সদ্য গ্রেফতার হয়েছেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন। গ্রেফতারের পর তার চকচকে ক্লিন শেভ চেহারার বদলে বড় চুল আর লম্বা দাড়ির রকস্টার লুক দেখে রীতিমতো বিস্মিত নেটিজেনরা। অনেকেই ধারণা করেছিলেন, দল ক্ষমতায় না থাকা, রাজনৈতিক দুর্দিন কিংবা দুশ্চিন্তার কারণেই হয়তো নিজের চেহারায় এমন পরিবর্তন এনেছেন তিনি। তবে এসব ধারণাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন সাইদ খোকন। জেল থেকে আমাদের এক প্রতিবেদককে তিনি জানান, আপনারা সবসময় তিলকে তাল করেন। দল ক্ষমতায় নাই তো কী হইছে, টাকাপয়সা কী কম কামাইছি? আমার অনেক দিনের ইচ্ছা ছিল সময় পেলে মিউজিক করব। কিন্তু মেয়র থাকা অবস্থায় এত ব্যস্ততা ছিল যে সময় পাইনি। এখন হাতে অঢেল সময়। তাই ভাবলাম, এবার নিজের স্বপ্নটা পূরণ করি।
তিনি আরও জানান, ইতোমধ্যে কয়েকটি ব্যান্ডের সঙ্গে কথা হলেও তার প্রথম পছন্দ বিখ্যাত হেভি মেটাল ব্যান্ড Metallica। ব্যান্ডটির সঙ্গে প্রাথমিক আলোচনা অনেক দূর এগিয়েছে বলেও দাবি করেন তিনি। সেই প্রস্তুতির অংশ হিসেবেই চুল-দাড়ি বড় করছেন। তার ভাষায়, রকস্টার হতে গেলে একটা vibe লাগে না? ছোট চুল, ক্লিন শেভ করে তো আর Master of Puppets গাওয়া যায় না।
তবে Metallica-তে ঠিক কোন পদে যোগ দিচ্ছেন, এমন প্রশ্ন করতেই তিনি ফোন কেটে দেন। বিষয়টি নিয়ে ব্যান্ডটির পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে গোপন ও অবিশ্বস্ত এক সূত্রের বরাতে জানা গেছে, মূলত ব্যান্ডটির ড্যান্সার হিসেবে যোগ দিচ্ছেন সাইদ খোকন। ব্যান্ডের সদস্যরা দীর্ঘদিন ধরে মঞ্চে পারফর্ম করলেও তাদের মধ্যে নাচের ঘাটতি রয়েছে বলে মনে করছেন তিনি। সেই ঘাটতি পূরণেই তার এই উদ্যোগ। সূত্রটি আরও জানায়, Metallica-র জন্য ইতোমধ্যে ‘আর মানুষ পান নাই’ শিরোনামে একটি নতুন মেটাল গানও লিখেছেন সাইদ খোকন। গানটির লিরিক্সে রয়েছে গভীর রাজনৈতিক দর্শন, অস্তিত্বের সংকট এবং বারবার একই প্রশ্নের মুখোমুখি হওয়ার যন্ত্রণা।
এদিকে সাইদ খোকনের Metallica-তে যোগদানের খবরে সংগীতাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, Metallica-র মতো ব্যান্ডে এমন অভিজ্ঞ পারফর্মার যুক্ত হলে ব্যান্ডটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে। অন্যদিকে সংগীতবোদ্ধাদের আশঙ্কা, তার যোগদানের পর ব্যান্ডের নাম পরিবর্তন করে ‘মেটালিকা দক্ষিণ’ রাখা হতে পারে।


