ইন্ডিয়ার খেলনা কলোনির রঙ্গিন নেশা

২০ পঠিত ০ ... ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
20 (38)

পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বাংলাদেশ সম্পর্কে অনেকগুলো অনভিপ্রেত বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে।

মি. ভট্টাচার্যের মতো লোকেরা যদি সারাক্ষণ প্রতিবেশী রাষ্ট্র নিয়ে ব্যস্ত না থেকে নিজেদের রাজ্য নিয়ে একটু ভাবতেন, তাহলে ইন্ডিয়ার দরিদ্রতম রাজ্যের গ্লানি নিয়ে বাঁচতে হতো না।

ক্ষুধা বাংলাদেশের জন্য কোনো সমস্যা নয়। এ দেশের মেহনতি কৃষকেরা তাঁদের পরিশ্রমের অন্নে লালন করেন বাংলাদেশের সন্তানদের। আমি মি. ভট্টাচার্যদের ক্ষুধার অভিজ্ঞতার প্রতি অবশ্যই সহানুভূতিশীল। কিন্তু উনি নিজেদের যাপিত জীবনের আলোকে বাংলাদেশকে বিচার করবেন, এটা চাই না।

বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী এশিয়ার নানা দেশ থেকে খাদ্যসামগ্রী আমদানি করে। এর মধ্যে ইন্ডিয়া অন্যতম। মানে পাড়ার দশটি মুদি দোকানের একটি এই ইন্ডিয়া। নিজেদের গাঁটের টাকা খরচ করে আর পাঁচটা মুদি দোকানের পাশাপাশি মোদির মুদি দোকান থেকেও জিনিস কিনি। এখন মুদি দোকানের কর্মচারী যদি বলে, দোকানের ঝাঁপ ফেলে দিলে তুমি না খেয়ে মরবে! কথাটা কতটা হাস্যকর শোনায়। কাস্টমার হচ্ছে লক্ষ্মী। তার সঙ্গে দুর্ব্যবহার করলে তো না খেয়ে মরবেন আপনি।

বাংলাদেশকে কেন এক মুহূর্ত ভুলে থাকতে পারে না মোদির কর্মচারী ও গদি মিডিয়া, এই বিষয়টা ঠিক বুঝতে পারি না।

বাংলাদেশের মানুষ এতটাই সার্বভৌমত্বপ্রিয় যে, ব্রিটিশের কাছ থেকে যদি ইন্ডিয়া ও পাকিস্তান স্বাধীনতা না-ও পেত, তবু বাংলাদেশ স্বাধীন হতো। এই সহজ সত্যটা এতবার বলেও বোঝানো গেল না ইন্ডিয়ার রাজনীতিবিদ, আমলা ও সরকারঘেঁষা মিডিয়ার ইনফরমেশন হিটম্যানদের।

বিজেপির নেতা দেখলাম পশ্চিমবঙ্গের লোকজনকে ধমকাচ্ছেন, পছন্দ না হলে বাংলাদেশে চলে যান।

আরে মশাই, পছন্দ না হলে পাকিস্তানে চলে যান, এই জিনগত সংলাপেই থিতু থাকুন। আপনার যে সাম্প্রদায়িক কুটকুটানির শখ মেটানোর সঙ্গী পাকিস্তান, তাকে নিয়েই থাকুন।

বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র। আমরা আপনাদের ভিলেজ পলিটিক্সের সখা হতে পারব না।

আমাদের নতুন প্রজন্ম, যারা জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আপনাদের শাখা দল আওয়ামী লীগকে বের করে দিয়েছে, তাদের পক্ষে আপনাদের এই পোস্ত খাওয়া ক্ষুধার বার্তা আর ভিলেজ পলিটিক্সের কুটকুটানি বোঝা সম্ভব নয়।

ইন্ডিয়ার দরিদ্রতম রাজ্য হিসেবে ইতিহাসের বাঁকে বাঁকে দিল্লিকে কুপরামর্শ দেওয়া ছাড়া আপনাদের আর কোনো সেলিং পয়েন্ট নেই।

এই যে একটা অখণ্ড ভারতের রূপকথা, ছেঁড়াকাঁথায় শুয়ে পৌরাণিক সব গালগল্প, এইসব ট্রাইবাল কল্পকাহিনি বাংলাদেশের জেনজি ও জেন আলফার কাছে ভীষণ কৌতুকপ্রদ।

