে আবেগ ধরে রাখতে পারেননি ফেলুদা চরিত্রে অভিনয় করা সব্যসাচী চক্রবর্তী। মাশরাফি স্টাইলে তিনিও বলে উঠেছেন, তুই পারবি!

সব্যসাচীর এই সমর্থনের পর প্যাটিনসনের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। তিনি এখন নিয়মিত বাংলা চর্চা করছেন। বিশেষ করে ‘মগজাস্ত্র’, ‘সোনার কেল্লা’ এবং ‘জয় বাবা ফেলুনাথ’ এই তিনটি শব্দ ঠিকঠাক উচ্চারণের চেষ্টা করছেন। তবে ‘মগজাস্ত্র’ বলতে গিয়ে কয়েকবার ‘মগজ মাস্টার’ বলে ফেলায় তাঁকে আপাতত বিরতি দেওয়া হয়েছে।

এদিকে জটায়ুর চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। প্যাটিনসন নাকি হলিউডের কয়েকজন অভিনেতার নাম প্রস্তাব করেছেন। তবে প্রযোজকরা জানিয়েছেন, জটায়ুর চরিত্রে এমন কাউকে লাগবে, যিনি ভয় পেলেও ফেলুদার পেছনে পেছনে যেতে রাজি থাকবেন এবং বিপদের সময় অন্তত তিনবার ‘ফেলুবাবু!’ বলে চিৎকার করতে পারবেন।

তবে সবচেয়ে বড় বিপদ দেখা দিয়েছে তোপসেকে নিয়ে। কারণ প্যাটিনসন নাকি শর্ত দিয়েছেন, তোপসে চরিত্রে এমন কাউকে নিতে হবে, যে তাঁর সঙ্গে ইংরেজিতে কথা বলবে। এতে বাঙালি দর্শকদের প্রশ্ন, তাহলে ফেলুদা সিরিজে বাংলা ভাষার ভবিষ্যৎ কী?

১১২ পঠিত ০ ... ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে

Top ​