গেমিং দুনিয়ায় আলোড়ন তোলা GTA 6 আসলে মুক্তি পেয়েছিল আগে বাংলা সিনেমায়। গেমসের নির্মাতারা সেটাকে নানান আইডিয়া, প্রযুক্তি আর ভুজুংভাজুং দিয়ে নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছে। দেয়নি কোনো ক্রেডিটও। ইয়ার্কি সেই সিনেমার সিকোয়েন্সগুলো মাটি খুঁড়ে তুলে এনেছে। দেখে নিন, মিলিয়ে নিন।
১। শেষ মুহূর্তের তীব্র গোলাগুলি। লুসিয়াকে বাঁচাতে গিয়ে জমজ বোন প্রিয়ার সামনে নিজের বুকে গুলি খায় জেসন। সেটা দেখে কষ্টে নিজেই নিজেকে গুলি করে লুসিয়া। পুলিশ নিয়ে আসে জেসনের জমজ ভাই জসিম। প্রিয়া জসিমের সঙ্গে চলে যেতে নেয়, ঠিক তখনই ‘সিনেমা শেষ, চাইয়া আছেন ক্যা?’ বলে দিলদার লাফ দেয়।
২। লুসিয়ার সেলাই মেশিন একদিন নষ্ট হয়ে যায়। সে মন খারাপ করে থাকে। জেসন ঠেলাগাড়ি চালিয়ে বাসায় ফেরে। তখন প্রতিবেশী দৌড়ে এসে খবর দেয়, আজ লটারির ফলাফল প্রকাশ পেয়েছে। জেসন লুসিয়ার দেওয়া ১০ টাকা দিয়ে কেনা লটারি মিলিয়ে দেখে, সে প্রথম পুরস্কার জিতেছে। খুশিতে জেসন লুসিয়াকে নতুন সেলাই মেশিন কিনে দেয়। কাপড় সেলাই করে তারা সুখে-শান্তিতে বসবাস করতে শুরু করে।
৩। জেসনের একটা বড় AK-47 বন্দুক আছে। কিছু হলেই সে নিজের লম্বা চুল উড়িয়ে বন্দুক বের করে সবাইকে ভয় দেখায়। কিন্তু একদিন জেসন দেখে, ওর চেয়েও বড় আর সিল্কি চুল আছে লুসিয়ার। লুসিয়াকে প্রেমের প্রস্তাব দেয়। লুসিয়া রাজি হয়। কিন্তু লুসিয়া আসলে গুন্ডা পার্টির মেয়ে। সেটা জেসন টের পেয়ে ওকে গুলি করে মেরে ফেলে। তারপর চিৎ হয়ে নিজেও কাঁদতে থাকে। কিন্তু সেই দুঃখ দর্শকের হৃদয় স্পর্শ করার আগেই আইটেম সং শুরু হয়ে যায়।
৪। লুসিয়া আর জেসন ছোট থেকেই একটা প্রযুক্তিবিহীন মূর্তিফোন ব্যবহার করে। সেটার ব্লুটুথে অন্য কেউ কানেক্টেড হতে পারে না। লুসিয়ার বাবা ব্যাপারটা ধরে ফেলে। লুসিয়া তখন বলে, ফোন ভাঙলেও আমার মন থেকে জেসনকে মুছতে পারবেন না। আমার সব জেসনের কাছে।
জেসনকে মারার চিন্তা করেও লাভ নেই, ওর সবকিছু আমার কাছে। আমাদের দুজনকে মেরেও লাভ নেই। আমাদের সবকিছু কোথায় আছে, আমরা নিজেরাও জানি না।
লুসিয়ার বাবা পাগল হয়ে যায়। লুসিয়া আর জেসন তার সেবা করে বাকি জীবন কাটিয়ে দেয়।
৫। লুসিয়া জানে না, সে একজন নাগমণি হোল্ডার ইচ্ছাধারী নাগিন। একদিন সাপুড়ে আহমেদ শরীফ তাকে দেখে ‘লুসমা নিগাসা, নিগাসা ছারফিরা’ বলতেই লুসিয়া সাপ হয়ে যায়। সাপুড়ে তাকে আটক করে নিয়ে যায়। এদিকে জেসন টের পায়, তার ফেটেড নাগিন বন্দী। সে ছদ্মবেশে সাপুড়ের মেয়েকে উইচ্যাটে পটিয়ে প্রেমের টানে সেখানে চলে আসে। লুসিয়াকে উদ্ধার করে। তারা দুজন নাগমণি নিয়ে গর্তে চলে যায়, সুখে-শান্তিতে বসবাস শুরু করে।



পাঠকের মন্তব্য