বাংলাদেশে আপনাদের শাখা দল আওয়ামী লীগের লোকগুলোকে দেখে বাংলাদেশ সম্পর্কে ধারণা করার চেষ্টা করাটাই ভুল হয়েছে আপনাদের। আরে মশাই, ওরা বাংলাদেশের একটি পশ্চাদপদ জনগোষ্ঠী। ভেবে দেখুন, আপনাদের এই এটা-ওটা ঘোষ আর হালদারের কাছে যারা কালচারাল ট্রেনিং নিয়েছে, তাদের কালচারের কী অবস্থা!

আওয়ামী লীগের ধ্যাড়ধেড়ে গোবিন্দপুর মার্কা লোকজন দেখে বাংলাদেশের মানুষ সম্পর্কে ধারণা করতে গিয়ে আপনাদের মুখ থেকে ভুলভাল কথা বের হয়। বরং ইন্ডিয়ার স্ট্যান্ডআপ কমেডিগুলো দেখেন। দেখবেন, আপনাদের প্রসঙ্গ এলেই কেমন হাসির রোল পড়ে যায়। আওয়ামী লীগের প্রসঙ্গ এলে যেমন বাংলাদেশে হাসির রোল পড়ে যায়।

তবে একটা কথা আমাকে স্বীকার করতেই হবে। আপনারা পেটের কথা পেটে রাখতে পারেন না। প্রণব মুখার্জির আত্মজীবনী থেকে শুরু করে শুভেন্দুর প্রাত্যহিক কচকচানি আর বাংলাভাষী গদি মিডিয়ায় ভড়ভড় করে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের কথা বলে আপনারা নিজেরাই নিজেদের জটিল মনস্তত্ত্ব উন্মুক্ত করেছেন।

বাংলাদেশের পুলিশ জানিয়েছে, ইন্ডিয়া থেকে সীমান্তপথে যে অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে ঢুকেছে, তা দিয়েই বাংলাদেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসী দলটি। ইন্ডিয়ায় প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অশান্ত করার যে পঞ্চাশ বছরের অনুশীলন, সেটাই আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাদের ইন্ডিয়ায় আশ্রয় দিয়ে গোটা বাংলাদেশে অব্যাহত রেখেছে ইন্ডিয়ার নানা মহল। বাংলাদেশকে ইন্ডিয়ার ছায়া-উপনিবেশ বানানোর চেষ্টা পঞ্চান্ন বছরে বহুবার ব্যর্থ হয়েও দিল্লির চোখ থেকে মামাবাড়ির বায়োস্কোপের নেশা কেন যায় না, তা বুঝি না।

আরে বাবা, বলিউডের ইলিউশনের জগৎ তো জীবন নয়। জীবন মানে কৃষকের আত্মহত্যা, বেকার যুবকের আত্মহত্যা, মাটি খেয়ে বেঁচে থাকা শিশু। ইন্ডিয়ার মতো এত খরখরে বাস্তবতা ভুলে খেলনা কলোনির রঙিন স্বপ্নের নেশা বিরল। কী খেলে এমন নেশা হয়, তা বলা মুশকিল।

ইন্ডিয়ার ক্ষমতা-কাঠামোর সঙ্গে সেখানকার জেনজি ও জেন আলফাদের বিরাট প্রজন্মগত ব্যবধান। তরুণদের ভাষা বুড়ো পলিসি মেকাররা বোঝেন না। নিজেদের পরিবারের এই অশান্তি ভুলে থেকে প্রতিবেশী বাংলাদেশের জানালায় কেন উঁকিঝুঁকি মারতে হবে, তা বুঝি না।

প্রতিবেশীর বাসায় বেড়াতে আসবেন, কবজি ডুবিয়ে ইলিশ ও কইমাছ খাবেন। তা না করে এক কুটিল প্রতিবেশী হয়ে অগ্নিকুণ্ড নিক্ষেপ করবেন প্রতিবেশীর ছাদে? ট্রাইবাল মেগালোম্যানিয়া আর বিদ্বেষের মুদি দোকান চালিয়ে কোথাও পৌঁছানো যায় না।

২০ পঠিত ০ ... ৭ ঘন্টা ৫১ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top ​