জেমস বন্ডে চান্স পাননি জায়েদ খান। বললেন, কী নেই আমার!

১৭ পঠিত ০ ... ১০ ঘন্টা ২ মিনিট আগে

 

16 (43)

 

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জেমস বন্ডের পরবর্তী সিনেমার জন্য বাপ্পী চৌধুরী, অনন্ত জলিল, মেহেদী, অমিত হাসান, এমনকি শাকিব খানের মতো তারকাদের পেছনে ফেলে পর্দার জেমস বন্ড হিসেবে চান্স পেয়েছেন রবার্ট প্যাটিনসন। কিন্তু এ ঘটনায় মুষড়ে পড়েছেন দক্ষিণবঙ্গের অনুপ্রেরণা, বরিশালের আমড়ার অ্যাম্বাসেডর, ফ্ললেস ডিগবাজির ধারক ও বাহক, বাংলার নারীকুলের কম্পিত হৃদয়ের কেন্দ্রবিন্দু, মাথার বালিশের বাই ডিফল্ট কভার ডিজাইনে মডেল, রোলেক্স ঘড়ির দক্ষিণ এশীয় ব্র্যান্ড প্রোমোটার, দ্য ওয়ান অ্যান্ড অনলি জায়েদ খান।

এক ফেসবুক ভুয়া বার্তায় তিনি বলেন, কী নেই আমার? সেই পালিয়ে যাওয়া, সরি, অভিবাসনের পর থেকে নিজেকে তিলে তিলে তৈরি করেছি। স্টান্টম্যানের লম্ফঝম্ফ যাতে নিজেই করতে পারি, তাই ডিগবাজিকে নিয়ে গেছি ভিন্ন উচ্চতায়। আগে শুধু ফ্লোরে ডিগবাজি খেতাম, এখন বিছানা, বেঞ্চ, পার্ক, নৌকা সর্বত্র প্র্যাকটিস করি।

রবার্ট প্যাটিনসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনপ্রিয়তায় আমি কি কোনো অংশে ওর চেয়ে কম? টোয়াইলাইট ছবির জন্য আমি স্ক্রিন টেস্ট দিয়েছিলাম, সে খবর তো আপনারা জানেন না। বরিশালে ব্যক্তিগত কাজের জন্য সিনেমাটা ছেড়ে দিই।

ডেনিস ভিলনেভকে কতবার ফোন করেছি, মেসেজ দিয়েছি, ইলিশ খাওয়াতে চেয়েছি... সব ভালোবেসে। একবারও রেসপন্স করল না। শুধু প্যাটিনসনকেই ভালোবেসে গেল, আমার প্যাশন দেখল না।

বন্ড টিমের এই সিলেকশনকে প্রত্যাখ্যান করে জায়েদ খান যোগ করেন, এখানে হয়েছে সূক্ষ্ম কারচুপি। আমি এগুলা জানি। এই ফলাফল মানি না।

আমি নিজেই প্রোডাকশন হাউস খুলব। নাম হবে ভন্ড!

বিশ্ব তখন দেখবে এক নতুন বন্ডকে, যা ইয়ান ফ্লেমিং কখনো কল্পনাও করেননি।

১৭ পঠিত ০ ... ১০ ঘন্টা ২ মিনিট আগে

Top ​