GTA VI-এ হেলিকপ্টার সেগমেন্টে আপার এন্ট্রি চাইলো ছাত্রলীগ-আওয়ামীলীগ নেতা-কর্মীরা

১০ পঠিত ০ ... ১১ ঘন্টা ৪ মিনিট আগে

 

 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে GTA VI বাজারে আসতেই বিশ্বজুড়ে গেমারদের মধ্যে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। কেউ ব্যস্ত গেমের গ্রাফিক্স নিয়ে, কেউ নতুন ম্যাপ ঘুরে দেখছেন, আবার কেউ ব্যস্ত পুলিশের হাত থেকে বাঁচতে। তবে সবকিছুকে ছাপিয়ে গেমটি খেলে এক অদ্ভুত সংকটে পড়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের একাংশ। গেমের হেলিকপ্টার নিয়ে পালানোর একটি দৃশ্য দেখেই তাদের পুরোনো স্মৃতি নতুন করে জেগে উঠেছে বলে দাবি করেছেন তারা। তাদের অভিযোগ, হেলিকপ্টার আছে, পালানোর ব্যবস্থা আছে, এমনকি পেছনে ধাওয়া করার লোকজনও আছে; শুধু নেই তাদের আপা।

এমনই এক আবেগঘন প্রতিক্রিয়ায় ভারতে অবস্থানরত এক লীগার লাইভ স্ট্রিমে এসে বলেন, প্রথম যখন খেললাম বুকের ভেতরটা কেমন করে উঠলো, হুহু করে কেঁদেও উঠেছিলাম। এরপর থেকে ঘুমাতে পারি না সারারাত ধরে, বুকের ভেতর খালি হাহাকার করে। আশা করি GTA মেকার ভাইয়েরা আমাদের কষ্ট বুঝে আপাকে নিয়ে আসবেন। প্রয়োজনে DLC হিসেবে ছাড়েন। আমরা টাকা দিয়ে কিনতেও রাজি আছি। শুধু আরও আপাকে হেলিকপ্টারে উঠতে দেখতে চাই। এদিকে গেমটির ডেভেলপারদের উদ্দেশে একটি অনলাইন পিটিশনও তৈরির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে কয়েকজন সাবেক নেতা-কর্মী। পিটিশনে তাদের দাবি, হেলিকপ্টার সেগমেন্টে আপার প্রবেশের আগে একটি বিশেষ কাটসিন রাখতে হবে। সেখানে পেছনে বাজবে আবেগঘন মিউজিক, স্ক্রিনে ভেসে উঠবে 'মিশন: শেষ যাত্রা'।

তবে শুধু হেলিকপ্টার সেগমেন্ট নয়, গেমে আরও কয়েকটি পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন তারা। যেমন, হেলিকপ্টারে ওঠার আগে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলন যেখানে আপা ‘অপরাধটা কী আমার’ বলে টিস্যুতে মুখ গুজে কান্না করবেন, পালানোর সময় বিশেষ নিরাপত্তা বহর এবং গেম ওভার হলে 'সব রাজাকারদের ষড়যন্ত্র' বলে চিৎকার করতে থাকবেন এমন ভিজ্যুয়াল থাকবে। এদিকে গেমারদের একটি অংশ এই দাবিকে স্বাগত জানিয়ে বলছেন, GTA VI-তে এমন একটি DLC যুক্ত হলে গেমটির রিয়েলিজম আরও বাড়বে। অন্যদিকে সমালোচকরা বলছেন, গেমে আপার এন্ট্রি দেওয়া গেমে গুম-খুন এসব বাড়তে পারে, তাই বুঝে শুনে কাজ করতে হবে।

১০ পঠিত ০ ... ১১ ঘন্টা ৪ মিনিট আগে

Top ​